ঈদে হলের হালচাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের ছায়াবাণীতে ঈদের দিন অনেক দর্শক থাকলেও পরে ক্রমেই দর্শক কমেছে। ছবি: প্রথম আলো
ময়মনসিংহের ছায়াবাণীতে ঈদের দিন অনেক দর্শক থাকলেও পরে ক্রমেই দর্শক কমেছে। ছবি: প্রথম আলো

এবারের ঈদে দেশজুড়ে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। বছরজুড়ে দর্শকখরা কাটিয়ে এই উৎসবের সময়টায় আশায় বুক বাঁধেন হলমালিকেরা। ঈদের ছবিগুলো সেই আশা কতটা পূরণ করতে পেরেছে, তা জানতেই দেশের বিভিন্ন বিভাগীয় শহরের প্রেক্ষাগৃহে ঢুঁ মেরেছেন প্রথম আলোর প্রতিনিধিরা। ধারাবাহিকভাবে ঈদের ছবির প্রথম তিন দিনের ব্যবসার চিত্র তুলে ধরা হচ্ছে। আজ শেষ পর্বে থাকছে ময়মনসিংহ, বরিশাল, রাজশাহী, রংপুর, সিলেট, খুলনা ও বগুড়ার প্রেক্ষাগৃহের খবর।

ময়মনসিংহ
বিশ্বকাপে ঈদের চলচ্চিত্রে মন্দা
কামরান পারভেজ, ময়মনসিংহ
ময়মনসিংহের তিনটি প্রেক্ষাগৃহে এবার ঈদে মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র। দর্শকসমাগম মোটামুটি হলেও হলমালিক ও প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা সন্তুষ্ট নন। বিশ্বকাপের জন্য হলগুলোতে আশানুরূপ দর্শক নেই বলে জানা গেছে।
ছায়াবাণী সিনেমা হলে চলছে সুপার হিরো। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধি মো. আনোয়ার হোসেন বলেন, হাউসফুল না হলেও ঈদের দিনে প্রথম দুটি প্রদর্শনীতে সন্তোষজনক দর্শক উপস্থিতি ছিল। কিন্তু সন্ধ্যায় বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনার খেলা থাকায় কম দর্শক হয়। দর্শক ক্রমেই কমছে বলে জানান তিনি।
পূরবী সিনেমা হলে মুক্তি পেয়েছে পাঙ্কু জামাই। প্রযোজনা প্রতিষ্ঠানের প্রতিনিধি কিতাব আলী বলেন, ‘দীর্ঘদিন পর শাকিব-অপুর নতুন ছবি ঈদে মুক্তি পাওয়ায় আমরা আশা করেছিলাম দর্শক উপচে পড়বে। সে তুলনায় দর্শক নেই।’
এদিকে সেনা অডিটরিয়ামে মুক্তি পাওয়া চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া দেখতেও আশানুরূপ দর্শক আসছেন না।

বরিশাল
দর্শকেরা আবার হলমুখী
এম জসীম উদ্দীন, বরিশাল
বরিশালের অভিরুচি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। ঈদে মুক্তি পাওয়ার পর ছবিটি দেখার জন্য প্রতিদিন সিনেমা হলটি দর্শকসমাগমে সরব থাকছে।
প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ বলছে, কয়েক বছর সিনেমা হল থেকে দর্শকেরা মুখ ফিরিয়ে নিলেও বর্তমানে অবস্থা কিছুটা ভিন্ন। ছবির মান ও কাহিনি ভালো হওয়ায় দর্শকেরা আবার হলমুখী হচ্ছেন। পিয়াস রহমান নামের একজন দর্শক বলেন, ‘পরিবারের সদস্যদের নিয়ে ছবি দেখতে এসেছি। ভালো লেগেছে। মানসম্মত ছবি হলে আবার দর্শকেরা হলে ফিরবেন, এতে সন্দেহ নেই।’
অভিরুচি সিনেমা হলের ব্যবস্থাপক সৈয়দ রেজাউল কবির হোসেন বলেন, ‘আমরা প্রতিবছরই ঈদের সময় আশায় থাকি একটি ভালো ছবির। আমরা দর্শকদের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি।’

