ঈদে হানিফ সংকেতের ঠিক ঠিকানা
এটিএন বাংলা কর্তৃপক্ষের অনুরোধে গত তিন বছরে প্রখ্যাত নির্মাতা হানিফ সংকেত নির্মাণ করেছেন নাটক—শেষে এসে অবশেষে, তথাবৃত যথাকার, ফিরে আসে ফিরে আসা, তোষামোদে খোশ আমোদে ও আয় ফিরে তোর প্রাণের বারান্দায়। এবারের ঈদেও হানিফ সংকেত ঈদ অনুষ্ঠানমালায় এটিএন বাংলার জন্য ঠিক ঠিকানা নামের একটি নাটক নির্মাণ করেছেন। একজন সহজ-সরল মফস্বল ডেকোরেটরকে ঘিরেই তৈরি হয়েছে ঠিক ঠিকানার গল্প। নাটকে দেখা যাবে গ্রামের বিভিন্ন অনুষ্ঠানে গেট নির্মাণ, প্যান্ডেল তৈরি ও খাওয়া-দাওয়ার ব্যবস্থা করে তারা মিঞা ডেকোরেটর। তারা মিঞাকে গ্রামের সবাই ভালোবাসে। গ্রামের বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করতে গিয়ে তারা মিঞার সঙ্গে পরিচয় হয় গ্রামের চঞ্চল তরুণী ঝুমুরের সঙ্গে। তারা মিঞা ডেকোরেটরের নানা কাজের মধ্যে ঝুমুরের সঙ্গে ঘটে যাওয়া নানা ঘটনাকে কেন্দ্র করে ঠিক ঠিকানার গল্প তৈরি করা হয়েছে। সবাইকে সব সময়ই তার আসল মানুষকে খুঁজে নিতে হয়, যার কাছে সে খুঁজে পায় তার ঠিক ঠিকানা। নাটকটির মাধ্যমে চমত্কারভাবে এই বক্তব্যটি তুলে ধরা হয়েছে। এই নাটকে অভিনয় করেছেন বেশ কয়েকজন তারকা শিল্পী। ডেকোরেটরের চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী এবং ঝুমুরের চরিত্রে অভিনয় করেছেন তারিন। হানিফ সংকেতের রচনা ও পরিচালনায় ঠিক ঠিকানায় আরও অভিনয় করেছেন—সাজু খাদেম, জিনিয়া খন্দকার, রহমত আলী, ফারুক আহমেদ, আফজাল শরীফ, তুষার খান, নাজমুল হুদা বাচ্চু, সোলায়মান খোকা, সুভাশিষ ভৌমিক, কামাল বায়েজিদ, মিনারা জামান, শিরীন আলম, নজরুল ইসলাম, মতিসহ আরও অনেকে।ঠিক ঠিকানা নাটকটি ঈদের দিন রাত ৮:৫০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে।