ঈদে সুমনা হক
ঈদে টিভির পর্দায় দেখা যাবে একসময়ের জনপ্রিয় সংগীতশিল্পী সুমনা হককে। চ্যানেল নাইন এবার ঈদের জন্য সুমনা হককে নিয়ে তৈরি করেছে অনুষ্ঠান ‘এ মধু গুঞ্জনে’। তাতে থাকছে সুমনা হকের জীবন নিয়ে গল্প, তাঁর গাওয়া গান—‘মাঝে কিছু বছর গেল’, ‘মায়াবী এ রাতে’, ‘সুন্দর তুমি এসেছো’ এবং রবীন্দ্রসংগীত ‘নিশিত রাতের বাদলধারায়’। উপস্থাপনা করেছেন হাসান আবিদুর রেজা। ৯ জুলাই ধারণ করা হয় অনুষ্ঠানটি। প্রযোজনা করেছেন মাহফুজুর রহমান। অনেক দিন হলো নতুন কোনো গান করছেন না সুমনা হক। আধুনিক গানের দুটি অ্যালবাম মায়াবী এ রাতে এবং মাঝে কিছু বছর গেল বেরিয়েছে অনেক বছর হলো। বছর দুয়েক আগে বেরিয়েছে তাঁর গাওয়া রবীন্দ্রসংগীত নিয়ে অ্যালবাম তুমি রবে নীরবে। কণ্ঠ দিয়েছেন অসংখ্য জিঙ্গেলে। সুমনা হক এখন আছেন যুক্তরাষ্ট্রে।সম্প্রতি সুমনা হক জানান, মাঝে কিছুদিন অসুস্থতা আর পরে ছবি আঁকা নিয়ে ব্যস্ততার কারণে নতুন কোনো গান গাওয়া হয়নি তাঁর। গত বছরের অক্টোবর মাসে বেঙ্গল শিল্পালয়ে তাঁর একক চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এবার যুক্তরাষ্ট্রেও তাঁর আঁকা চিত্রকর্ম নিয়ে আরেকটি প্রদর্শনী হওয়ার কথা রয়েছে।