রাজশাহী
অভিজাত শ্রেণি হলে আসেনি
আবুল কালাম মুহম্মদ আজাদ, রাজশাহী
রাজশাহী নগরের একমাত্র সিনেমা হল উপহারে ঈদে আর উপচে পড়া ভিড় ছিল না। দর্শকদের বেশির ভাগই একটি বিশেষ শ্রেণির। কেউ দোকানি, কেউ হোটেলমালিক, কেউ ট্রাকচালক। কিছু কলেজছাত্র পাওয়া গেছে, তাঁরা পড়াশোনার পাশাপাশি ব্যবসা করেন।
উপহার সিনেমা হলের আসনসংখ্যা ১ হাজার ৫। ঈদের সময় ‘হাউসফুল’ দর্শক হয়। এবারের ঈদে তেমনটি হয়নি। হলের ব্যবস্থাপক তপন কুমার দাস বলেন, ‘মনে হচ্ছে, শহরের অভিজাত শ্রেণির কোনো লোক হলে আসেননি। বাইরে থেকে ট্রাক বা ভটভটি ভাড়া করে যাঁরা সিনেমা দেখতে আসেন, তাঁরাই এবারের দর্শক।’ তিনি বলেন, ঈদের পরের দিন সবচেয়ে বেশি দর্শক হয়েছিল। তা-ও কিছু আসন খালি ছিল। গত মঙ্গলবার বিকেলের প্রদর্শনী ভালো হয়েছিল। তবু হাউসফুল হয়নি। এই হলে চলছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া।
হলের সামনে কথা হয় রাজশাহীর কাটাখালীর হোটেলমালিক আরিফুল ইসলামের সঙ্গে। তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে সিনেমা দেখতে এসেছেন। নগরের মিজানের মোড় থেকে এসেছিলেন ট্রাকচালক সজল, দোকানি কাজল। সবাই বললেন, ছবি ভালো লেগেছে।

রংপুর
প্রেক্ষাগৃহে তরুণদের ভিড়
আরিফুল হক, রংপুর
ঈদে রংপুরের একমাত্র সিনেমা হল শাপলায় তরুণ দর্শকদের উপচে পড়া ভিড় ছিল। ঈদে সকাল থেকে রাত পর্যন্ত চারটি শোতেই হলের সব আসন পূর্ণ থেকেছে। হলটিতে মুক্তি পেয়েছে সুপার হিরো ছবিটি।
সিনেমা হল কর্তৃপক্ষ জানায়, প্রায় ৮০০ আসনবিশিষ্ট হলটি ঈদের কয়েক দিন পরিপূর্ণ ছিল। এবার সিনেমা হলে তরুণ দর্শকের উপস্থিতি বেশি।
ঈদের দিন সরেজমিনে দেখা যায়, দর্শকেরা লাইন ধরে হলে প্রবেশ করেন। হল কর্তৃপক্ষ অগ্রিম টিকিট বিক্রি করায় সিনেমা শুরুর আগে টিকিট কাটা দর্শকের কিছুটা ভিড় কম হয়েছে। পুরুষ দর্শকের পাশাপাশি নারী দর্শকেরাও এসেছেন। এসেছেন বন্ধুরা মিলে দল বেঁধে।
কথা হয় কয়েকজন দর্শকের সঙ্গে। কারমাইকেল কলেজের শিক্ষার্থী লায়লা আক্তার বলেন, ‘আমরা ২০ জন বন্ধু দল বেঁধে বড় পর্দায় ছবি দেখতে এসেছি। এভাবে কখনো একসঙ্গে হওয়াও যায় না।’
শহরের বাবু খাঁ এলাকার সুরুজ মিয়া বলেন, ‘হলে সিনেমা দেখার মজা সন্তানদের না দেখালে হয়তো একদিন সিনেমা হলই ভুলে যাবে তারা।’
হলের ব্যবস্থাপক শাহাবুদ্দিন বলেন, এখন নতুন নতুন ভালো ছবি নির্মিত হচ্ছে। ভালো ছবি হলে দর্শক সিনেমা হলে আসবেন।

