ঈদে হুমায়ূনের শেষ গান নিয়ে কিশোর-কোনাল
টেলিছবির পর এবারের ঈদে হুমায়ূন আহমেদের লেখা শেষ গানটি নিয়ে দর্শকদের সামনে হাজির হবেন কিশোর ও কোনাল। চ্যানেল নাইনের জন্য নির্মিত নাম ঠিক না হওয়া গানের অনুষ্ঠানটির শুটিংয়ে গতকাল অংশ নেন তাঁরা।এর আগে সদ্য প্রয়াত নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের লেখা শেষ গান ‘ঠিকানা আমার নোট বুকে আছে, নোট বুক নেই কাছে/ তিন নম্বর ভূতের গলি, এই টুক মনে আছে/ ১১৩ আইনস্টাইন রোড, এই টুক মনে আছে/’ চ্যানেল আইয়ের জন্য নির্মিত ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ টেলিছবিতে ব্যবহূত হয়েছে। ইমন সাহার সুর ও সংগীত পরিচালনায় হুমায়ূন আহমেদের লেখা শেষ গানটিতে কণ্ঠ দিতে পেরে কিশোর ও কোনাল দুজনই নিজেদের সৌভাগ্যবান মনে করছেন।প্রথম আলো ডটকমকে কিশোর বলেন, ‘টেলিছবিতে গানটি করার পর এবার ঈদে গানের অনুষ্ঠানেও গানটি করলাম। সত্যি বলতে, হুমায়ূন আহমেদ স্যারের মতো এত বড় গুণী মানুষের কথায় গান করব, কখনো ভাবিনি। এটা আমার সংগীতজীবনের উল্লেখযোগ্য ঘটনার একটি। টেলিছবি ও ঈদের অনুষ্ঠানে গাওয়ার পর পরিচিত অনেকেই গানটির বেশ প্রশংসা করেছেন। ভাবছি এখন থেকে নিয়মিত বিভিন্ন মঞ্চে গানটি গাইব।’এ প্রসঙ্গে কোনাল বলেন, ‘হুমায়ূন আহমেদ স্যারের গান করতে পারাটা জীবনের বিশেষ মুহূর্তগুলোর মধ্যে একটি। আমি খুবই সৌভাগ্যবান যে এ প্রজন্মের হয়ে তাঁর কথার গানে কণ্ঠ দিতে পেরেছি।’কোনাল আরও বলেন, ‘আমার খুবই ইচ্ছা ছিল হুমায়ূন আহমেদ স্যারের নাটকে অভিনয় করার। কিন্তু সে সুযোগটা অবশ্য হয়নি। তবে বাংলাদেশের এত বড়মাপের একজন গীতিকবির কথায় গাইতে পারাটাও কিন্তু কম সৌভাগ্যের নয়।’সুইজারল্যান্ডে চিত্রায়িত রায়হান খানের পরিচালনায় ‘যদি ভালো না লাগে তো দিও না মন’ টেলিছবির অভিনয়শিল্পীরা হলেন নোবেল ও পূর্ণিমা।