ঈদের আলোচিত কিছু নাটক
ঈদুল আজহা উপলক্ষে চ্যানেলে চ্যানেলে এক সপ্তাহ ধরে অসংখ্য নাটক দেখানো হয়েছে।এসবের মধ্যে আলোচিত কিছু নাটক নিয়ে আনন্দ পাতার এই আয়োজন। নাটকগুলো নিয়েলিখেছেন—জাহীদ রেজা নূর, পল্লব মোহাইমেন, ফিরোজ জামান চৌধুরী, কাজল রশীদ ও আলতাফ শাহনেওয়াজ ময়নাগল্প: মঞ্জু সরকারচিত্রনাট্য ও পরিচালনা: গিয়াসউদ্দিন সেলিমএটিএন বাংলাএকজন গ্রামীণ নারীর সংগ্রামের কাহিনি ময়না। কর্মহীন স্বামীর সংসারে ময়না স্বপ্ন দেখে বড় হওয়ার। মুরগির ডিম বিক্রি করে টাকা জমায়। একটা ছাগল কিনে সংসারে গতি আনতে চায়। কিন্তু হায়! স্বামী ওই টাকা চুরি করে, নেশা করে পড়ে থাকে পথে। ময়না হতাশ হয়, কিন্তু ভেঙে পড়ে না। এবার সে ঝুঁকি নেয়। স্থানীয় এক সমিতি থেকে দুই হাজার টাকা ঋণ নেয়। কিন্তু ছাগল কিনতে হাটে যাওয়ার নামে টাকা নিয়ে শহরে চম্পট দেয় ময়নার স্বামী। গাজীপুর শহরে গিয়ে আবার সে বিয়ে করে। এ পর্যায়ে সাপকে মারার প্রতীকী দৃশ্যটি খুবই যৌক্তিক। ‘সামাজিক স্বামী’র পরিচয় পিছু ফেলে আবার নতুন করে উদ্যোগ নেয় ময়না। বেঁচে থাকতে হলে কিছু তো করা চাই। আবার সমিতি থেকে ঋণ নেয় এবং নদীর ঘাটে চায়ের দোকান দেয়। এবার সংসারে স্বস্তির হাওয়া লাগে। সংসার বলতে মা আর শিশুসন্তান। উটকো ঝামেলা হিসেবে উপস্থিত হয় নদীভাঙন এলাকা নিয়ে কাজ করেন এমন এক লেখক-গবেষক। শহুরে এ লোকের ‘ধান্দা’ আর ‘অসাধারণ রহস্য’ শেষ দৃশ্যে এসে বোঝা যায়।ময়নার ব্যবসা এগিয়ে চলে। ব্যবসায় সফল হওয়ার সঙ্গে সঙ্গেই ময়নাকে নতুন শাড়ি পরিয়ে উপস্থিত করেন পরিচালক। এখানে অভিনেত্রীর নতুন পোশাক ও পোশাকে উজ্জ্বল রঙের ব্যবহার বুদ্ধিদীপ্ত। ময়নার সাফল্যের খবর শুনেই গ্রামে হাজির হয় তার চতুর স্বামী। কিন্তু এবার আর স্বামীকে বরণ করে নেয় না ময়না। ‘ক্যামোন আছো বউ?’ স্বামীর এ প্রশ্নে ময়নার সরাসরি চপেটাঘাত, ‘অ্যাই, কে তোর বউ, কে তোর বউ। যা এখান থ্যাইকা...’। শেষ দৃশ্যে সত্যিকার অর্থেই ‘সামাজিক স্বামীর’ পরিচয় উন্মোচন করে ময়না। ‘স্বামীগিরি ফলাস। যা, তোরে আমি তালাক দিলাম।’ শহুরে ধান্দাবাজ লোকটিকেও ময়না তাড়িয়ে দেয়। শেষ দৃশ্যে লংশটে একাকী ময়না। দর্শকের বুঝতে অসুবিধা হয় না, বাংলাদেশের সামাজিক বাস্তবতায় নারীর সংগ্রামের শেষ নেই।ময়না নাটকে প্রত্যেক অভিনেতা-অভিনেত্রীর অভিনয়ই বাস্তবসম্মত ও নিচু লয়ে বাঁধা, যা এ নাটকের বড় পুঁজি। তথাকথিত গ্ল্যামারাস চরিত্রের বাইরে এসে গ্রামীণ আটপৌরে চরিত্রে তানভীন সুইটি কেমন অভিনয় করেন, তা নিয়ে শুরুতে দ্বিধা কাজ করছিল বৈকি। কিন্তু অবাক হয়ে লক্ষ করলাম, ময়না চরিত্রে সুইটির সাবলীল অভিনয়, যা একজন উঁচুমানের অভিনয়শিল্পীর পক্ষেই সম্ভব। সব চরিত্রের মেকআপ ছিল স্বাভাবিক, এখানে পরিচালক সংযমের পরিচয় দিতে পেরেছেন।এ নাটকে অনেক ডিটেইলের কাজ আছে, যা কাহিনিচিত্রটিকে জীবন্ত করেছে। কিন্তু নদীঘাট বোঝাতে অন্তত একটি দৃশ্যে হলেও নদীর ঘাটে বেশি লোকের সমাগম দেখানো দরকার ছিল। নাটকটির চিত্রগ্রহণ ও সম্পাদনা খুবই উঁচুমানের। এ জন্য চিত্রগ্রাহক ইকবাল কবিরকে বিশেষ ধন্যবাদ জানাতে হয়। গিয়াসউদ্দিন সেলিমের মুনশিয়ানায় পুরো নাটকটিই হয়ে উঠেছে জীবন্ত। তাঁকে অভিবাদন।একটি অসমাপ্ত কবিতারচনা ও পরিচালনা: আবদুল্লাহ মোহাম্মাদ সাদদেশটিভিতারকাখচিত নাটক নয়, কিন্তু দেখতে বসলে শেষ পর্যন্ত না পৌঁছে ওঠা যায় না। কাহিনির বয়ানের পাশাপাশি দৃশ্যায়নও মন কাড়ে। কী হবে এরপর—এ প্রশ্নটি ঘুরতে থাকে মাথায়। একটি অপ্রকাশিত কবিতা নাটকে সে রকম ‘তারকা’ কই? যাঁরা ক্যামেরার সামনে হেঁটে-চলে বেড়াচ্ছেন, তাঁদের কজনকে আগে কোনো নাটকে দেখেছি? নাম নিতে হলে এক হাতের সব আঙুলও দরকার হয় না। তার পরও কেন শেষ পর্যন্ত নাটকটি আকণ্ঠ পান করতে হলো, তা ভেবে দেখতে হচ্ছে বারবার।