সিলেট
ব্ল্যাকে টিকিট বিক্রি
মানউবী সিংহ, সিলেট
ফুটবল বিশ্বকাপেও ভাটা পড়েনি সিলেটের সিনেমাপাড়ায়। দর্শকপূর্ণ ছিল সিলেটের দুটি সিনেমা হল। হল কর্তৃপক্ষ জানায়, ঈদের মৌসুমে বিশ্বকাপ শুরু হওয়ায় দর্শকদের নিয়ে প্রথম দিকে কিছুটা শঙ্কা ছিল। কিন্তু দর্শকসমাগম দেখে সেটি কেটে গেছে।
সিলেটে ছয়টি সিনেমা হলের মধ্যে এখন টিকে রয়েছে একমাত্র নন্দিতা সিনেমা হল। এ ছাড়া নগরের আখালিয়ায় বিজিবি ও বটেশ্বর এলাকায় সৈনিক অডিটরিয়াম সিনেমা হল সচল রয়েছে। ঈদে হল দুটিতে ঘুরে দেখা গেছে, হলগুলোর দর্শকদের বেশির ভাগ কিশোর ও যুবক। পরিবারের সঙ্গেও ছবি দেখতে আসেন বেশ কয়েকজন। তাঁদের সংখ্যা অবশ্য হাতে গোনা।
নন্দিতায় চলছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া আর বিজিবি অডিটরিয়ামে সুপার হিরো। গত সোমবার নন্দিতা হলের বাইরে ব্ল্যাকে টিকিট বিক্রির হাঁকডাক শোনা গেল। কাউন্টারে টিকিট ৪০-৫৫ টাকায় বিক্রি হলেও ব্ল্যাকাররা বিক্রি করছেন ১০০-১৫০ টাকায়। দীর্ঘ লাইনে না দাঁড়িয়ে অনেকেই তাঁদের কাছে টিকিট কিনেছেন।
নন্দিতার ব্যবস্থাপক মোস্তফা চৌধুরী জানান, এবারের ঈদে বিশ্বকাপ ফুটবলের জন্য নতুন ছবি আনতে গিয়ে কিছুটা সংশয় ছিল। তবে কয়েক দিনের দর্শকসমাগম দেখে সে সংশয় দূর হয়েছে।

খুলনা
দর্শকহীন সিনেমা হল
শেখ আল-এহসান, খুলনা
ঈদ উপলক্ষে খুলনা নগরের ছয়টি সিনেমা হলে চলছে তিনটি ছবি। ঈদের প্রথম দিকে বেশ দর্শক থাকলেও পরের দিকে দর্শক নেই বললেই চলে। যাঁরা ছবি দেখছেন, তাঁদের বেশির ভাগই ১৮ থেকে ২৫ বছরের তরুণ।
শঙ্খ সিনেমা হলে চলছে সুপার হিরো ছবিটি। একই ছবি চলছে চিত্রালি সিনেমা হলেও। সোসাইটি সিনেমা হলে চলছে পুরোনো ছবি আমি নেতা হব। এ ছাড়া সংগীতা সিনেমা হলে চলছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া। একই ছবি চলছে লিবার্টি, জনতা ও নাগমা সিনেমা হলেও।
ঈদের দুই দিন পর সোমবার বিকেলে কয়েকটি সিনেমা হল ঘুরে দেখা গেছে, দর্শক প্রায় নেই। যাঁরা আছেন, বেশির ভাগই শহরের বাইরের। পরিবার নিয়ে এসেছেন, এমন কোনো দর্শক চোখে পড়েনি।
শঙ্খ সিনেমা হলে কর্মরত মো. মনিরুজ্জামান বলেন, হলের ধারণক্ষমতা এক হাজার। ঈদের দিন প্রথম শোতে প্রায় ৮০০ দর্শক হয়েছিল। দর্শকের চাপ ছিল পরদিন রোববারও। তবে সোমবার থেকে দর্শক কমতে শুরু করেছে। সোসাইটি সিনেমাতে সোমবার দুপুরের শোতে দর্শক হয়েছেন মাত্র ২০ জন। হলের ধারণক্ষমতা ৫৫০। সংগীতার ধারণক্ষমতা ৮০০। ঈদের দিন ৬০০-এর বেশি দর্শক হলেও দুই দিন পরেই দর্শক কমে যায়। হলের কাউন্টারম্যান নাসির উদ্দীন মনে করেন, একই ছবি তিনটি সিনেমা হলে চলায় দর্শক কম।
চিত্রালি সিনেমা হলের ব্যবস্থাপক তপু খান মুঠোফোনে বলেন, ঈদের প্রথম দুই দিন তাঁর হলে ব্যাপক দর্শকসমাগম ছিল। কিন্তু গত সোমবার হঠাৎই দর্শক কমে গেছে। গরম পড়ার কারণেই দর্শক কমছে।

