ঈদে 'পদ্ম পাতার জল'

ঈদে মুক্তি পেতে যাচ্ছে ইমন ও মিম অভিনীত ছবি পদ্ম পাতার জল। সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি রেস্তোরাঁয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ছবিটি মুক্তির ঘোষণা দেওয়া হয়।
পদ্ম পাতার জল ছবির প্রযোজনা প্রতিষ্ঠান ট্রাইপড স্টুডিওর এটিই প্রথম চলচ্চিত্র। অনুষ্ঠান থেকে ছবিটির দুই মাসব্যাপী প্রমোশনাল ক্যাম্পেইনও উদ্বোধন করা হয়। একই সঙ্গে ছবিটির ওয়েবসাইট ও ফেসবুক পেজ সবার জন্য উন্মুক্ত করা হয়।
ছবির পরিচালক তন্ময় তানসেন বলেন, পদ্ম পাতার জল ছবিটি তাঁর জীবনের অনেক বড় একটি পাওয়া। তিনি ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান সব সময় তাঁর পাশে থাকার জন্য।
অভিনেতা তারিক আনাম খান বলেন, ‘এই চলচ্চিত্রের মাধ্যমে বাংলা চলচ্চিত্র একটি নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে।’
ছবির কাহিনি ও সংলাপ রচয়িতা লতিফুল ইসলাম শিবলী বলেন, ‘এ ছবির গানগুলো এমনভাবে তৈরি করা হয়েছে, আমি নিশ্চিত যে এ গানগুলো বাংলাদেশের শহর-বন্দর-গ্রামে-গঞ্জে ছড়িয়ে যাবে।’ অনুষ্ঠানে শুভেচ্ছা জানাতে উপস্থিত হয়ে চিত্রনায়িকা শাবনূর বলেন, ‘আমি শুনেছি, পদ্ম পাতার জল ছবিটি অনেক ভালো হয়েছে। নির্মাণের ক্ষেত্রে অনেক যত্ন নেওয়া হয়েছে। সবকিছু শুনে মনে হয়েছে, আমি যদি ছবিটিতে অভিনয় করতে পারতাম! যাই হোক, ছবিটির পাশাপাশি এর প্রধান দুই অভিনয়শিল্পী মিম ও ইমনের জন্য শুভকামনা রইল।’
অনুষ্ঠানে ছবিটির সঙ্গে সংশ্লিষ্ট কলাকুশলী ও সংগীতশিল্পীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন ছবির প্রধান দুই অভিনয়শিল্পী ইমন ও মিম।