ঈদ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ব্যস্ত হয়ে পড়েছে যাত্রার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা। ব্যবস্থাপকেরা ছুটে বেড়াচ্ছেন বায়না ধরার কাজে। আর পালা নির্দেশক মহড়াবাড়িতে দল নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন। ঈদের রাত থেকেই যাত্রা নিয়ে ব্যস্ত থাকতে চান দলের মালিকেরা। ঈদের প্রস্তুতি নিচ্ছে সাতক্ষীরার প্রতিমা অপেরা ও দিগ্বিজয়ী অপেরা, খুলনার রাজমহল অপেরা, সুন্দরবন অপেরা, শিরিন অপেরা, আঁখি অপেরা, স্বদেশ অপেরা, পূজা অপেরা, আরতি অপেরা ও নিউ রংমহল অপেরা, যশোরের অগ্রগামী নাট্য সংস্থা, অগ্রগামী যাত্রা ইউনিট ও চ্যালেঞ্জার অপেরা, মাগুরার চৈতালী অপেরা, কানসাটের রাজলক্ষ্মী অপেরা, দিনাজপুরের ভোলানাথ যাত্রা সম্প্রদায়, আদি বঙ্গশ্রী অপেরা, নাটোরের বলাকা অপেরা, বাসন্তী অপেরা ও পদ্মা অপেরা, মানিকগঞ্জের দোয়েল অপেরা, লক্ষ্মীপুরের কেয়া যাত্রা ইউনিট, নারায়ণগঞ্জের আশানুর অপেরা ও ব্রাহ্মণবাড়িয়ার তিতাস অপেরা।
যাত্রাদলগুলো দর্শকপ্রিয় পালার দিকেই বেশি জোর দিচ্ছে। এর মধ্যে রয়েছে মা মাটি মানুষ, মানবী দেবী, ডাইনী বধূ, নিহত গোলাপ, চরিত্রহীন, জেল থেকে বলছি, কোন এক গাঁয়ের বধূ, জীবন এক জংশন, মিলন মালা, দেবী সুলতানা, কোহিনূর, আনারকলি, রক্ত দিয়ে কিনলাম ও নবাব সিরাজউদৌলা। এ ছাড়া গীতিনাট্য দলে থাকছে সাগর ভাসা, গুনাই বিবি, মহুয়া, মলুয়া, রাখাল বন্ধু, আলোমতি, রূপবান, লাইলি মজনু, শিরি ফরহাদ। এগুলোর সঙ্গে নতুন পালা থাকছে ঢাকা জ্বলছে, ফকির মজনু শাহ, সুজন বেদের ঘাট, সতী করুণাময়ী, হাতেম তাই, বাঘা যতিন আসছে, শতাব্দীর মহানায়ক।