ঈদে ৩১৬টি প্রেক্ষাগৃহে তিন ছবি
এবার ঈদে তিনটি ছবি মুক্তি পেয়েছে—মান্নান গাজীপুরী পরিচালিত ‘রংবাজ’, সাহাদত হোসেন লিটন পরিচালিত ‘অহংকার’ ও জাহাঙ্গীর আলম সুমনের ‘সোনাবন্ধু’। জানা গেছে, গতকাল শনিবার ঈদের দিন দেশের ৩১৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ছবি তিনটি। ১৬৩টি হলে মুক্তি পেয়েছে ‘রংবাজ’, ১১৮টি প্রেক্ষাগৃহে ‘অহংকার’ আর ৩৫টি হলে মুক্তি পেয়েছে ‘সোনাবন্ধু’। ‘রংবাজ’ ও ‘অহংকার’ ছবির নায়ক-নায়িকা শাকিব খান ও বুবলী, ‘সোনাবন্ধু’ ছবিতে অভিনয় করেছেন ডি এ তায়েব, পপি, পরীমনি প্রমুখ।
পরিবেশক সূত্রে জানা গেছে, ঈদের দিন প্রেক্ষাগৃহগুলোয় মর্নিং শোসহ চারটি প্রদর্শনী হয়েছে। ঈদুল আজহার দিন ছবি দেখতে প্রেক্ষাগৃহগুলোয় দর্শকের তেমন একটা উপস্থিতি থাকে না। তবে আজ রোববার থেকে দর্শক উপস্থিতিতে প্রেক্ষাগৃহগুলো জমে উঠবে বলে আশা করছেন ছবির প্রযোজক আর পরিচালকেরা। ‘অহংকার’ ছবির পরিচালক সাহাদত হোসেন লিটন বলেন, ‘এই ঈদে কোরবানি নিয়ে সবাই ব্যস্ত থাকেন। সকালের শোতে তেমন দর্শক হয় না। রাতের শোতে কিছু দর্শক হয়। আশা করছি, আজ থেকে সিনেমা দেখতে দর্শকে ভরে উঠবে বিভিন্ন প্রেক্ষাগৃহ।’