হ্যাঁ, নাটকটি দেখার পর ২০০৬ সালে মুক্তি পাওয়া ব্যাবেল ছবিটির কথা একঝলক মাথায় এল। পৃথিবীর নানা প্রান্তে ঘটে যাওয়া আপাতবিচ্ছিন্ন ঘটনাগুলো দিয়ে কী অপরিসীম দক্ষতায় পরিচালক আলেসান্দ্রো গনজালেস ইনাররিতুু একটি মালা গাঁথলেন, যা দেখে মন ভরে গিয়েছিল। শুধু মন ভরেছিল তা নয়, কিছু প্রশ্নও অবিরত ঘুরছিল মাথায়। মনে হচ্ছিল, শেষ হয়ে হইল না শেষ। একটি অপ্রকাশিত কবিতার পটভূমি অতটা বিস্তৃত নয় ঠিকই, কিন্তু বিচ্ছিন্ন ঘটনা দিয়ে মালা গাঁথার যে চেষ্টা করেছেন আবদুল্লাহ মোহাম্মাদ সাদ, তাতে তিনি সফল, শিল্পীদের দিয়ে নিজের কাজটা আদায় করে নিতে পিছপা হননি। একটাই তো ঘটনা, একটি ভয়ংকর মুহূর্ত ভূমিষ্ঠ হওয়ার আগে নাটকের সব চরিত্র কী করে একটি বলয়ে স্থির হলো, তা শেষ দৃশ্য আসার আগপর্যন্ত একেবারেই ধারণা করা যায়নি। নাটকের রচয়িতা ও পরিচালক আবদুল্লাহ মোহাম্মাদ সাদের আর কোনো কাজ আগে দেখিনি। প্রথমে যা দেখলাম, তাতে নিশ্চিত করে বলা যায়, তিনি ভাবতে জানেন এবং ভাবনাকে বাস্তব রূপ দিতেও পারঙ্গম। লেগে থাকলে সংস্কৃতি-অঙ্গনে তিনি একটি ভালো জায়গা করে নিতে পারবেন। কাহিনি গড়াতে গড়াতে মাঝেমধ্যে সাদা-কালোয় চলে যাওয়া, চরিত্রগুলোর আসা-যাওয়া, সংলাপ মিলে একটি আবহ তৈরি করা, ক্যামেরাকে কিছু মনে ধরে রাখার মতো দৃশ্য উপহার দিতে বাধ্য করা—এর সবই ভালো লাগে। আমাদের টেলিভিশন নাটকে গৎবাঁধা ধরনের নাটকের জায়গায় এ ধরনের নিরীক্ষাধর্মী নাটককে সাধুবাদ জানাতে হয়। যে দু-একটি জায়গা নাটকের স্বাভাবিক গতিকে রুদ্ধ করে বলে আমার মনে হয়েছে, সেগুলো এমন: ‘যোদ্ধা’ (নাকি মানসিক বিকারগ্রস্ত!) ছেলেটি নাটকের শুরুতেই যখন দেশ-সমাজ-প্রেম ইত্যাদি নিয়ে কথা বলছিল, তখন তা কেন দর্শকের উদ্দেশে বলছিল, তার ব্যাখ্যা পাওয়া কঠিন। এ কথাগুলোই অন্য কোনোভাবে উপস্থাপিত হতে পারত কি না, তা ভেবে দেখতে পারেন পরিচালক। তাঁর সঙ্গে স্ত্রীর কথোপকথন, নিদেনপক্ষে একই ঘরে দুজনের যাওয়া-আসা-মুখভঙ্গির মাধ্যমে চরিত্র দুটির মধ্যকার দ্বন্দ্ব একটু হলেও ফুটিয়ে তুললে নাটকটি সহজ হতে পারত। একটি দৃশ্য বাহুল্য মনে হয়েছে: পিয়ানোর সামনে সাদা কাপড়ে আপাদমস্তক মুড়িয়ে হোমায়রা হিমুর বসে থাকা। দৃশ্যটি শৈল্পিক বটে, কিন্তু সুপ্রযুক্ত কি না, তা নিয়ে প্রশ্ন থাকতে পারে। প্রেম, অসমবয়সী প্রেম, পরকীয়া মিলেমিশে যে বস্তুটি তৈরি হয়েছে, তা সংস্কৃতির ভিয়েনে যথেষ্ট উপাদেয় হয়েছে। মনের খাবার হিসেবে যথাযথ।জলতরঙ্গরচনা: গোলাম মোস্তফা শিমুলমাহফুজ আহমেদবাংলাভিশন ফুফাতো ভাই শিক্ষিত এবং শিক্ষক। বিয়ের পাত্র হিসেবে বাবারও পছন্দ। মেয়েটির ভালোবাসা গ্রামের সেই ছেলেটির জন্য, যে বেকার কিন্তু লোকাল হিরো। ছেলেটি মনা (মাহফুজ আহমেদ), পানিতে ডুব দিয়ে থাকতে পারে অনেকক্ষণ। জলতরঙ্গ নাটকটি যেন জলতরঙ্গের সুরের মতোই সহজ আর মায়াবী। শারীরিক ক্রীড়ানৈপুণ্য, গ্রামের মানুষের আশা-আকাঙ্ক্ষা, আনন্দ-বেদনা সহজভাবেই খেলা করে এ নাটকে। রূপালীকে (জয়া আহসান) নানাভাবে খুশি করার, নিজের প্রতি আকৃষ্ট করার চেষ্টা ফুফাতো ভাই মিশার (হাসান মাসুদ)। মনার খেলাকে ডুবডুবানি বলে অবজ্ঞা করে সে। এ সবই তো চিরায়ত কাহিনির দিকে টেনে নেয়। দেওয়া-নেওয়া চলতে থাকে মনা আর রূপালীর। গ্রামের সব মানুষের কাছে যে ‘হিরো’ তার প্রতিই টান রূপালীর।ডুব দিয়ে দীর্ঘক্ষণ থাকার এ খেলায় চ্যালেঞ্জারও আছে একজন। অন্য গ্রামের ফটকা ফরিদ (সিদ্দিকুর রহমান) চ্যালেঞ্জ করে মনাকে। বড় এক পুকুরে শুরু হয় ডুবে থাকার লড়াই। চেয়ারম্যান (এ টি এম শামসুজ্জামান) এটাকে ‘গ্রামের ইজ্জত’ হিসেবে ঘোষণা দেন। গ্রামে মাইকিং। পুকুর পাড়ে অনেক মানুষ। গ্রামের হিরোকে ঘিরে যে পরিবেশ তৈরি করা হয়েছে নাটকে, তাতে উৎসবমুখর পরিবেশ পুরোপুরি ফুটে ওঠেনি। উৎসবের আমেজ তৈরিতে নানা উপাদান ব্যবহার করা হয়েছে, তবে তাতে কৃত্রিম ভাবটা লুকানো যায়নি। মনা আড়াই ঘণ্টা পানির নিচে থেকে হারিয়ে দেয় ফটকা ফরিদকে। ৫০ হাজার টাকা জিতে নেয়। সেই রাতেই ফরিদ শিষ্যত্ব মেনে নেয় মনার। পানিতে ডুবে থাকা একটা কৌশলগত ও শারীরিক নৈপুণ্যের খেলা। এখানে মনার শ্রেষ্ঠত্বকে সম্মান করে সে। একটা সময় মিশার সঙ্গে রূপালীর বিয়ে ঠিক করেন তার বাবা। তখন কাহিনি বাঁক খায়। রূপালী এমন এক রোগে আক্রান্ত হয়, যা শরীরের সব অঙ্গপ্রত্যঙ্গকে অবশ করে দেয়। স্থানীয় চিকিৎসকের মতে, এটা গুলেনবেরি সিনড্রোম। শহরের হাসপাতালে রূপালীকে রেখে এসে মিশা জানায়, অনেক টাকা লাগবে। চেয়ারম্যানের কাছে গিয়ে ফিরে আসতে হয়। তাঁর কাছে পরবর্তী নির্বাচনের খরচ সবার আগে। এ জায়গায় এসে মুগ্ধ হতে হয় এ টি এম শামসুজ্জামানের অভিনয়ে। টাকা যখন উঠছেই না, মনা তখন এগিয়ে আসে। নিজের জীবন নিয়ে জুয়া খেলায় নামে মনা। ঘোষণা দেয়, টানা ২৪ ঘণ্টা পানির নিচে থাকার। এ খেলার জন্য ২০০ টাকা করে টিকিটের দাম ধরা হয়। খেলার এক দিন আগেও টিকিট বিক্রি হয় না। এ পর্যায়ে আমরা মাইকিং শুনতে পাই, টিকিট সব চেয়ারম্যানের কাছে। বিনা মূল্যে টিকিট সংগ্রহ করতে পারবে গ্রামবাসী। গভীর রাতে