ঈদের অডিও বাজার
অডিও বাজারে এখন চলছে কোরবানির ঈদ আয়োজনের শেষ মুহূর্তের প্রস্তুতি। কোরবানি ও পূজা—দুটো উৎসব একসঙ্গে হলেও অডিও ব্যবসায় এর যেন কোনো প্রভাবই পড়ছে না। রোজার ঈদের তুলনায় এবার কমসংখ্যক অ্যালবাম প্রকাশ পেতে যাচ্ছে। অন্যবারের মতো এবারও বেশির ভাগ অ্যালবামের শিল্পী নবীন। তবে মিশ্র কয়েকটি অ্যালবামে রয়েছে গুণী শিল্পীর পাশাপাশি সময়ের জনপ্রিয় কয়েকজন শিল্পীর গানদেশের প্রথম সারির অডিও প্রযোজনা প্রতিষ্ঠান সাউন্ডটেক ও সংগীতা এবার কোনো ধরনের অ্যালবাম প্রকাশ করছে না। তবে এর মধ্যে সংগীতার ব্যানারে কিছু নবীন শিল্পীর অ্যালবাম প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। পাশাপাশি চলচ্চিত্রের গানের কয়েকটি অ্যালবামও প্রকাশ পেতে পারে।ঈদের অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে প্রযোজনা প্রতিষ্ঠান লেজার ভিশন থেকে একক ও মিশ্র অডিও অ্যালবাম, চলচ্চিত্রের গানের অ্যালবাম, চলচ্চিত্রের ডিভিডিসহ সর্বাধিক ১৬টি অ্যালবাম প্রকাশিত হচ্ছে বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম। তবে প্রকাশিতব্য অ্যালবামের মধ্যে পৃথ্বীরাজ (আজকের গান, পৃথ্বী মিক্স) ও ক্লোজআপ তারকাখ্যাত পুতুল (পুতুল) ছাড়া কোনো শিল্পী সেই অর্থে পরিচিত নন। মাজহারুল ইসলাম বলেন, ‘অডিও বাজারের অবস্থা দিন দিন খারাপের দিকেই যাচ্ছে। দুটো উৎসব হওয়া সত্ত্বেও কিন্তু কোনো ধরনের চাহিদা নেই। এরই মধ্যে আমরা যেসব শিল্পীর অ্যালবাম পেয়েছি, সেগুলো প্রকাশ করেছি।’লেজার ভিশনের ব্যানারে প্রকাশিত উল্লেখযোগ্য অ্যালবামগুলো হচ্ছে, সুপ্রভাত, হূদয়ে নদী, ঝিরিঝিরি বৃষ্টি, নেকাব্বরের মহাপ্রয়াণ, ঘেটুপুত্র কমলা এবং উত্তরের সুর। গত কয়েক ঈদে প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ সর্বাধিক অ্যালবাম প্রকাশিত করলেও এবার তারা অনেকটাই পিছু হটেছে। হাতে গোনা কয়েকটি অ্যালবামই প্রকাশ করেছে তারা। এবারের অ্যালবামের মধ্যে প্রাধান্য পেয়েছে ব্যান্ডের অ্যালবাম। এসব অ্যালবামের মধ্যে ব্যান্ড মিক্স হাতিয়ার নিয়ে আশাবাদী জি-সিরিজ কর্তৃপক্ষ। দূরের আয়োজনে চারটি সিডিতে প্রকাশিত হওয়া মিশ্র এই অ্যালবামে ৬৪টি ব্যান্ডের গান স্থান পেয়েছে। হাতিয়ার অ্যালবামের উল্লেখযোগ্য ব্যান্ডগুলো হলো: ব্ল্যাক, বোহিমিয়ান, ক্রিমেটিক এক্স, দ্রোহ, জেন স্প্লিট, কার্নিভাল, নাগরিক, নোভা, পয়জন গ্রিন, স্কেয়ার ক্রো, দি ট্র্যাপ, ক্রিপটিকফেইট, ইয়াত্রি (যাত্রী) ইত্যাদি। এ ছাড়া জি-সিরিজের অন্য