ঈদের অডিও বাজার
কয়েক বছর আগেও অডিও অ্যালবাম কত টাকায় বিক্রি হতো, সেটা সবাই জানতে পারতেন। কিন্তু দু-তিন বছর ধরে সেটি শিল্পী প্রযোজনা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেকটা অন্ধকারে রেখে দিয়েছে। এতে করে প্রযোজনা প্রতিষ্ঠান অ্যালবামগুলো বিনা পয়সায়, না কি উচ্চমূল্যে কিনছে, তা-ও জানা যাচ্ছে না। এবারের ঈদে অডিও বাজারে সেই পুরোনো ধারার প্রচলন খানিকটা ফিরে এসেছে। তবে সেটি সব অ্যালবামের ক্ষেত্রে নয়। এবারের ঈদে ১০ লাখ টাকায় তৌসিফের অ্যালবাম কিনে যেমন আলোচনায় এসেছিল প্রযোজনা প্রতিষ্ঠান সিডি চয়েস, ঠিক তেমনই আলোচনায় ছিলেন এ প্রজন্মের শিল্পী তৌসিফও। কিন্তু অ্যালবামটি প্রকাশের পর হতাশই হতে হয়েছে। বিক্রির ক্ষেত্রে এটি এখন পর্যন্ত কোনো আশার সঞ্চার করতে পারেনি বলে জানিয়েছেন ঢাকা শহরের বিভিন্ন অডিও-সিডি ব্যবসায়ী। এদিকে চার বছর পর এবারের ঈদে প্রকাশিত হয়েছে জনপ্রিয় ব্যান্ড এলআরবির নতুন অ্যালবাম যুদ্ধ। সেই হিসেবে এবারের ঈদের সবচেয়ে আলোচিত তারকাও ছিলেন আইয়ুব বাচ্চু। কিন্তু ঢাকা শহরের অডিও-সিডি পরিবেশক ও খুচরা দোকান ব্যবসায়ীদের কথায় জানা গেল, প্রথম দিকে অ্যালবামটির প্রতি সবার আগ্রহ থাকলেও শেষ অবধি আইয়ুব বাচ্চু যেন এবারের যুদ্ধে পরাজিত হয়েছেন। অ্যালবামটি এলআরবির আগের অ্যালবামগুলোর মতো শ্রোতাদের মাধ্যে সেভাবে আবেদন সৃষ্টি করতে পারেনি। অন্যদিকে, কয়েক বছর বিরতির পর প্রকাশিত হয়েছে ওয়ারফেইজ ব্যান্ডের আলোচিত অ্যালবাম সত্য। এটিও এখন পর্যন্ত সফলতার মুখ দেখেনি বলে জানান ব্যবসায়ীরা।মুঠোফোন প্রতিষ্ঠান রবির সহযোগিতায় ডেলাইনের ব্যানারে একেবারে নতুন কয়েকজন শিল্পীকে নিয়ে হূদয় খান প্রকাশ করেছেন হূদয় মিক্স-থ্রি শিরোনামের অ্যালবাম। এটিও ছিল ঈদের অন্যতম আকাঙ্ক্ষিত অ্যালবামের একটি। কিন্তু হূদয় মিক্স-১ ও হূদয় মিক্স-২ যেভাবে প্রশংসিত হয়েছিল এটির ক্ষেত্রে ঘটেছে তার বিপরীত ব্যাপার। ফলে হূদয় মিক্স-থ্রিকে অনেকে ‘ফ্লপ অ্যালবাম’ হিসেবেও অভিহিত করেছেন।ঢাকা ও জেলা শহরের বিভিন্ন অডিও-সিডি বিক্রির দোকান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে জানা গেছে, অডিও বাজারে এখনো সমানতালে চলছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া কয়েকজন শিল্পীর অ্যালবাম। যে কারণে এই কোরবানি ঈদের কোনো অডিও এখন পর্যন্ত সেভাবে আলোচনায় এসে বাজার মাত করতে পারেনি। একক, মিশ্র, ব্যান্ড ও চলচ্চিত্রের গানের অ্যালবাম মিলিয়ে এবারের ঈদে মোট ৫০টির মতো অ্যালবাম প্রকাশিত হয়েছে। এগুলোর মধ্যে আছে টেলিভিশন, সমুদ্রের নোনা জল, আজকের গান, সুপ্রভাত, হূদয়ে নদী, ঝিরিঝিরি বৃষ্টি, নেকাব্বরের মহাপ্রয়াণ, ঘেটুপুত্র কমলা, উত্তরের সুর, হাতিয়ার, লেটারস ফ্রম শিলিগুড়ি-২, নীল স্বপ্ন, উটপাখির ডিম, আলোকমঞ্জরী, এক্স ফাইলস, আত্মোৎসর্গ এবং খুদে গানরাজখ্যাত নওমীর প্রথম একক অ্যালবাম নওমী। ‘প্রচ্ছদ’ এবং প্রথম তিন গান—‘এতটা ভালোবাসি’, ‘আয় বৃষ্টি’ ও ‘হূদয়ের সীমানায়’-এর জন্য এই অ্যালবামটি আলোচনায় আছে।এ ছাড়া বেশ কয়েকটি মিশ্র গানের অ্যালবামে এবার কণ্ঠ দিয়েছেন ন্যান্সি, কনা, শহীদ, বেলাল খান, পড়শী, মুহিন, খেয়া ও পূজা। তাঁদের মধ্য থেকেও এখন পর্যন্ত মানুষের মুখে মুখে ফেরা সে রকম কোনো গান পাওয়া যায়নি বলে জানিয়েছেন সবাই।ঈদের একেবারে আগ মুহূর্তে প্রকাশিত হয়েছে মোস্তফা সরয়ার ফারুকীর নতুন চলচ্চিত্র টেলিভিশন-এর গানের অ্যালবাম টেলিভিশন। গত ৩০ অক্টোবর পর্যন্ত ঢাকা শহরের অনেক দোকান-মালিকের অভিযোগ, অ্যালবামটি তাঁরা এখনো পর্যাপ্তভাবে পাননি। তবে টেলিভিশন চলচ্চিত্রে কবির বকুলের লেখা ‘ভাবনার রেলগাড়ি’, ‘চিরকুটের কানামাছি’ এবং রবিউল ইসলাম জীবনের ‘গোলমাল’ গানটি প্রশংসিত হয়েছে।এদিকে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠান এবং অডিও-সিডি দোকান-মালিকদের ভাষ্যমতে, ঈদের অ্যালবামের মূল্যায়ন করার মতো সময় এখনো হয়নি। তাঁরা বলেন, ঈদুল আজহার বেশির ভাগ অ্যালবাম প্রকাশিত হয়েছে মাত্র সপ্তাহ খানেক আগে। তাই পূজার ছুটি এবং অন্যান্য কারণে দেশের বিভিন্ন স্থানে অ্যালবামগুলো এখনো ঠিকমতো পৌঁছায়নি।