চেয়ারম্যান এসে মনাকে জানান, মানুষের প্রতি মানুষের এমন ভালোবাসা দেখে তিনি সব টিকিট একাই কিনে নিয়েছেন। তিনিও চান রূপালী সুস্থ হয়ে উঠুক। মাকে অশ্রুসজল রেখে মনা যায় দীঘির পাড়ে। ১২ ঘণ্টা পার হলে চিকিৎসক মাইকে দর্শকদের বলেন খেলা বন্ধ করতে। বড় ধরনের বিপদ ঘটতে পারে। কিন্তু দর্শক খেলা চালিয়ে যেতে চায়। রাতে দেখা গেল অন্ধকার দীঘি, কেউ নেই। একজন সন্দেহবাতিক লোক ঢিল ছুড়ছে আর মনার ক্রীড়ানৈপুণ্য নিয়ে প্রশ্ন তুলছে। এ জায়গাটায় বাস্তবতার অভাব দেখতে পাই। এমন একটি খেলায় দীঘিতে উজ্জ্বল আলোর ব্যবস্থা থাকা স্বাভাবিক ছিল। কিছু লোক তো পুকুর পাড়ে থাকাটাই স্বাভাবিক ছিল।সকাল হয়। মনার সাড়া নেই। মিশা অস্থির হয়ে ঝাঁপ দেয় পুকুরে। ডুব দিয়ে দেখে বাঁশের খুঁটির সঙ্গে মনার পা বাঁধা। এরপর আরেকজনের সহায়তায় মিশা মনার প্রাণহীন দেহ নিয়ে পানির ওপরে উঠে আসে। লিখিত আকারে দর্শক জানতে পারে সূস্থ হয়ে রূপালীর ফিরে আসার কথা। মনার কাহিনি ফিকে হয়ে যাওয়ার কথা। আবার অন্য গল্পও খুঁজে পান অনেকে। তখন দেখানো হয়, পুকুর ঘাটের সিঁড়ি বেয়ে নামছে রূপালী। মনা ভেসে ওঠে। তারপর দুজন একসঙ্গে ডুব দেয়। এ নাটকে এ টি এম শামসুজ্জামান, মাহফুজ আহমেদ, জয়া আহসান, হাসান মাসুদ, সিদ্দিকুর রহমানের অভিনয় মনে থেকে যাবে। ক্ষয়িষ্ণু মূল্যবোধ না দেখিয়ে গ্রামের সহজাত যে বৈশিষ্ট্য, তা তুলে ধরার জন্য ধন্যবাদ। বিশেষ করে খেলাধুলা নিয়ে গ্রামের যে উত্তেজনা, উৎসাহ, আনন্দ তা মনে করিয়ে দিতে পেরেছেন নাট্যকার ও পরিচালক।বিক্রয়ের জন্য নহেগল্প: মুসাফির সৈয়দ পরিচালনা: গোলাম কিবরিয়াচ্যানেল আইমাাঝেমধ্যেই আমরা ধান ভানতে শিবের গীত গেয়ে থাকি। কথাটি মনে এল এবারের ঈদে প্রচারিত নাটক বিক্রয়ের জন্য নহে দেখার পর। অবশ্য শিবের গীত সব সময় যে খারাপ অর্থে ব্যবহূত হবে তা তো নয়—ভালো অর্থেও এটি পাত্তা পেতে পারে। নাটক প্রসঙ্গে এই প্রবচনটি ব্যবহার করছি ভালো অর্থেই। কেননা মুসাফির সৈয়দের মূল গল্প অবলম্বনে গোলাম কিবরিয়ার পরিচালনায় নাটকটি একসঙ্গে ধান ভানল আবার শিবঠাকুরকেও ডেকে আনল—একটি আখ্যানের মাধ্যমে শুরু হয়ে কাহিনির সুতো গিয়ে বসল অন্য এক গল্পে। প্রথমেই দেখা গেল, ওয়াইড অ্যাঙ্গেলে ক্যামেরা চলমান—একজন মুক্তিযোদ্ধা দৌড়ে যাচ্ছে এবং তার পেছনে ছুটছে পাকিস্তানি সৈন্য। একসময় মুক্তিযোদ্ধাকে ধরে ফেলে সৈন্যদল, ক্যাম্পে নিয়ে গিয়ে অত্যাচার করে। স্ক্রিনে ভেসে আসে মুক্তিযোদ্ধা যুবকের আর্তচিৎকার। হঠাৎ হলো কি—ক্যামেরা ফোকাস করল পাকিস্তানি মেজরের পায়ে। তিনি তখন মুক্তিযোদ্ধার পা থেঁতলে দিতে উদ্যত। এ সময় একজন বলে উঠল, মেজর চাচা, হচ্ছে না, আপনি পায়ে পাড়া দেওয়ার পর প্লেটের এই ভাতের ওপর পা দেবেন। টিভির পর্দায় এবার ভেসে উঠল মনিটর সমেত ক্যামেরা। দারুণ ভিরমি খেলাম—আরে, এতক্ষণ তাহলে নাটকের ভেতরে মুক্তিযুদ্ধভিত্তিক একটি নাটকের শুটিং চলছিল!আস্তে আস্তে খোলসা হয় সবকিছু। বিক্রয়ের জন্য নহেতে পরিচালকের চরিত্রে রূপদানকারী অভিনেতা মেজররূপী চরিত্রটিকে যতই বোঝায়, আপনি ভাতের থালার ওপর বুট দিয়ে পাড়া দেবেন, সে ততই সংকুচিত। ভাতের থালায় পা রাখতে তার আপত্তি। কিন্তু মুখে সেই আপত্তি প্রকাশ করছে না। এ সময় আমাদের ছেলেবেলায় শোনা ‘ভাতে পা দিতে নেই’ লৌকিক এই সংস্কারের কথাই মনে পড়ে। তো এই দৃশ্যে শুটিং অসমাপ্ত রেখে নাট্যকাহিনিতে এরপর লাপাত্তা হয়ে যায় মেজর চরিত্রটি। তার মোবাইল বন্ধ, শুটিং ইউনিটের লোকজন মানুষটির ঠিকানাও জানে না। ঘটনাপরম্পরায় অবশেষে অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান মেলে। পরিচালক চরিত্রের অভিনেতা অনেক বলেকয়ে তাকে শুটিংয়ে রাজি করায়। তবে এবারও শুটিংকালে ভাতে পা দিতে সায় নেই তার। ঢের চেষ্টা—এমনকি নিজের পায়ের বুটটি ধুয়ে এনেও সেটি সে ভাতের ওপর রাখতে পারে না সংস্কারবোধের কারণে। নাটকের শেষ দৃশ্যে শুটিং ইউনিট থেকে সে পালাতে চেষ্টা করে। ধরা পড়ার পর কান্নাকণ্ঠে বলে, ‘আমি ভাতে পা দিতে পারব না।’ নাটকের এখানেই ইতি। স্ক্রিনে কুশলীদের নাম উঠছে আর ভাবছি, এত ক্ষুদ্র সামান্য বিষয়কে উপজীব্য করে এতক্ষণ আটকে রাখা; কোন গল্প দিয়ে শুরু হয়েছিল, কী রকমভাবেই বা শেষ হলো—পুরো ব্যাপারটা কেমন যেন চমকের মতো!