ঈদের অডিও বাজারে মন্দাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘এখন প্রযোজকদের এমন একটা ভাব যেন শিল্পীরা সবকিছু তৈরি করে দিয়ে আসবেন। আর তাঁরা শুধু সেটা প্রকাশ করেই নিজেদের দায়িত্ব শেষ করবেন। এখন এটা যেন একটা রীতিতে পরিণত হয়েছে। সংগীতে এত বছর কাটানোর পর এখন যদি প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে ধরনা দিতে হয়, তাহলে একজন শিল্পীর জন্য এর চেয়ে অপমানজনক আর কিছুই হতে পারে না।’ অডিও বাজার নিয়ে এভাবেই নিজের ক্ষোভের কথা জানালেন শিল্পী পার্থ বড়ুয়া। কয়েক বছর আগেও ঈদের আনন্দ অন্য সবার মতো ছড়িয়ে পড়ত অডিও বাজারে। ঈদের আগে তারা ব্যস্ত সময় কাটাতেন তারকা শিল্পীদের নতুন অ্যালবাম প্রকাশ করা নিয়ে। পাশাপাশি শ্রোতাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হতো কিছু তরুণ প্রতিভাবান শিল্পীকে। অডিও ক্যাসেট ও সিডির দোকানগুলোতে শোনা যেত নতুন অ্যালবামের গান। তবে গত কয়েক বছরে অডিও শিল্পের চিত্রটা পাল্টে গেছে। আর তা এখন প্রকট আকার ধারণ করেছে। গত কয়েক বছর তারকা শিল্পীদের কিছু অ্যালবাম প্রকাশিত হলেও এখন তা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। শিল্পী আইয়ুব বাচ্চু বলেন, ‘দেশে প্রযোজনা প্রতিষ্ঠানগুলো অনেক বেশি ব্যবসাবান্ধব হয়ে গেছে। তারা একজন সিনিয়র শিল্পীর অ্যালবাম বেশি দামে কেনার পক্ষপাতি নন ।’শাকিলা জাফরও অনেকটা একমত প্রকাশ করলেন। তিনি বলেন, ‘আমাদের প্রযোজনা প্রতিষ্ঠানগুলো সব সময় শিল্পীদের বিভিন্নভাবে ঠকিয়েছে। তারা কখনো প্রাপ্য সম্মান দিতে পারেনি।’বেবী নাজনীন বলেন, ‘প্রযোজনা প্রতিষ্ঠান এবং শিল্পীরা এখন অনেক বেশি সংগঠনমুখী। এখন কথা হচ্ছে, বাজারে যদি আমাদের প্রডাক্টই না থাকে তাহলে সংগঠন দিয়েই বা কী হবে। সবাইকে আসলে প্রডাক্টের দিকে বেশি নজর দেওয়া উচিত।’জানা গেছে, পাইরেসি ও অডিও বাজারে মন্দাবস্থার কারণে নতুন অ্যালবাম প্রকাশ নিয়ে প্রযোজকদের মধ্যে অনীহা রয়েছে। এ প্রসঙ্গে সংগীতার সেলিম খান বলেন, ‘আগে ঈদ কিংবা কোনো উত্সবে নতুন নতুন অ্যালবামে অডিও বাজার ছেয়ে যেত। এখন চিত্রটা একেবারেই ভিন্ন। অ্যালবাম প্রকাশের পর অনেক টাকা লোকসান গুনতে হয় আমাদের।’একমত পোষণ করলেন গানচিলের স্বত্বাধিকারী ও এমআইবির সভাপতি কুমার বিশ্বজিত্। তিনি বলেন, ‘দিন দিন পাইরেসির কারণে অডিও বাজার ধ্বংস হয়ে যাচ্ছে। নতুন অ্যালবাম প্রকাশ করতে যে পরিমাণ টাকা খরচ হয়, তার এক ভাগও উঠে আসে না। এ ক্ষতির মাশুল গুনতে হয় প্রযোজনা প্রতিষ্ঠানের পাশাপাশি শিল্পীদেরও।’সাউন্ডটেকের সুলতান মাহমুদ বাবুল বলেন, ‘শিল্পীদের স্বার্থ রক্ষা ও অডিও শিল্পকে টিকিয়ে রাখতে আমরা অনেক লড়েছি। কিন্তু সরকারের কোনো ধরনের সহযোগিতা পাইনি। সরকারের অবহেলায় এ শিল্প দিন দিন ছোট হয়ে যাচ্ছে। সরকারের উচিত এদিকে একটু নজর দেওয়া।’লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম বলেন, ‘আমাদের কাছে যেসব শিল্পী আসেন, আমরা সর্বোচ্চ সম্মান দেখিয়ে তাঁদের অ্যালবামগুলো প্রকাশ করে থাকি। কিন্তু আমাদের পক্ষে তো জানা সম্ভব না যে কার কার অ্যালবাম তৈরি হয়ে পড়ে আছে। বিষয়টা যদি আমাদের জানানো হয়, তাহলে আমাদের পক্ষে অ্যালবামগুলো প্রকাশে উদ্যোগ নিতে সুবিধা হয়।’এবারের ঈদেও সবগুলো প্রতিষ্ঠান মিলে প্রায় ৫০টির মতো অ্যালবাম বের করেছে। এ ছাড়া পুরোনো শিল্পীদের কয়েকটি সংকলিত গানের অ্যালবাম বেরিয়েছে। শিল্পী ও প্রযোজকদের কথার মধ্য থেকে যেটা বোঝা যাচ্ছে, তাঁরা সবাই একটা সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। আর এটা যদি একসঙ্গে এখনই সমাধান করা সম্ভব না হয় তাহলে অদূর ভবিষ্যতে অডিও ইন্ডাস্ট্রির অবস্থা কি হবে, সেটা এখন থেকে অনুমান করে নেওয়া যেতে পারে।