বগুড়া
বিশ্বকাপ ফুটবল উন্মাদনার রেশ
আনোয়ার পারভেজ, বগুড়া
গত এক দশকে দর্শকখরায় একের পর এক বন্ধ হয়ে গেছে বগুড়া শহরের সাত প্রেক্ষাগৃহ। এখন সচল একমাত্র সিনেমা হল সোনিয়া। এই প্রেক্ষাগৃহে একসঙ্গে বসতে পারেন ৮০০ দর্শক। ঈদ উপলক্ষে এখানে চলছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া।
সোনিয়া সিনেমা হলের ব্যবস্থাপক নুরন্নবী রতন বলেন, ঈদের দিনে প্রথম দুই শোতে হাউসফুল হলেও এখন দর্শক কম। বিশ্বকাপ ফুটবলের কারণে রাতের শো দর্শকশূন্য। এক-তৃতীয়াংশ আসন খালি পড়ে থাকছে। ঈদে ব্যবসায় এমন মন্দাভাব অতীতে কখনো হয়নি।
হল ব্যবস্থাপকের বক্তব্যের প্রমাণ মিলল ঈদের দুই দিন পর সোমবার বেলা তিনটার শোতে। সোফা, বিলাস, শৌখিন শ্রেণির অধিকাংশ আসন ফাঁকা। পর্দার কাছাকাছি আনন্দ শ্রেণিতে নিম্ন আয়ের কিছু দর্শকে অর্ধেক আসন পূর্ণ। গোটা হলে মাত্র দুজন নারী দর্শক।
আশিক আলম নামের একজন দর্শক ক্ষুব্ধ কণ্ঠে বলেন, বাংলা ছবির এই দুর্দিনের জন্য সিনেমা হলের পরিবেশ আর মানহীন ছবিই দায়ী। ভ্যাপসা গরমে এখানে টেকা যায় না। হলের ভেতরে বাজে গন্ধ। আছে ছারপোকার কামড়ের ভয়। হলের পরিবেশ পরিচ্ছন্ন হলে, ভালো ছবি প্রদর্শিত হলে আবারও দর্শক সপরিবারে আসবেন।
এদিকে ঈদের দিন বগুড়ার পাঁচ তারকা হোটেল মম ইনে মুভি থিয়েটার কাম মিনি সিনেপ্লেক্সে শুভমুক্তি দেওয়া হয়েছে জাজ মাল্টিমিডিয়ার ছবি পোড়ামন ২। শহরজুড়ে মাইকিং করে এ ছবির প্রচারণা চালানো হয়েছে। সিয়াম আহমেদ ও পূজা চেরি অভিনীত এই ছবি দেখতে ঈদের দিন থেকেই দর্শক হুমড়ি খেয়ে পড়েছেন বলে জানিয়েছেন হোটেল মম ইনের স্বত্বাধিকারী হোসনে আরা।