না, খারাপ লাগেনি তো। বাজার চলতি দুয়ে-দুয়ে ছক্কা মেলানো নাটকের চেয়ে এ তো ঢের—সোনায় সোহাগা। তবে নাটকের মধ্যবর্তী বেশ কিছু জায়গায় নাটকীয়তা বেশ খানিকটা শিথিল। কখনো বা প্রশ্ন জাগে, কাহিনিকে টেনে লম্বা করা হলো কি? বিশেষত কোনো কোনো দৃশ্যে ক্যামেরা যখন ফিক্সড থাকে তখন আনমনেই কিছুটা বিরক্তি ভর করে।বিক্রয়ের জন্য নহের একটি বিশেষত্ব হলো, নাটকে কোনো নামী অভিনেতা নেই। নারী চরিত্রবর্জিত এই নাটকের নতুন-অনামী অভিনেতারা আয়োজন করে অভিনয় করেননি। দৈনন্দিন জীবন যেভাবে তাঁরা যাপন করেন, অনেকটা সেভাবেই কথাবার্তা হলো, তামাশা-টেনশন কিছুই বাদ পড়ল না ক্যামেরার লেন্স থেকে।বর্তমানে আমাদের দেশে এই ধারার অভিনয়চর্চা শুরু হয়েছে। এর বিপদটি হলো—পরিমিতির অভাব থাকলে এই ধারার অভিনয় কখনো কখনো অত্যন্ত হাস্যকর হয়ে উঠতে পারে। আশার কথা যে, বিক্রয়ের জন্য নহেতে এই দোষ অনুপস্থিত। অভিনেতারা নতুন হলেও সাবলীল। যে কারণে নাটকের নির্মাতাকে ধন্যবাদের সহিত বলাই যায়, বিক্রয়ের জন্য নহে দেখতে দেখতে ইরানি চলচ্চিত্র ঘরানার কথা আমাদের মনে পড়েছে।সাপ ও লুডুরচনা: রাশেদ মামুন অপুপরিচালনা: রাশেদ বিপ্লবদেশ টিভি...আমি বললাম আগে আমার গল্প শোনো/ সে বললো, শুনবো না যা/ সেই তো রানী, সেই তো রাজা/ সেই তো একই রাজারকুমার পঙ্ক্ষীরাজে/ শুনবো না যা ওসব বাজে। (মেঘ বালিকার জন্য রূপকথা: জয় গোস্বামী) মেঘ বালিকার মতোই টিভিনাটকের প্রতি আমাদের অনীহা যেন বেড়েই চলছে। নির্মাণসংখ্যা বাড়ছে, চ্যানেল বাড়ছে। কিন্তু আগ্রহের জায়গাটা ক্রমশ শিথিল হয়ে পড়ছে। এর জন্য অনেক কারণ থাকতে পারে। যার মধ্যে একটি উল্লেখযোগ্য হলো নাটকের গল্প। মেঘ বালিকার মতোই বলতে হয়, ‘সেই তো একই রাজারকুমার পঙ্ক্ষীরাজে’। সত্যিই তা-ই। বেশির ভাগ নাটকের গল্প একই রকম। শুরুটা দেখলে শেষটা বলা যায় অনায়াসে। রাশেদ বিপ্লব পরিচালিত সাপ ও লুডু নাটকও এর ব্যতিক্রম নয়।তবে হঠাৎ আলোর ঝলকানির মতো কিছু কাজ রয়েছে, সম্ভাবনা ছুঁয়ে ছুঁয়ে গেছে। ৪২ মিনিট বেমালুম জলে পড়ে যায়নি। ঈদের অনেক নাটকের মাঝে তাই সাপ ও লুডু ভিন্ন মাত্রার বিনোদন দিয়েছে। অভিনয়ে, আবহসংগীতে অতিমাত্রায় নাটকীয়তা রয়েছে। নাটক ও চলচ্চিত্রের মাঝে সূক্ষ্ম একটা ফারাক রয়েছে, যা বজায় থাকলেই ভালো। পরিচালক কারণে-অকারণে সেটি উতরানোর চেষ্টা করেছেন এবং ফিল্মি আবহ তৈরির ব্যর্থ প্রয়াস চালিয়েছেন, যা উদ্ভট হাসির জোগান দিয়েছে। আমরা তো নাটক দেখতেই বসেছি, সিনেমা নয়। সুতরাং পরিচালক আমাদের নাটক দেখালেই আমরা সন্তুষ্ট হই, অন্য কিছুতে নয়। এ প্রসঙ্গের অবতারণা একটি ভালো নাটকের জন্য। সাপ ও লুডু যেমন। কষ্টটা হলো, শেষাবধি সম্ভাবনাগুলো পরিণতি পায়নি।অপু একজন সন্ত্রাসী। গ্রাম থেকে আসে সাবা। প্রেমিকের হাত ধরে। যে গাবতলী বাস টার্মিনালে পৌঁছে সিএনজি ঠিক করার নাম করে সটকে পড়ে। যাওয়ার সময় নিয়ে যায় নগদ কিছু টাকা ও কয়েক ভরি স্বর্ণ। ওখানেই পরিচয় হয় অপু-সাবার। চলে আসে অপুর আস্তানায়। আপাতত ঠিকানা এটাই। চাকরি হলে বাসা ছেড়ে চলে যাবে। এরই মাঝে দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে। যদিও অপু কথায় কথায় বলে, প্রতারকদের সে মোটেই দেখতে পারে না। সাবাও প্রতারক। সে প্রতারণা করেছে আশ্রয়দাতা খালার সঙ্গে। অপুর জীবনেও রয়েছে বেদনাঘন অধ্যায়। কথায় কথায় সে নিজেকে কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা গালি দেয়। কারণ নিজের বাবাকে সে তা-ই মনে করে। অপুর নানা তাকে জায়গির রাখে। পড়াশোনা করায় এবং মেয়ের সঙ্গে বিয়ে দেয়। অথচ সেই লোক শহরে এসে অপুর মাকে বিক্রি করে দেয়। অপু সেই থেকে প্রতিশোধ নেওয়ার জন্য বাবাকে খোঁজে আর নাড়ির টানে মাকে।অপু যেদিন সাবার চাকরির ব্যবস্থা করে ঘরে ফেরে, সেদিনই সাবার ওপর অত্যাচারের চেষ্টা চালায় তার দলের ছেলে আফগান। ফলস্বরূপ আফগানকে খুন করে অপুরূপী মানিক। তারপর সাবাকে নিয়ে বেরিয়ে পড়ে স্বপ্ন সফল করতে। বাধা দেয় দলের আরেক সদস্য ফয়সল। আফগানের পরিণতি বরণ করতে হয় অপুকে। ফয়সলের হাত ধরে সাবা। শেষ হয় নাটক।অভিনয়, চিত্রগ্রহণ, স্থান নির্বাচন অনেকাংশেই প্রাসঙ্গিক ছিল। শুধু অপুর অভিনয় কখনো কখনো অতিনাটকীয় মনে হয়েছে। সাবা ছিল পরিমিতি বোধে উজ্জ্বল। আল মনসুর চরিত্রের চাহিদা অনুযায়ী করেছেন। অন্যরা নবীন। তার পরও ভালো করেছেন। নাটকটিতে প্রতীকী ভাবনার বিষয়টা ছিল অভিনন্দনযোগ্য। পরিচালনায় রাশেদ বিপ্লব মনোযোগ কাড়তে পেরেছেন। স্বপ্নের হাতেরচনা ও পরিচালনা: তৌকীর আহমেদএনটিভিএটিকে ঠিক নাটক না বলে জীবনানন্দ দাশের ‘কবিতায় ভ্রমণ’ বলাই বেশি যুক্তিযুক্ত হবে। পুরো নাটকটিই বাস্তব আর কল্পনার খেলা।