ঈদের আগে নতুন ছবি নেই
ঈদের আগে আর কোনো নতুন ছবি মুক্তি পাবে না। ফলে সংকটের মধ্যেই পড়েছেন প্রেক্ষাগৃহের মালিকেরা। চলচ্চিত্র প্রদর্শক সমিতির নেতারা জানিয়েছেন, সাধারণত আগে রমজানে নতুন ছবির মুক্তি দেওয়া বন্ধ থাকত। কিন্তু রোজা শুরুর আগের প্রতি সপ্তাহে দুটি করে ছবি মুক্তি পেত। ফলে সেসব ছবিই আমরা সারা দেশে প্রদর্শন করতাম। কিন্তু এ বছর এখন পর্যন্ত মাত্র ২১টি ছবি মুক্তি পেয়েছে। এর মধ্যে অনেক ছবি দু-একটি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। এগুলো বাণিজ্যসফল নয়। আবার যে ছবিগুলো বাণিজ্যিকভাবে সফল হতে পারত, সে ছবিগুলোও ফ্লপ করেছে। ফলে আমরা আগামী দেড় মাসেরও বেশি সময় প্রেক্ষাগৃহগুলো কী দিয়ে চালাব, বুঝতে পারছি না। জানা গেছে, খোদ রাজধানীর কয়েকটি প্রেক্ষাগৃহ ঈদের আগ পর্যন্ত বন্ধ করে দেওয়া হবে। ঈদে নতুন ছবি মুক্তির সঙ্গে প্রেক্ষাগৃহ চালু করা হবে।ঢাকার যখন এ অবস্থা, তখন জেলা শহরের প্রেক্ষাগৃহগুলোর অবস্থা আরও করুণ। প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন বলেন, ‘এই যে একটা লম্বা সময় ছবি মুক্তি পাচ্ছে না, এখন মালিকেরা অনেক প্রেক্ষাগৃহ বন্ধ করে দেবেন। ঈদ পর্যন্তই আমাদের অপেক্ষা করতে হবে। ঈদের ছবিগুলো মুক্তির পর আমরা হয়তো মাস দুই নিশ্চিন্তে থাকব, এরপর আবার ছবির শূন্যতা চলে আসবে। কোরবানির ঈদের ছবির জন্য অপেক্ষা করতে হবে। এভাবে আমরা কোনোরকমে টিকে আছি।’অবশ্য প্রযোজক-পরিবেশক সমিতির সভাপতি গাজী মাজহারুল আনোয়ার বলেন, ঈদের পর ছবির সভা। আশা করছি, ঈদে সিনেমার ব্যবসা চাঙা হবে। প্রযোজকেরা তখন আবার নতুন করে ছবিতে টাকা বিনিয়োগ শুরু করবেন।