ঈদে 'মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানের সেটে অর্ণব
‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ অনুষ্ঠানের সেটে অর্ণব

‘ফুলগুলো সব লাল না হয়ে নীল হলো কেন’—প্রশ্নটি অনেকের মাথায় ঘুরপাক না খেলেও একটি ছেলের মাথায় ঠিকই ঘুরপাক খেত। মেধাবী সেই ছেলেটির নাম অর্ণব। পুরো নাম শায়ান চৌধুরী। তবে দর্শকেরা তাঁকে অর্ণব নামেই চেনেন। এবার ঈদের আনন্দে বাড়তি মাত্রা যুক্ত করতে ছোটপর্দার বিশেষ সংগীতানুষ্ঠান ‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’ নিয়ে হাজির হচ্ছেন দেশের জনপ্রিয় এ সংগীতশিল্পী ও সংগীত পরিচালক।

গানের কথার কাব্যময়তা এবং হূদয়গ্রাহী সুর অর্ণবের গানের অন্যতম বৈশিষ্ট্য। আধুনিক, ফোক, রবীন্দ্র কিংবা পপ—বিভিন্ন ঘরানার গানে তাঁর দক্ষতা রয়েছে। এটিএন বাংলার এবারের ঈদুল ফিতরের বিশেষ অনুষ্ঠানমালায় প্রচারিত হবে অর্ণব ও তাঁর ব্যান্ড নিয়ে সাজানো সংগীতানুষ্ঠান ‘মিউজিক উইথ অর্ণব অ্যান্ড ফ্রেন্ডস’।

অনুষ্ঠানে ‘তোমার জন্য’, ‘তোর জন্য’, ‘হারিয়ে গিয়েছি’, ‘রাস্তায়’, ‘ভালোবাসা তারপর’, ‘সে যে বসে আছে একা একা’, ‘সৃজন ছন্দে’ নজরুলসংগীতসহ জনপ্রিয় কিছু গান শোনার ও দেখার সুযোগ পাবেন শ্রোতা ও দর্শকেরা। এ ছাড়া অনুষ্ঠানে থাকছে অর্ণব ও তাঁর দলের আলাপচারিতা, স্মৃতিকথা। আলাপচারিতায় উঠে এসেছে বিশ্বভারতী ক্যাম্পাসে বেড়ে ওঠা অর্ণবের জীবন, গানসহ অন্য অনেক বিষয়।

মারিয়া নুরের উপস্থাপনা এবং রুমানা আফরোজের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচারিত হবে ঈদের তৃতীয় দিন রাত ১১টা ৫০ মিনিটে।