নাটকের মূল চরিত্র কবি। অভাবের সংসারে নানা টানাপোড়েনের মধ্য দিয়ে এগিয়ে চলে তাঁর কাব্যচর্চা। কবির স্ত্রী রানুর ধারণা, কবি তাঁকে অবহেলা করেন, আর ভালোবাসেন লতা নামের এক নারীকে। ‘তুমি আমাকে ভালোবাসো না, তুমি ভালোবাসো লতাকে।’ স্ত্রীর এ জিজ্ঞাসার কোনো জবাব দিতে পারে না আনন্দ। কবির কলেজের চাকরি চলে যায়, কিন্তু তিনি রূপগঞ্জে ছুটে যান কবিতার বই প্রকাশের জন্য। শেষ দৃশ্যে কবি বাড়ি ফিরে দেখেন, সব পাণ্ডুলিপি তাঁর স্ত্রী আগুনে পোড়াচ্ছেন। কিন্তু তাতে কবির উদ্বেগ নেই। স্ত্রীর নামে উৎসর্গ করা সদ্য প্রকাশিত বইটি স্ত্রীর দিকে এগিয়ে দিয়ে কবি বলেন, ‘অসুবিধা নেই, বইটি ছাপা হয়ে গেছে।’ কবি এভাবেই স্ত্রীর প্রতি তাঁর ভালোবাসার প্রমাণ দেন। কবি বুঝিয়ে দেন, লতা নামে কেউ নেই, এটি তাঁর কল্পনা।নাটকের কোথাও কোথাও জীবনানন্দ দাশের জীবনের ছায়ার দেখা মেলে ঠিকই, কিন্তু এটিকে কোনোভাবেই জীবনানন্দের জীবনীভিত্তিক নাটক বলা যাবে না। নাট্যকার সে দাবিও অবশ্য করেননি। জীবনানন্দ দাশের জীবনী কিংবা ইতিহাসের চোখে দেখলে নানা অসংগতি চোখে পড়তে পারে, সে আলোচনা এখানে না করাই সংগত। কিছু সীমাবদ্ধতা সত্ত্বেও ভালো কাজের চেষ্টা হিসেবে এ উদ্যোগ প্রশংসার দাবিদার।পুরো নাটকের বিশাল অংশজুড়ে জীবনান্দের কবিতা আবৃত্তি করা হয়েছে। জীবনানন্দের কবিতা শুনতে কার না ভালো লাগে! জীবনানন্দের কবিতার জুতসই ব্যবহার নাটকটিকে গতিশীল করেছে। তৌকীর আহমেদ, নাদিয়া, সোহানা সাবা—তিনজনই ভালো অভিনয় করলেও কবির স্ত্রীর চরিত্রে নাদিয়ার অভিনয় আলাদাভাবে দৃষ্টি কাড়ে। চমৎকার কিছু দৃশ্যকল্প নাটকটিকে উপভোগ্য করে তুলেছে। ক্যামেরার যত্নশীল কাজ চোখে পড়ার মতো। চিত্রগ্রাহক জুয়েল দাসকে অনেক ধন্যবাদ এমন দৃষ্টিনন্দন কাজ উপহার দেওয়ার জন্য।বিহাইন্ড দ্য স্পিনিং বলরচনা: আকরাম খান ও নাজাকাত খানপরিচালনা: আকরাম খানযাঁরা বিশ বা ত্রিশের কোঠা পেরিয়ে গেছেন, তাঁদের মনে বিরক্তি উৎপাদন করতে পারে নাটকটি। প্রেম-ভালোবাসা-বিরহ নিয়ে যাঁদের মনে একটি স্পষ্ট ছবি আছে, তাঁরাও হতাশ হবেন। বিহাইন্ড দ্য স্পিনিং বল একেবারেই এ সময়কার টিনএজারদের কাহিনি। শুধু তা-ই নয়, একেবারেই শহুরে বিত্তবান টিনএজারদের আধিপত্যেই কেটে যায় নাটকের পুরোটা সময়। এই তারুণ্য সম্পর্কে যাঁদের অভিজ্ঞতা নেই, তাঁরা কষ্ট পাবেন। কিন্তু সত্য হলো, এরা আমাদের দেশেরই ছেলেমেয়ে। এ রকম একটি প্রজন্ম গড়ে উঠেছে আমাদেরই আশপাশে। ওদের ভাবনা, কাজের ধরন, মনের গড়ন অনেকের কাছেই দুর্বোধ্য। এদের চালচলনে, পোশাক-আশাকে হলিউড ও বলিউড ছবির প্রভাব আছে; আছে পশ্চিমা সংগীতের প্রগাঢ়তা। জীবনযাপনের ধরনেও ওরা প্রবহমান বাঙালিয়ানার ধারেকাছেও নেই। কিন্তু এরা আছে। এরা এদের মতো করেই আছে। বাংলা বাক্যের মধ্যে দুটি ইংরেজি শব্দ উচ্চারণ করা অথবা নিজের অনুভূতি প্রকাশে শুধুই ইংরেজির কাছে ওরা নতজানু। কেন এরা এ রকম, এ ধরনের জীবনধারা সমর্থন করা হবে কি হবে না, সেটা বিতর্কের বিষয় হতে পারে, কিন্তু এদের অস্তিত্ব এড়ানো যাবে না। তাদের নিয়েই আকরাম খান ও নাজাকাত খানের রচনায় এই নাটক।চারজন ও-লেভেলপড়ুয়া তরুণ-তরুণীকে নিয়ে কাহিনির শুরু। তাদের কথাবার্তায় ক্লাব, পড়াশোনা তো আছেই। সে সঙ্গে আছে ফেসবুক আর মোবাইল। এ বলয়েই যখন অন্য একটি তরুণীর (সোহেলি) প্রবেশ ঘটে এবং ওকে নিয়েই শুরু হয় স্যাম-রাফি দুই তরুণের দ্বন্দ্ব, তখনই সম্পর্কের টানাপোড়েনের মাধ্যমে গতি পায় নাটকটি। ধানমন্ডিতেই ঘোরাফেরা করে কাহিনি, তবে তা গুলশান, বনানী, উত্তরায় হলেও ক্ষতি ছিল না। মোটরসাইকেল নিয়ে একজন ‘বড় ভাই’ও এখানে আছেন, যিনি এই এলাকার যাবতীয় ঝামেলা মেটান; সোজা কথায় এলাকার বড় মাস্তান। ন্যাশনাল এইট বল প্রতিযোগিতায় প্রতিদ্বন্দ্বী দুই প্রেমিকই ওঠে ফাইনালে (এদের মধ্যে স্যামকে ভালোবাসে মেয়েটি)। জিতলেই বিশ্বসেরা প্রতিযোগিতায় যাওয়ার হাতছানি। সেখানেই রাফি স্বেচ্ছায় হেরে যাওয়ার ঘোষণা দেয়, যদি মেয়েটাকে ছেড়ে দেয় স্যাম। স্যাম ভালোবাসা হারাতে চায় না, কিন্তু প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য মেয়েটাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। এরপর মানসিক দ্বন্দ্ব আর নানা ধরনের ঘটনার পর একসময় রাফিকে গুলি করতে চায় স্যাম। সোহেলি এসে রাফির সামনে দাঁড়ায় এবং গুলিটা ওরই বুকে লাগে। মৃত্যুর আগে সোহেলি বলে যায়, স্যামকে ফিরে পাওয়ার জন্যই রাফির সঙ্গে প্রেমের অভিনয় করেছিল সে।