ঈদের আট ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রেক্ষাগৃহ ও টেলিভিশন মিলিয়ে এবারের ঈদে মুক্তি পাবে আটটি চলচ্চিত্র। ছবিগুলো হচ্ছে সোহানুর রহমান সোহানের সে আমার মন কেড়েছে, এফ আই মানিকের মাই নেম ইজ সুলতান, অনন্য মামুনের মোস্ট ওয়েলকাম’ সাফিউদ্দিন সাফির ঢাকার কিং, আশরাফুর রহমানের তুমি আসবে বলে ও শাহীন-সুমনের খোদার পরে মা। এর বাইরে বাকি দুটি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে। ছবি দুটি হচ্ছে, ইমদাদুল হক মিলনের মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস ‘সুতোয় বাঁধা প্রজাপতি’ অবলম্বনে সরকারি অনুদানে নির্মিত শাহজাহান চৌধুরীর আত্মদান এবং বাসু চ্যাটার্জির হঠাৎ সেদিন।গত কয়েক বছরের মতো এবারের ঈদেও সর্বাধিক ছবির নায়ক হিসেবে আছেন শাকিব খান। তবে নায়িকার আসনটিতে বড় একটা পরিবর্তন এসেছে। কয়েক বছর ধরে শাকিব খানের পাশাপাশি শীর্ষ নায়িকার আসনটি অপু বিশ্বাসের দখলে ছিল। এবার ছবি মুক্তির তালিকায় অপু বিশ্বাসের জায়গাটি দখল করেছেন নিপুণ। এবারের ঈদে শাকিব খান ও নিপুণ দুজনেরই চারটি করে ছবি মুক্তি পাচ্ছে।নিপুণ বলেন,‘ গত বছর ঈদে আমার একটি মাত্র ছবি মুক্তি পেয়েছিল। আর এবার ঈদে চারটি। আমাদের দেশে এত বড় উৎসবে চারটি ছবি মুক্তি পাওয়া আমার জন্য অনেক আনন্দের। পাশাপাশি কিছুটা চাপও রয়েছে। বলতে পারেন নিজের সাথে নিজেরই প্রতিযোগিতা করতে হবে। তবে চারটি ছবিতে দর্শক ভিন্ন ভিন্ন স্বাদ পাবে।’গত কয়েক ঈদে একটানা কয়েকটি ছবি মুক্তি পেলেও এবারের ঈদে অপু বিশ্বাসের একটি মাত্র ছবি মুক্তি পাচ্ছে ঢাকার কিং। সামাজিক অ্যাকশন ঘরানার এই ছবিতে অপুর সহশিল্পীরা হলেন শাকিব ও নিপুণ। অপু বিশ্বাস বলেন, আমার অভিনীত ছবিগুলোতে সাধারণত অ্যাকশন চরিত্রে অভিনয় করতে দেখা যায় না। এই ছবিতে আমাকে রোমান্টিকতার পাশাপাশি অ্যাকশন দৃশ্যেও অভিনয় করতে দেখা যাবে। ত্রিভুজ প্রেমের এই ছবি সবারই ভালো লাগবে।মোস্ট ওয়েলকাম ছবিতে অভিনয় করেছেন অনন্ত ও বর্ষা। আরও আছেন মুম্বাইয়ের স্নেহা উল্লাল। অনন্ত বলেন, ‘ছবিটিতে বাজেট যেমন ভালো, তেমনি আমরাও অনেক বেশি পরিশ্রম করেছি। শুটিং লোকেশনের ক্ষেত্রে বেশ বৈচিত্র্য রয়েছে। প্রেক্ষাগৃহে গিয়ে না দেখলে বোঝা যাবে না কী ধরনের কাজ করা হয়েছে।’এবারই প্রথম ঈদে একসঙ্গে দুটি ছবি মুক্তি পাচ্ছে নিরবের। এ নিয়ে বেশ উচ্ছ্বসিত নিরব। তিনি বলেন, তুমি আসবে বলে আমার একেবারে শুরুর দিককার ছবি। তিন বছর আগে আমরা ছবিটির শুটিং শুরু করেছিলাম। তবে এর গল্প এবং গানগুলো সবার বেশ ভালো লাগবে।’এবারের ঈদের আট ছবিতে জ্যেষ্ঠ শিল্পীর মধ্যে রয়েছেন নায়করাজ রাজ্জাক, সোহেল রানা, ববিতা, আলমগীর, দিতি ও বাপ্পারাজ। এ ছাড়া এবারের ঈদের আট ছবির মধ্যে পাঁচটিতে অভিনয় করেছেন খল চরিত্রের অন্যতম অভিনেতা মিশা সওদাগর। সেই হিসেবে তাঁকেও একদিক দিয়ে এবারের ঈদে সর্বাধিক ছবির অভিনেতা বলা যায়।