
বরাবরই ঈদুল আজহায় কিছুটা ঝিমিয়ে থাকে বলিউড। একে শীতনিদ্রা বলা যেতে পারে। বড় কোনো ছবি এ উৎসবে মুক্তি পায় না। কারণ, সব বড় ছবি জমা থাকে দুর্গাপূজা আর দীপাবলি উৎসবের জন্য। ওই সময়টায় বলিউডে যেন লক্ষ্মীর আশীর্বাদ একেবারে উপচে পড়ে। তাই দীপাবলির আগে বড় কোনো ছবি মুক্তি দেওয়ার পক্ষে রা করেন না বড় পরিচালক কিংবা প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। তবু বলিউডের বাজার তো থেমে থাকার নয়। ঝিমিয়ে পড়া বাজারের হাল ধরতেও কিছু ছবি ঠিকই মুক্তি পায়। এবার যেমন আসছে কঙ্গনা-ইমরানের কাট্টি বাট্টি কিংবা কৌতুকাভিনেতা কপিল শর্মার কিস কিস কো পেয়ার কারু। কিন্তু এসবে কি আর সিনেমাপ্রেমীদের ঈদ উৎসবের রং গাঢ় হয়?
নিখিল আদভানি পরিচালিত কাট্টি বাট্টি ছবি নিয়ে আশাবাদী বলিউডের বক্স অফিস গবেষকেরা। কমল নাহতা থেকে শুরু করে তরন আদর্শ পর্যন্ত বলছেন, ঈদ বাজারে ফাঁকা মাঠ পেয়ে গেছে কাট্টি বাট্টি। বক্স অফিসে সফল হওয়ার মতো উপকরণ না থাকলেও, ছবিটি সহজেই লগ্নি করা অর্থ তুলে নিতে পারবে বাজার থেকে। কারণ, তাঁর সঙ্গে বক্স অফিসে প্রতিদ্বন্দ্বিতা করতে পারার মতো আর কোনো ছবিই তো নেই। যদিও কাট্টি বাট্টি মুক্তি পাচ্ছে ঈদের বেশ কয়েক দিন আগে, কাল ১৮ সেপ্টেম্বর। কিন্তু এ-ই এক ভরসা। ছবির অভিনেতা ইমরান খানের ব্যর্থতার রেকর্ড বলে, তাঁর খাতায় এ দফায়ও যোগ হতে পারে আরও একটি ফ্লপ। কিন্তু অভিনেত্রী কঙ্গনার বিচারে আবার হিসাবটা আলাদা। এ মেয়ের গত কয়েক বছরের ইতিহাসে ‘ফ্লপ’ শব্দটি অনুপস্থিত। তাই কাট্টি বাট্টি এখন অনেকটাই ‘ফিফটি ফিফটি’তে ভর করে এগোচ্ছে। এ ছবির গানগুলো বাজারে এসেছে গত মাসেই। কিন্তু এগুলো খুব একটা প্রভাব ফেলতে পারেনি বাজারে। তাই ‘কুইন’ কঙ্গনা রনৌত ছাড়া যখন ছবি সাফল্য ছোঁয়ার কোনো পথ দেখছে না, তখন পরিচালক-প্রযোজকেরা খুঁজে নিলেন দুটো পোক্ত ও কৌশলী উপায়। প্রথমটি ‘চুমু’ আর দ্বিতীয়টি ‘আমির খান’।
কাট্টি বাট্টি ছবির ‘লিপ টু লিপ’ নামে একটি গান নিয়ে রীতিমতো ‘চুমু’কে পুঁজি করে কঙ্গনা ও ইমরান চালিয়ে যাচ্ছেন তাঁদের প্রচারাভিযান। তাঁরা তো ভারতের বিভিন্ন কলেজ-বিশ্ববিদ্যালয়ে আয়োজন করতে চেয়েছিলেন ‘চুমু প্রতিযোগিতা’ও! কিন্তু সাধারণ ও শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রবল আপত্তির মুখে পড়ে তা আর হয়নি। তবে এর বদৌলতে যতটুকু প্রচার পাওয়ার, ততটুকু পেয়ে গেছে কাট্টি বাট্টি। অন্যদিকে, এ ছবিতে অভিনয় কিংবা পরোক্ষভাবে জড়িত না থেকে কাট্টি বাট্টি ছবির গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন আমির খান। যেখানেই যাচ্ছেন, সেখানই ভাগনে ইমরান খানের ছবির জন্য কথা বলছেন মামু আমির। এ ছবির একটি বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে দর্শক আমির তো সবাইকে চমকে দিয়েছেন। ছবি দেখা শেষে হল থেকে তিনি বেরিয়েছেন তোয়ালে হাতে। বেরিয়েই বলেছেন, ছবিটি দেখে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।
বলিউডে সেরা খানদের একজন যখন বলবেন এই কথা, তখন কি আর কাট্টি বাট্টির সাফল্য কেউ ধরে রাখতে পারে? ছবি যেমনই হোক না কেন, প্রচারকৌশল যে একটি ছবিকে কোথায় নিয়ে যেতে পারে, তা বোঝা যাবে আগামীকাল কাট্টি বাট্টি মুক্তি পাওয়ার পর।
ইন্ডিয়ান এক্সপ্রেস, বলিউড হাঙ্গামা, টাইমস অব ইন্ডিয়া ও বলিউড লাইফ অবলম্বনে