এই শেষ দৃশ্যটা অন্যরকম হতে পারত। এ সময়ের টিনএজারদের নিয়ে নির্মাণ করা কাহিনির এই পরিণতি হবে, তা ভাবিনি। এ যেন বাংলা সামাজিক ছবির দৃশ্যায়ন। দুর্বল শেষ দৃশ্যটির কথা মনে রেখেও নাটকটি নিয়ে লেখা যায় এই কারণে যে এই শ্রেণী ও বয়সের তরুণেরা নিখুঁতভাবে উঠে এসেছে আকরামের নাটকে। অভিনয়শিল্পীদের (নাজাকাত খান, ইমতু রাশিত, মেহজাবিন চৌধুরী, স্পর্শিয়া) চলনে-বলনে, দেহভাষায় কোনো আড়ষ্টতা ছিল না। ওদের ঠিকভাবে তুলে আনার কৃতিত্ব পরিচালক আকরাম খানকে দিতেই হবে।শনিবার রাত ১০টা ৪০ মিনিটরচনা ও পরিচালনা: আশরাফ চন্চলবাংলাভিশনএমনটা অনেকেরই হয়। রাস্তায় হয়তো রিকশাওয়ালা বেশি ভাড়া চাচ্ছে। অটোরিকশা যেতে চাইছে না কোনোমতেই। সরল-সোজা, ভালো মানুষেরও তখন রক্ত মাথায় উঠে যায়। মনে হয়, ‘আজ তোকে খুনই করে ফেলব।’ অবশ্য রাগটা দ্রুতই পড়ে যায়। তেমন কিছুই আর করা হয় না রাগী মানুষের। আবার কিছু মানুষ আছে, যারা সামান্য টাকার বিনিময়ে গোটা একটা জীবন থামিয়ে দেয় মুহূর্তেই। এই নাটক এ বিষয়টা আমাদের মনে করিয়ে দেয়।বাজারে বেগুন বিক্রেতা বেশি দাম নিল বেগুনের। তাকে তো ছেড়ে দেওয়া যায় না। প্রবীণ শিক্ষক হক সাহেব (আবুল হায়াত) জানিয়ে দেন, তিনি চাইলে অনেক কিছুই করতে পারেন। কী করতে পারেন তিনি, তার নমুনাও আমরা দেখতে পাই। বেগুন বিক্রেতার কাছ থেকে হক সাহেব চলে আসেন ফোন করার দোকানে। গোপনে ফোন করেন হান্নানকে। আলাপচারিতায় বোঝা যায়, হান্নানকে এরই মধ্যে তিনি কয়েকবার ফোন করেছেন। এই হান্নান ভাড়াটে খুনি। সাত হাজার টাকার বিনিময়ে একজনকে সরিয়ে দিতে পারে পৃথিবী থেকে। কিন্তু হক সাহেব একেকবার একেক নাম বলতে থাকেন। হান্নান বিরক্ত হয়ে তাঁকে সময় দেয় শনিবার রাত ১০টা ৪০ মিনিট পর্যন্ত। এর মধ্যে মাত্র একটি নাম-ঠিকানা জানাতে হবে।শনিবার রাতটা ছিল বৃষ্টির। বাড়ি ফিরে ছোট একটা নোটবুকের একেক পৃষ্ঠায় একেকটি নাম লিখতে থাকেন। স্কুল ঘিরে স্থানীয় রাজনীতির নেতিবাচক দিকটাও এসেছে, যা শেষ পর্যন্ত নাটকের পরিণতি হয়ে দাঁড়ায়। ভাড়াটে খুনির টাকা জোগাড়ের জন্য বেতন হওয়ার দু-এক দিন আগে হিসাবরক্ষকের কাছে অগ্রিম টাকা চান তিনি। হিসাবরক্ষক দিতে পারেন না। সঙ্গে সঙ্গে নাম লিখে ফেলেন হক সাহেব। হিসাবরক্ষক এক কাপ চা খেয়ে যেতে বলেন। নামটা কেটে দেন হক সাহেব।স্কুলের নতুন প্রধান শিক্ষক হিসেবে অন্য শিক্ষকেরা ভাবেন হক সাহেবের কথা। এ পদের জন্য রাজনৈতিক সমর্থন পাওয়া আফজাল সাহেবও আছেন। স্কুল কমিটির এক সদস্য হক সাহেবকে থামানোর জন্য ঘুষও দিতে চান। হক সাহেব ঘুষ খাবেন না।রাত ১০টার আগে একে একে নাম কাটতে থাকেন তিনি। শেষে একটা থেকে যায়, আফজাল সাহেবের নাম। তখন রাত ১০টা ৩৫-এর বেশি। স্ত্রী এসে জানান, স্কুল পরিচালনা কমিটির সভাপতি ফোন করে বলেছেন, হক সাহেব হচ্ছেন পরবর্তী প্রধান শিক্ষক। হক সাহেব আফজালের নামটাও কেটে দেন। কিন্তু এ সমাজে সবাই তো হক সাহেবের মতো নন। স্ত্রী চলে গেলে দরজায় কড়া নাড়ার শব্দ শোনা যায়। হক সাহেব মোমবাতি হাতে দরজা খোলেন। আগন্তুকের নাম হান্নান। হক সাহেব তাকে ফোন করেননি। তাহলে কেন এল হান্নান? ভাড়াটে খুনি বলে ওঠে, ফোন করেছে আফজাল সাহেব। হান্নান হাত দিয়ে টিপে মোমবাতির শিখা নিভিয়ে দেয়। নাটক শেষ। রাত ১০টা ৪০ মিনিট পর্যন্তই পরিচালক নাটকের টেনশন ধরে রাখতে পেরেছেন। এখানেই সফলতা। হক সাহেবের ভেতরের অস্থিরতা পুরোটাই বোঝা গেছে আবুল হায়াতের অভিনয়ে। বিশেষ করে, গ্রামের রাস্তায় তাঁর সাইকেল চালানোর দৃশ্যের কথা বলতেই হয়। সমানতালে অভিনয় দেখিয়েছেন হক সাহেবের স্ত্রী সাবেরী আলম।গোধূলিরচনা: দিলারা হাশেম সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা: এজাজ মুন্নাএনটিভিগোধূলি টেলিছবির সম্পর্কে বলতে গেলে বলতে হয়, মধ্যবিত্ত জীবনের ঘাত-প্রতিঘাতগুলো এখানে প্রতিফলিত হয়েছে। পাশাপাশি আমাদের দেশের ফর্মুলা চলচ্চিত্রের নানা বিষয়ের আভাস এখানে পাওয়া যাবে।টেলিছবিটি শুরু হয় প্রধান তিন পাত্র-পাত্রী সুরমা, জাওয়াদ ও সুরমার বাবার পথচলার শটের মাধ্যমে। ‘জীবন চলছে’ এ কথাটি যেন শুরুর শটের মধ্যদিয়ে নির্মাতা আগেভাগেই দর্শকমনে জারি করে রাখেন। একই সঙ্গে ওই শটের মধ্যেই পাওয়া যায় সুরমার বাবার বাইসাইকেলটি একজন চুরি করে নিয়ে গেল।