অ্যালবামগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বাপ্পা মজুমদার ও তপুর লেটারস ফ্রম শিলিগুড়ি ২, টফি রেনারের নীল স্বপ্ন, শাহেদের উটপাখির ডিম, মৌসুমী চট্টোপাধ্যায়ের আলোকমঞ্জরী, মিস্টিরিয়াস ব্যান্ডের এক্স ফাইলস এবং কার্নিভাল ব্যান্ডের আত্মোৎসর্গ । জি-সিরিজের কর্ণধার নাজমুল হক ভূঁইয়া বলেন, ‘আমাদের দেশে কিন্তু রোজার ঈদে অডিও বাজারের অবস্থা তুলনামূলকভাবে ভালো থাকে। তার পরও সংগীতপ্রেমী মানুষের কথা চিন্তা করে কোরবানির ঈদের জন্যও আমরা ভালো মানের কয়েকটি অ্যালবাম প্রকাশ করেছি। এটা ঠিক যে এর মধ্যে নতুনদের প্রাধান্যই বেশি।’এখন পর্যন্ত এবারের ঈদের সবচেয়ে আলোচিত তারকা আইয়ুব বাচ্চু। প্রযোজনা প্রতিষ্ঠান ডেডলাইন মিউজিকের ব্যানারে প্রকাশিত হয়েছে আইয়ুব বাচ্চুর ব্যান্ড এলআরবির নতুন একক অ্যালবাম যুদ্ধ। এ ছাড়া একই ব্যানারে প্রকাশিত হবে ওয়ারফেইজ ব্যান্ডের নতুন একক অ্যালবাম সত্য। ঈদ আয়োজন সম্পর্কে ডেডলাইন মিউজিকের প্রধান বিপণন কর্মকর্তা রাজীব আহমেদ বলেন, ‘আমরা আসলে চেষ্টা করছি, সংগীতপ্রেমীদের গুণী ও জনপ্রিয় শিল্পীদের ভালো মানের অ্যালবাম উপহার দিতে। আর তাই এবারের ঈদে আমরাই কিন্তু প্রথম সারির দুটি ব্যান্ডের অ্যালবাম প্রকাশের আগ্রহ প্রকাশ করেছি।’ হূদয় মিক্স থ্রিও আনছে ডেডলাইন।এবারের ঈদে অ্যালবাম প্রকাশের ক্ষেত্রে পিছিয়ে নেই প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েসও। নতুন প্রজন্মের কণ্ঠশিল্পী তৌসিফের নতুন একক অ্যালবামের স্বত্ব ১০ লাখ টাকায় কিনে আলোচনায় রয়েছে তারাও। খুদে গানরাজখ্যাত নওমীর একক গানের অ্যালবামও প্রকাশ করবে তারা। এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র গানের অ্যালবামও প্রকাশ করবে সিডি চয়েস। এসব অ্যালবামের শিল্পীরা হলেন: আরফিন রুমী, ন্যান্সি, কনা, শহীদ, বেলাল খান, পড়শি, মুহিন, খেয়া, অয়ন, আনিকা ও পূজা। সিডি চয়েসের কর্ণধার শেখ সুমন এমদাদ বলেন, ‘ঈদ মানেই সবার কাছে বিশেষ আনন্দ। আর এ আনন্দকে অনেক গুণ বাড়িয়ে দিতে আমরা একক ও মিশ্র মিলে ভালো মানের কয়েকটি অ্যালবাম প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। সে ক্ষেত্রে কিন্তু টাকার দিকেও তাকাইনি।’বেঙ্গল থেকে ঈদের অ্যালবাম হিসেবে প্রকাশিত হওয়ার কথা রয়েছে শিল্পী কৃষ্ণকলির একক গানের অ্যালবাম বুনোফুল।অন্য প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইমপ্রেস অডিওভিশন, এটিএন মিউজিক, ফাহিম মিউজিক থেকে দু-একটি করে অ্যালবাম প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে।