ঈদে ‘টেলিভিশন’ ছবির গানের অ্যালবাম
মোস্তফা সরয়ার ফারুকীর নতুন ছবি টেলিভিশন-এর গানের অডিও অ্যালবাম আসছে এবারের রোজার ঈদে। ছবির গানগুলো এরই মধ্যে তৈরি হয়েছে। ফারুকী বললেন, ‘ছবির গানগুলোতে মেলোডি আর সুফি ঘরানার মিশেল থাকছে। গান লেখা, সুর করা এবং শিল্পী নির্বাচনের ক্ষেত্রে নতুন আর পুরাতনের জুতসই সম্মিলন ঘটানোর চেষ্টা করেছি। নতুন মেলোডি, নতুন আওয়াজ আর নতুন গায়কী পাওয়া যাবে এই গানগুলোতে। আশা করছি, বছর শেষে গানগুলো শ্রোতাদের পছন্দের তালিকার শীর্ষে থাকবে।’ ছবির উল্লেখযোগ্য গান হলো—‘কানামাছি’, ‘ভাবনার রেলগাড়ি’, ‘আয়নামহল’, ‘হাওয়ার আবহাওয়া’ ও ‘গোলমাল’। লিখেছেন কবির বকুল, মারজুক রাসেল, সুমী (চিরকুট), সোমেশ্বর আলী ও রবিউল ইসলাম। সুর ও সংগীত পরিচালনা করেছেন আইয়ুব বাচ্চু, হূদয় খান ও চিরকুট। গানগুলোতে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, হূদয় খান, মিলন মাহমুদ, চিরকুট এবং লুৎফর হাসান। টেলিভিশন ছবির চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন আনিসুল হক ও মোস্তফা সরয়ার ফারুকী। চিত্রনাট্যটি এর আগে এশিয়ান সিনেমা ফান্ড ও গোটেবার্গ ফিল্ম ফান্ড জিতেছে। ছবিতে অভিনয় করছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী ও তিশা।