এরপর ভেসে ওঠে মূল কাহিনির দৃশ্য—সুরমা এসেছে তার প্রেমিক জাওয়াদের বন্ধু রিফাতের বাসায়। এখানে একটি নাচ-গানের অনুষ্ঠান চলছে। রিফাত সুরমাকে চলচ্চিত্রে নায়িকা হিসেবে কাস্ট করতে চায়। স্নাতকোত্তর পাস করা সুরমা অভাবী পরিবারকে স্বচ্ছলতা দিতে চায় চলচ্চিত্রাভিনয়ের মধ্য দিয়ে। ওদিকে তার প্রেমিক জাওয়াদ কবিতা লেখে। সে চায় না সুরমা চলচ্চিত্রে অভিনয় করুক। চায় না সুরমার বাবাও। কিন্তু আর কোনো পথ খোলা নেই—পসন্দসই একটি কাজও জোটে না সুরমার। তাই অবশেষে অভাব মোচনের অস্ত্র হিসেবে চলচ্চিত্রে অভিনয়ই সই। মধ্যবিত্ত জীবনের নুন আনতে পান্তা ফুরানো অভিঘাত আর বিচিত্র দ্বন্দ্ব পেরিয়ে শেষমেশ সুরমা চলচ্চিত্রে অভিনয় না করার সিদ্ধান্ত নেয়। ফিরে আসে জাওয়াদের কাছে। এর মধ্যে তার বাবাকে পুলিশ ধরে নিয়ে যায়। তারপরও ওরা স্বপ্ন দেখে নতুনভাবে বাঁচার। গোধূলি নির্মিত হয়েছে দিলারা হাশেমের একদা এবং অনন্ত উপন্যাস অবলম্বনে। এখানে বাস্তবতার তীব্র অভিঘাতমুখী এমন কিছু দৃশ্য আছে, যা দর্শকের মনে লেগে থাকতে বাধ্য। তবে সেটা টেলিছবিতে বাস্তবতার এতসব চিহ্নের সাপেক্ষে সহজ-সরল মিলনাত্মক পরিণতি কেমন যেন বৈসাদৃশ্য। অভিনয়ে সুরমা চরিত্রে মম ও জাওয়াদ চরিত্রে সজলের অভিনয় বাস্তবানুগ—চরিত্রের সঙ্গে বেশ মানিয়ে যায়। এ ছাড়া সুরমার বাবা ও মায়ের ভূমিকায় অপূর্ব মজুমদার ও সাবেরী আলম যে অভূতপূর্ব অভিব্যক্তি দেখিয়েছেন, তা তাঁদের সুঅভিনয়শৈলীরই পরিচায়ক। গোধূলির দৃশ্য বিন্যাসে পরিচালকের মুন্সিয়ানাও চোখে পড়ার মতো। অন্তর্গতারচনা: আনিসুল হকপরিচালনা: শামীম শাহেদচ্যানেল আইনাটকটি দৃশ্যধনে ধন্য। কক্সবাজারে যে নাটকের শুটিং হয়, সে নাটকটি দৃষ্টিনন্দন তো হবেই। তবে যে কারণে এটি শেষ পর্যন্ত দেখতে হয়, তা হলো, ঘটনার অভিনবত্ব। মা জোর করে বিয়ে দিয়ে দিচ্ছিল বলে মেয়েটি (তিশা) বন্ধুর কাছে চলে আসে কক্সবাজারে। কিন্তু অভিভাবকদের অমতে বিয়ে করবে না, এ কথা জানিয়ে দেয় বন্ধুটি (মাজনুন মিজান)। সেখানেই ঝগড়া। সেখান থেকেই একা মেয়েটি চলে আসে ক্যাফেতে। এখানে দেখা হয় নতুন একটি ছেলের সঙ্গে (তাহসান)। এ এক অদ্ভুত মানুষ। রহস্যময়। কেন একটি নির্দিষ্ট সময়ে এখানে সে আসে, সে কথা শুরুতে বোঝা যায় না। ছেলেটির জীবনের কিছু কথা শোনে মেয়েটি। জানতে পারে, একটি মেয়ের জন্যই ছেলেটির এই অপেক্ষা। কিন্তু ওই নির্দিষ্ট রাতে ছেলেটির ভাই এসে জোর করে ছেলেটিকে নিয়ে যায়। কথায় বোঝা যায়, তাহসানের বুঝি মানসিক রোগ আছে।বন্ধুর সঙ্গেই ফিরে আসে মেয়েটি। কিন্তু মাকে বলে, নিজের পছন্দমতোই বিয়ে করবে। তত দিনে তাহসানের প্রতি একধরনের অনুভূতির সৃষ্টি হয়েছে মেয়েটির মনে। এরপর যা ঘটে, তার পার্থিব কোনো ব্যাখ্যা নেই হয়তো বা, কিন্তু সেটাই নাটকটিকে ভিন্ন মাত্রা দেয়। তাহসান একটি খালি চেয়ারের সঙ্গে কথা বলছিল, সে কথা মনে পড়ে মেয়েটির। এবার যখন আবার কক্সবাজারে ছেলেটির খোঁজে আসে তিশা, তখন ছেলেটির পছন্দের খাবারের অর্ডার দেয়। ছেলেটি আসে, তার সঙ্গে কথা হয়। খাবার বেড়ে দেয় তিশা। কিন্তু দূর থেকে যখন ক্যামেরা আবার তিশার কাছে ফিরে আসে, সামনের চেয়ারটা দেখা যায়, তখন বোঝা যায়, সেখানে আর কেউ নেই। তিশা একা। একা একাই কথা বলে চলেছে শূন্য চেয়ারের সঙ্গে। যে কাজটি তাহসান করত তার প্রেমিকা হিসেবে চেয়ারকে কল্পনা করে।এটুকুই কাহিনি। তবে সবার স্বচ্ছন্দ অভিনয়, দৃশ্যপট ও কাহিনির অভিনবত্ব নাটকটি শেষ না করে ওঠার সুযোগ দেয় না। একটা কথা। ইদানীং যে নাটকই দেখছি, তাতে ইংরেজি গানের ব্যবহার লক্ষণীয়। হলিউডি রোমান্টিক ছবিতে এ ধরনের ব্যবহার এত বেশি দেখা যায় যে তার ব্যবহার বাংলা নাটকের কাহিনিতেও সুপ্রযুক্ত কি না, তা ভেবে দেখতে পারেন পরিচালকেরা। এ নাটকটিও তার ব্যতিক্রম নয়। ইংরেজি গান শুনতে ভালো লাগে ঠিকই, কিন্তু একই সঙ্গে মনে পড়ে সালাউদ্দিন জাকীর পরিচালনায় ঘুড্ডি ছবিতে ‘আবার এল যে সন্ধ্যা’ গানটির ব্যবহারের কথা। আমরা কূপমণ্ডূক হয়ে থাকব, সেটা বলি না। ইংরেজি বা হিন্দি থেকে ভালো কিছু গ্রহণ করব না, সেটাও বলি না। বলি, ভালো বাংলা গানকেও তো নাটকে স্থান দিতে হবে।সনাতন বাবু ও তার স্বপ্নের শেষ প্রজাপতিগুলোকাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: অঞ্জন আইচমাছরাঙাগল্পটা সনাতন বাবুকে নিয়ে। সমাজের আর দশজন থেকে ভিন্নতা হলো, তাঁর স্বপ্নের কিছু প্রজাপতি রয়েছে। এই নিয়ে টেলিফিল্ম সনাতন বাবু ও তার স্বপ্নের শেষ প্রজাপতিগুলো। সনাতন বাবু একজন কবি। সত্তরোর্ধ্ব মানুষ। দীর্ঘদিন ধরে কবিতা লিখছেন। কিন্তু কবিতার বই বেরোয়নি। সনাতন বাবুর চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। একই চরিত্রের দ্বৈত ভূমিকায় অভিনয় করেছেন তিনি। কবি থাকেন দূর মফস্বলের এক গ্রামে। প্রতিবছর কবি সম্মেলন উপলক্ষে ঢাকায় আসেন। কবির ভক্ত শাহাদাৎ হোসেন, যার বন্ধু শাহরিয়ার নাজিম জয় একজন প্রকাশক।এবারের কবি সম্মেলনেও কবির ঢাকায় আগমন ঘটে। যথারীতি দেখা হয় ভক্তের সঙ্গে। সে সুবাদে প্রকাশকের সঙ্গেও। কবির কথায় ও কবিতা পড়ে প্রকাশক মুগ্ধ হন। কবি ফিরে যায় আপন আলয়ে। ভক্ত অফিসের কাজে চীনে। প্রকাশকের অফিসে একটি মানিব্যাগ পাওয়া যায়, যার সূত্রে প্রকাশক চলে যান কবির গ্রামের বাড়ি। সেখানে কবি ও কবিপত্নী তাঁকে যথেষ্ট সমাদর করে। কবিপত্নীর বয়স ২০ থেকে বড়জোর ২২। প্রকাশক গ্রামের এই মেয়ের সহজ-সাবলীল ব্যবহারে সম্মোহিত হন। রাতের অন্ধকারে রাস্তায় হাঁটতে হাঁটতে একবার তিনি মেয়েটির একটি প্রেতমূর্তিও দেখেন।অদ্ভুত এক অভিজ্ঞতা নিয়ে ফিরে আসেন প্রকাশক। ফেরে ভক্তবন্ধু। কথা ওঠে কবির মানিব্যাগ নিয়ে। দেখা দেয় বিরোধ। ভক্ত নিশ্চিতভাবে জানায়, কবি চিরকুমার। তাহলে প্রকাশক কী দেখে এলেন? দ্বন্দ্ব নিরসনে তাঁরা যান কবির বাড়ি; সঙ্গে যোগ দেয় ভক্তপত্নীও। ভক্তের কথাই ঠিক। তাহলে প্রকাশক কী দেখেছিলেন? মুখ খোলেন কবি। জানান, ৪০ বছর আগের ঘটনা। ফ্ল্যাশব্যাকে চলে যায় কাহিনি। সময় মুক্তিযুদ্ধ। দেখা যায় তরুণ কবিকে আর প্রকাশকের দেখা কবির তরুণী বউকে। এখানেই সনাতন বাবুর শেষ প্রজাপতিগুলোর বসবাস। এই নিয়ে টেলিফিল্ম সনাতন বাবু ও তার স্বপ্নের শেষ প্রজাপতিগুলো।গল্পকে সব সময় জীবনের কাছাকাছি হতে হয়। কিন্তু কোনো কোনো ক্ষেত্রে অতিপ্রাকৃত ঘটনার চিত্রায়ণ কিংবা রহস্যময় ঘটনার প্রকাশে অতিপ্রাকৃত ঘটনা টেনে আনা নতুন কিছু নয়। আমরা এই গল্পে বার বার ধন্ধে পড়ি। বাস্তব ও অবাস্তব মিলেমিশে একাকার হয়ে নাটকটিকে ভিন্নমাত্রা দিয়েছে। সব নাটককেই সহজ পথে চলতে হবে, তা নয়। এ কারণেই নাটকটি স্রোতে ভেসে যাওয়া নাটকগুলোর চেয়ে আলাদা। শেক্সপিয়রের কাছ থেকে ধার নিয়েই আমরা বলতে পারি, পৃথিবী এবং অসীমে এমন অনেক ঘটনাই ঘটে, যার ব্যাখ্যা পাওয়া ভার। নাটকের ঘটনাটাও সে রকম। সাদা চোখে বাস্তবের সঙ্গে মিলিয়ে দেখলে হয়তো চোখে আঙুল দিয়ে অসংগতিগুলো দেখিয়ে দেওয়া যায়, কিন্তু নাট্যকার ও পরিচালক অঞ্জন আইচ ব্যতিক্রমী কিছুই করতে চেয়েছেন। তবে একটি কথা না বললেই নয়, অঞ্জন আইচের কাছ থেকে একেবারে ভাবনার খোলনলচে পাল্টে দেওয়ার মতো টেলিফিল্ম প্রত্যাশা করি। সনাতন বাবুর কাহিনি ভালো হলেও আরও ভালো হতে পারত।দ্য ট্রায়াল রচনা: মাসুম রেজাপরিচালনা: সৈয়দ আওলাদএটিএন বাংলাদ্য ট্রায়াল নাটকের শুরুতে দেখা যায় নাট্যকার ফারুক ও অভিনেত্রী শায়লা দম্পতির ড্রয়িংরুম। ফারুক দ্য ট্রায়াল নামে নতুন একটি নাটক লিখেছে। ফারুক ও শায়লা মিলে ওই নাটকের স্ত্রিপ্ট পড়তে থাকে আর আমরা দেখতে পাই নাটকের ভেতর শুরু হয়েছে নতুন এক নাটক। এই নাটকটি একটি বিচারালয়ের দৃশ্য। দেখা যায়, অভিনেত্রী শায়লার চরিত্রের তারিন, ফারুকের লেখা দ্য ট্রায়াল নাটকে যার নাম আবার নাসরিন নাহার, তার বিচার শুরু হয়েছে। অভিযোগ, সে মিতি মল্লিক নামে আরেক অভিনেত্রী মৌসুমীর ক্যারিয়ার ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত। যে কারণে মিতি অভিনয় ছেড়ে দিতে চায়। এখানে শায়লার স্বামী ফারুক চরিত্রের তৌকীরকে আইনজীবীর ভূমিকায়ও দেখা যায়। মূল নাটকের ভেতর এই বিচারালয় এক ধরনের ফ্যান্টাসি। কেননা, এখানে অভিযোগগুলো সরাসরি অভিযোগকারী উত্থাপন করে না; অভিযোগ যেন আপনাতেই বিচারের এজলাসে ওঠে। পরে বিচারক চরিত্রের মাসুদ আলী খানের কথায় আমরা বুঝতে পারি—এটি বিবেক বোধের বিচারালয়। গোটা নাটকে নাটকের ভেতর অন্য নাটক আছে। আছে ফ্লাশব্যাকের মধ্যে আবারও ফ্লাশব্যাকের নমুনা। কিন্তু কাহিনির মূল বিষয় হলো, এতে বর্তমান অভিনেতা-অভিনেত্রীদের জীবন ও ভিস্যুয়াল মিডিয়ার অধুনা বাস্তবতা দৃশ্যমান করার পাশাপাশি বিবেককে উসকে দেওয়া। তৌকীর ও তারিনের অভিনয় মানানসই। ক্যামেরার কাজ গতানুগতিক। নাটকের সংগীত ব্যবহার নিয়ে আরেকটু বোধহয় ভাবনার অবকাশ ছিল। সবকিছু মিলিয়ে অন্য রকম নাট্যকাহিনি ও বৈচিত্র্যপূর্ণ উপস্থাপনাই দ্য ট্রায়ালকে আকর্ষণীয় করে তুলেছে।