ঈদে হুমায়ূন আহমেদের নতুন টেলিছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নন্দিত কথাসাহিত্যিক ও নির্মাতা হুমায়ূন আহমেদের লেখা শেষ গল্প ও চিত্রনাট্যে টেলিছবি ‘যদি ভাল না লাগে তো দিও না মন’ ঈদুল ফিতরে চ্যানেল আইয়ে প্রচার করা হবে। ইমপ্রেস টেলিফিল্মের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত টেলিছবিটি পরিচালনা করেছেন রায়হান খান। এতে অভিনয় করেছেন নোবেল, পূর্ণিমা, মাসুদ আখন্দ, সুইস মডেল ও অভিনেত্রী জেনিন ডমেনিক অ্যালেরি প্রমুখ। টেলিছবিটির দৃশ্য ধারণ করা হয়েছে সুইজারল্যান্ডের লুসান শহর, লেক লেমনসহ বিভিন্ন মনোরম লোকেশনে।হুমায়ূন আহমেদ গত মে মাসে মাত্র ২০ দিনের জন্য দেশে এসে ইমপ্রেস টেলিফিল্মের জন্য ‘যদি ভাল না লাগে তো দিও না মন’ নামের বিশেষ এ চিত্রনাট্যটি লিখেছিলেন। এটিই ছিল তাঁর লেখা শেষ চিত্রনাট্য। ওই সময় হুমায়ূন আহমেদ তাঁর পরিবার, বন্ধুবান্ধব ও শুভানুধ্যায়ীদের নিয়ে উপভোগ করেন তাঁর জীবনের শেষ চলচ্চিত্র ‘ঘেটুপুত্র কমলা’র বিশেষ প্রদর্শনী। এরপর চিকিত্সার জন্য আবার নিউইয়র্কে চলে যান। সেখানে তিনি ১৯ জুলাই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।‘যদি ভাল না লাগে তো দিও না মন’ টেলিছবির গল্পে দেখা যাবে, দেশের খ্যাতনামা মডেল ও অভিনেত্রী নীলা (পূর্ণিমা)। তাঁর স্বামী নাঈম (নোবেল)। নীলাকে প্রচণ্ড ভালোবাসেন নাঈম। তার পরও নীলার একটাই আক্ষেপ যে বিয়ের আগে ইউরোপে অধ্যয়নরত অবস্থায় নাঈমের প্রেম ছিল অসাধারণ রূপবতী সুইসকন্যা ইরিনার (জেনিন) সঙ্গে। নীলা ও নাঈমের বিয়ের রাতেই আত্মহত্যা করেন ইরিনা। নিজের অবুঝ মনে নাঈমের ভালোবাসা বুঝতে না পেরে তাঁকে ডিভোর্স দেন নীলা। পরবর্তী সময়ে একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিতে নীলা সুইজারল্যান্ড যান। সেখানে গিয়ে তাঁর অবচেতন মনে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। কখনো চলে আসে আত্মহত্যারত ইরিনা, আবার কখনো চলে আসে নাঈম ও ইরিনার প্রণয়।