ঈদেই মুক্তি 'রক্ত'

ঈদেই মুক্তি পাচ্ছে ‘রক্ত’ ছবিটি। অথচ কিছুদিন আগেও পরিচালক ওয়াজেদ আলী ভেবেছিলেন, ছবি মুক্তি দেওয়া যাবে না। হঠাৎ সিদ্ধান্ত বদলে তৎপর হয়ে উঠেছেন ছবিসংশ্লিষ্ট সবাই। শিগগিরই সেন্সরে জমা পড়ছে ছবিটি।
ঈদুল আজহায় মুক্তি পাবে ‘রক্ত’। সেই পরিকল্পনা নিয়েই শুরু হয় ছবিটির শুটিং। কিন্তু নানা জটিলতায় শুটিং আটকে গিয়েছিল। অনিশ্চিত হয়ে পড়েছিল মুক্তি। এমনকি প্রযোজনা প্রতিষ্ঠান থেকে একটি ঘোষণাও দেওয়া হয়েছিল যে ঈদে মুক্তি পাচ্ছে না পরীমনির ছবি ‘রক্ত’। কিন্তু আবারও আকস্মিকভাবে এর শুটিং শুরু করে শেষও করে ফেললেন পরিচালক। জানিয়েছেন, ঈদুল আজহায় মুক্তি পাচ্ছে ছবি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ আজ বুধবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটির শুটিং শেষ করা গেছে। এ কারণেই ছবিটি ঈদে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে ব্যয়বহুল ছবি “রক্ত”। ঈদ ছাড়া অন্য সময়ে মুক্তি দিলে লোকসানে পড়ার আশঙ্কা ছিল। এমনিতেই নির্ধারিত বাজেটের চেয়ে এক কোটি টাকা বেশি খরচ হয়ে গেছে।’
তিনি জানান, ছবিটির সম্পাদনা ও ডাবিংয়ের কাজও প্রায় শেষের পথে। ২৮ আগস্ট ছাড়পত্রের জন্য সেন্সরে জমা দেওয়া হবে। বাড়তি এক কোটি টাকা খরচের জন্য ছবির নায়িকা পরীমনিকে দায়ী করছেন তিনি। গত মঙ্গলবার জাজ মাল্টিমিডিয়ার ফেসবুকে তেমনটিই লেখা হয়েছে। সেখানে বলা হয়েছে, ‘গত ১২ জুলাই ছবিটির শুটিং শেষ করার কথা ছিল। শুধু ছবির নায়িকা পরীমনির কারণে শুটিং শেষ করতে এক মাস সময় বেশি লেগেছে। এ কারণে প্রোডাকশন খরচ প্রায় এক কোটি টাকা বেড়ে গেছে।’
‘রক্ত’ ছবিতে পরীমনির বিপরীতে নায়ক হয়েছেন নবাগত রোশান। এ ছাড়া আরও অভিনয় করেছেন অমিত হাসান, আশিষ বিদ্যার্থী প্রমুখ। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনা করছে ভারতের এসকে মুভিজ।