ঈদেই বাংলাদেশে ফেলুদা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেলুদা সিরিজের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ রায়। ছবি: প্রথম আলো
ফেলুদা সিরিজের সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সন্দ্বীপ রায়। ছবি: প্রথম আলো

এবারের ঈদেই বাংলাদেশে আসছেন গোয়েন্দা ফেলুদা। সত্যজিৎ রায়ের অমর এই গোয়েন্দা কাহিনি নিয়ে টেলিভিশন ও ওয়েবের জন্য তৈরি সিরিজ দেখা যাবে আসছে ঈদুল আজহাতেই। ফেলুদার চরিত্রে এই সিরিজে অভিনয় করছেন কলকাতার অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়।

আজ বুধবার রাজধানীর একটি হোটেল আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশের টেলিভিশনে ফেলুদা সিরিজের তথ্যগুলো জানায় এ দেশে ফেলুদার স্বত্ব কেনা প্রতিষ্ঠান ক্যান্ডি প্রোডাকশনস ও টম ক্রিয়েশনস। কাহিনির জনক ও প্রখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায়-তনয় সন্দ্বীপ রায়ের কাছ থেকে ফেলুদার কয়েকটি গল্পের স্বত্ব কিনে এই সিরিজ নির্মিত হয়েছে।
প্রথম সিজনে দেখা যাবে ‘শেয়াল দেবতা রহস্য’, ‘ঘুরঘুটিয়ার ঘটনা’, ‘গোলকধাম রহস্য’ ও ‘গ্যাংটকে গন্ডগোল’। আপাতত চারটি গল্প নিয়ে কাজ হলেও পরে বাকি গল্পগুলো নিয়ের তৈরি হবে টিভি সিরিজ।

বাংলাদেশের টিভিতে ফেলুদা হচ্ছেন পরমব্রত। ফাইল ছবি
বাংলাদেশের টিভিতে ফেলুদা হচ্ছেন পরমব্রত। ফাইল ছবি

সংবাদ সম্মেলনে জানানো হয়, ঈদে চ্যানেল আইতে দেখানো হবে ‘শেয়াল দেবতা রহস্য’ ও ‘ঘুরঘুটিয়ার ঘটনা’। টেলিভিশনের পর দর্শকেরা এ দুটি পর্ব দেখতে পাবেন অনলাইনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সত্যজিৎ রায়ের সন্তান ও বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সন্দ্বীপ রায়। তিনি বলেন, ‘আমি খুবই আনন্দিত যে বাংলাদেশে ফেলুদা সম্পূর্ণ নতুনরূপে বানানো হচ্ছে। আজকের যুগের দর্শকেরা পর্দায় বিখ্যাত এই গোয়েন্দা চরিত্রটিকে দেখতে পারবেন এবং আমি বিশ্বাস করি, আগের যুগের পাঠক ও দর্শকদের মতো তাঁরাও ফেলুদা চরিত্রের আকর্ষণে বিমুগ্ধ হবেন।’
চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর ফেলুদা সিরিজকে বাংলাদেশের টেলিভিশনের সক্ষমতা বৃদ্ধির প্রমাণ হিসেবেই দেখেন, ‘গত দুই বছরে বাংলাদেশের টেলিভিশনগুলো বিনোদনমূলক অনুষ্ঠান প্রচারে অনেক এগিয়ে গেছে। আমাদের দর্শকেরা মানসম্পন্ন বিনোদন অভ্যস্ত হয়েছে এবং তাদের চাহিদাও দিন দিন বাড়ছে। এমন বিখ্যাত একটি চরিত্র নিয়ে টিভি সিরিজ বানানো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। এই উদ্যোগ প্রমাণ করে যে আমরা এখন বড় বড় সব প্রজেক্ট সাফল্যের সঙ্গে তৈরি করতে পারি এবং বিশ্বজুড়ে আমাদের দর্শকদের আমরা সেরা বিনোদন উপহার দিতে চেষ্টা করছি।’
বাংলাদেশের জন্য ফেলুদার যে গল্পগুলো বাছাই করা হয়েছে, সেখানে এই কাহিনির আরেক জনপ্রিয় চরিত্র ‘জটায়ু’র কোনো অস্তিত্ব নেই। সত্যজিৎ রায় এই গল্পগুলো লিখেছিলেন ‘জটায়ু’কে না রেখেই। বাংলাদেশে নির্মিত সিরিজে ‘তোপসে’ চরিত্রে অভিনয় করছেন কলকাতার আরেক তরুণ অভিনেতা ঋদ্ধি সেন।
আজকের সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী জিয়াউদ্দিন আদিল, গ্রে অ্যাডভারটাইজিংয়ের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আজম শাওন, গ্রামীণফোনের হেড অব মিডিয়া অপারেশনস ফারহা নাজ জামান, আড্ডা টাইমসের ব্যবস্থাপনা পরিচালন রাজীব মেহরা। এ ছাড়া এতে টপ অব মাইন্ড ও ক্যান্ডি প্রোডাকশনসের অন্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।