ঈদে হুমায়ূন আহমেদের পাঁচটি নাটক তিনটি চ্যানেলে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এবার ঈদে আমার পাঁচটি নাটক তিনটি চ্যানেলে দেখানো হবে। এর মধ্যে চ্যানেল আইয়ের দুটির কাজ হয়ে গেছে। ওই দুটির নাম নিশিকাব্য ও রেলগাড়ি ঝমাঝম। চ্যানেল আইয়ের জন্য আমার লেখা আরেকটি নাটক তৈরি করছেন শাওন। ওটার নাম চৌধুরী খালেকুজ্জামানের বিশ্বরেকর্ড। আর এটিএন বাংলার নওয়াজিশ আলী খান আমার বন্ধু মানুষ। তাঁর অনুরোধ ফেলতে পারি না। তাই এটিএন বাংলার জন্য লিখছি স্বর্ণকলস। এ ছাড়া বাংলাভিশনের জন্যও একটা করব, জুতার বাক্স। এই তিনটির শুটিং এর মধ্যেই করব।’ বললেন হুমায়ূন আহমেদ। এই নাটকগুলোর মধ্যে নিশিকাব্য নাটকটি হুমায়ূন আহমেদের নিজের কাছে ভালো লেগেছে। কারণ জানতে চাইলে বললেন, ‘আমার চাকরিজীবনের শুরুটা হয়েছিল ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ে। তখন কাজের পরে ব্রহ্মপুত্র নদের পারে একা একা হাঁটতাম। ওই হাঁটাহাঁটির সময়ই নিশিকাব্য গল্পের ভাবনাটা মাথায় আসে। একটা রাতের গল্প। নিজের কাছেও খুব ভালো লেগেছে। তাই নাটকটাও সেভাবেই তৈরি করেছি।’হুমায়ূন আহমেদের নাটকগুলোতে এবার কোনো নতুনত্ব থাকছে? একটু হেসে তিনি বললেন, ‘অন্য কেউ হলে হয়তো অনেক কিছু বলত। কিন্তু আমি বলব, নিজের প্যাটার্ন থেকে বের হওয়া খুব কঠিন। আর আমিও গণ্ডির ভেতরেই থাকব।’