ঈদের কিছু নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে বিভিন্ন চ্যানেলে প্রচারিত কয়েকটি নাটক নিয়ে লিখেছেন জাহীদ রেজা নূর, শওকত হোসেন, কবির বকুল, পল্লব মোহাইমেন, ফিরোজ জামান চৌধুরী, সিমু নাসের ও নির্লিপ্ত নয়নআলেয়ার ফুলথমকে দাঁড়িয়েছে লেখকের কলম। কোনোভাবেই এগোচ্ছে না নতুন উপন্যাসটি। দাঁড় করাচ্ছেন কোনো ঘটনা, আবার পরমুহূর্তেই পছন্দ না হওয়ায় ছুড়ে ফেলে দিচ্ছেন পাণ্ডুলিপির কাগজগুলো। আলেয়ার ফুল টেলিফিল্মের শুরুতেই আমরা পেয়ে যাই লেখক-সৃষ্ট চারটি চরিত্রকে। যাদের তিনজন মিলে একটি পরিবার আর চতুর্থজন তাদের পারিবারিক সম্পর্কের মধ্যে মস্ত বড় প্রশ্নবোধক চিহ্ন। এরপর নতুন নতুন চরিত্র আসতে থাকে, যাদের মধ্যে আন্তসম্পর্ক নেই, কিন্তু কোনো না কোনোভাবে তাদের কাছাকাছি আনার চেষ্টা থাকে লেখকের। খুবই শহুরে কাহিনি, খুবই ডিজিটাল সময়ের সংকট, খুবই ধনাঢ্য মানুষের জীবনধারার বয়ান এটি। লেখক এ সময়কার মানুষ, একেবারেই নাগরিক জীবনে অভ্যস্ত এবং সমস্যাগুলোর সঙ্গে খুব বেশি পরিচিত একজন। যে চরিত্রগুলো তিনি সৃষ্টি করেছেন, তারাই নানা সময় এসে লেখকের চিন্তাভাবনার মধ্যে ঢুকে পড়ছে, জবাবদিহি চাইছে। নূরুল আলম আতিকের বিকলপাখির গান নাটকটি দেখে উচ্ছ্বসিত হয়েছিলাম গত বছরের ঈদে। এবার আলেয়ার ফুল ঠিক সে রকম অনুভূতিরই জন্ম দিল মনে। এর চিত্রনাট্য লিখেছেন আতিক আর সুবর্ণা সেজুঁতী টুসি।আলেয়ার ফুল টেলিফিল্মের প্রধান চরিত্র লেখকটি বহুপ্রজ নন। তাই একটি ঘটনাই বারবার নতুন করে ভাবতে থাকেন। প্রত্যেকটি চরিত্র এসে তাঁকে বিভ্রান্ত করতে থাকে। লেখক প্রত্যেকটি চরিত্রকে এমন এক সংকটের মধ্যে ফেলে দেন, যা নিয়ে তারা প্রত্যেকেই বিচলিত হয়ে পড়ে, বিচলিত হন লেখক নিজেও।অসাধারণ নাটক, তবে কিছু ব্যাপারে কিছু কথা: স্ত্রীর অবর্তমানে প্রেমিকাকে নিয়ে নিজবাড়িতে রাত্রিযাপন এবং সকালবেলায় কলবেল শুনে কোনো কিছু না ভেবেই দরজা খুলে নিজের বিপদ ডেকে আনার বিষয়টি কাঁচা বলে মনে হয়েছে। দু-একজনের অভিনয়ে নাটুকেপনা ছিল, অনন্যার প্রেমিক ছেলেটি (তানিম নয়) অনন্যাকে বাঁচিয়ে রাখার জন্য যখন আকুতি করে, জেদ করে, তখন তা বহু দিন ধরে দেখে আসা টিভিনাটকের বিভিন্ন চরিত্রের মুখে শোনা নাটকীয় সংলাপ বলেই মনে হয়। ডিজিটাল যুগ এসেছে, তরুণদের ব্যবহারে এসেছে পরিবর্তন, ব্যক্তিজীবনের সংকটগুলোও এখন ভিন্ন ধরনের, কিন্তু অভিনয়ের কোনো কোনো জায়গায় এই পরিবর্তনগুলো এসে ধাক্কা দেয়নি। ফলে এ রকম কোনো দৃশ্য এলেই মনে হয়, একই দৃশ্য দেখছি দিনের পর দিন। এটা আতিকের সমস্যা নয়, নাট্য-স্কুলিংয়ের সমস্যা। জীবন থেকে না শিখে নাটক থেকেই শেখার কারণে এ রকমটা হতে পারে। মীর সাব্বিরের গাড়ির নিচে পড়েছিল মেয়েটি, ও কি মারা গেল সত্যিই, সাব্বিরের ছেলেটি কি বাঁচবে—এই নিয়ে চলতে থাকা দ্বন্দ্ব শেষমুহূর্ত পর্যন্ত সচল রাখে নাটককে। বারবার কিছু লেখার পর আবার ঘুরিয়ে প্রথম জায়গায় নিয়ে আসার বিষয়টি ভালো লেগেছে। বরাবরের মতো এবারও আতিকের টেলিফিল্মে সংগীতের ব্যবহার ভালো। আতিকের গল্প বলার ক্ষমতা ঈর্ষণীয়, কিন্তু সব নাটকে তাঁকে তাঁর মতো করে পাই না কেন?ফেরার পথ নেই, থাকে না কোনোকালেযে ঘটনা ঘিরে নাটকটির ভিত, কাহিনির যে বিন্যাস তাতে নাটকটি শুরু থেকেই দৌড়াতে থাকে। দর্শককে বসতে হয় নড়েচড়ে। নাটকটি ফিরিয়ে নিয়ে যায় কয়েক বছর আগের বাংলাদেশে। জঙ্গিবাদের পাশবিকতায় প্রায়ই যেখানে কেঁপে উঠত শহর-জনপদ। ঢাকার ব্যস্ত জীবন, যানজট, এ দিয়েই শুরু। তারপর বাসে বোমা হামলা। চারদিকে লাশ আর লাশ, আহত মানুষের কাতর চিৎকার, স্বজনের আহাজারি। অফিস থেকে ফেরার পথে বাজারসদাই হাতে নিয়ে অকুস্থলের কাছেই পৌঁছান জয়া আহসান। বোমার বিকট আওয়াজ, চতুর্দিকে মানুষের ছোটাছুটি। দৌড়ে পালান জয়া। আশ্রয় নেন একটা দোকানে। দোকানি শাটার ফেললেন। দোকানে আশ্রয় নেন অনিমেষ আইচও।এরপর আরেকটি বোমা হামলার পর দুজনের আবার দেখা।আরও দু-একদিন দেখা-সাক্ষাৎ, বাড়ি পৌঁছে দেওয়া। জয়া জড়িয়ে পড়েন অনিমেষের সঙ্গে। হয়ে পড়েন অন্তঃসত্ত্বা। অনিমেষের আর খোঁজ নেই। একটা ঠিকানায় অনিমেষকে খুঁজতে যান জয়া। পুরোনো এক বাড়ি। এখানেই আবিষ্কার করেন অনিমেষএকজন জঙ্গী। জঙ্গিদের ধাওয়া, জয়ার দৌড়ে পালানো। জয়া পুলিশকে দেখিয়ে দেন জঙ্গিদের ডেরা। কাউকে ধরা যায় না। কিন্তু বোমা তৈরির সরঞ্জাম, জিহাদি বই উদ্ধার হয়। এরপর জয়া আবার বন্দী হন অনিমেষের হাতে। তাঁকে একটি ঘরে বন্দী করে রাখা হয়। এরপর ফোনে পুলিশ জানতে পারে এ খবর। পুলিশি রেইড। অন্তঃসত্ত্বা জেনেও জয়ার পেটে অনিমেষের একের পর এক লাথি। এক পর্যায়ে তিনি গুলি করেন অনিমেষকে। মৃত্যু হয় এক পাশবিকতার। মেসবাউর রহমান সুমন ও দিদারের এ নাটকে বোমা হামলা, পুলিশি অ্যাকশন চমৎকারভাবে চিত্রায়িত। তবে সবকিছু ছাপিয়ে গেছে জয়া আহসানের অভিনয়। এমন একটি চরিত্রে অভিনয় দেখানোর যথেষ্ট যে সুযোগ পাওয়া যায় তার পুরোটাই তিনি কাজে লাগাতে পেরেছেন। অনিমেষের চোখের চাহনি জঙ্গি চরিত্রের সঙ্গে মানানসই। তবে তিনি ও তাঁর সহযোগী জঙ্গিদের বাচনভঙ্গি ফ্যানাটিকদের মতো মনে হয়নি। নাটকের গতি আগাগোড়াই দুরন্ত।হামার লালুশাওনেওয়াজ কাকলীর (লেখা, নির্দেশনা—সবই তাঁর) হামার লালু টেলিফিল্মটি যতটা না কাহিনির গুণে, তারচেয়ে বেশি ক্যামেরার চোখে দেখা গল্পটির জন্য ভালো লেগেছে। ‘ক্যামেরার চোখে দেখা’ বলছি এই কারণে যে নাটকের প্রতিটি দৃশ্য ধারণ করার আগেই দর্শক-শ্রোতা কী পাচ্ছে, সে ভাবনাটিকে মূল্য দিয়েছেন কাকলী। নইলে এত খুঁটিনাটি বিষয় মাথায় রাখলেন কী করে? দুধেল গাই লাইলি প্রসব করে একটি এঁড়ে বাছুর। ‘মাইনসের দরকার ব্যাটা আর গরুর হইল বেটি’ কথাটা নানাভাবে বলা হয়। দুধ বেচে যাদের জীবন চলে, তাদের জন্য তো এটা খুবই প্রাসঙ্গিক। কিন্তু ঘরের বউ, রতনের মায়ের কাছে এই বাছুরটি নিজের সন্তানের মতো। রতনের দাদি, রতনের চোখেও তাই। দারিদ্র্যে ক্ষতবিক্ষত রতনের বাবাও (জয়ন্ত চট্টোপাধ্যায়) কি ভালোবাসে না লালুকে? ভালোবাসে সবাই, কিন্তু সাধ ও সাধ্যের সমন্বয় করা যায় না বলেই লালু নামাঙ্কিত বাছুরটিকে নিয়ে কষ্টের পালা শেষই হতে চায় না। লাইলি মারা যায়, ফলে এঁড়ে বাছুর লালুকে পেলে বড় করে কী লাভ, সে প্রশ্নটিও আসে। শেষ পর্যন্ত একটি সমাধানে পৌঁছানো যায় বটে, কিন্তু সেটি বড়ই হূদয়বিদারক। কাহিনিটি অসাধারণ কিছু নয়। শরৎচন্দ্রের গফুর-মহেশ-এর গল্প যিনি পড়েছেন, তিনি আগে থেকেই আঁচ করে নিতে পারবেন কাহিনির গতি। বাড়তি যোগ হয়েছে কোরবানির সঙ্গে সংশ্লিষ্টতা, এই যা। কিন্তু ভালো লাগার জায়গাগুলো নিয়ে তো বলা যায়ই। এ নাটকে জয়ন্ত, নার্গিস ও দিলারা জামান অভিনয় করেছেন প্রাণখুলে। নার্গিসকে এগিয়ে রাখতে চাই। লাইলি মরে যাওয়ার পর বিলাপ, যেন সন্তান হারানোর বেদনা। পুরো পরিবারের মানুষের সেই অসহায়ত্ব ফুটিয়ে তুলতে কাকলীকে সাহায্য করেছেন অভিনেতারা। একইভাবে লালু হারিয়ে যাওয়ার পর ওকে যেভাবে খোঁজা হলো, তাও মন ছুঁয়ে গেল। দাদির সঙ্গে ঘুমানোর সময় তাঁর শরীরে পা তুলে দেওয়া, লালু হারিয়ে যাওয়ার পর বাবার সাইকেলে করে রতনের ব্যস্ত-সমস্ত হয়ে সাইকেলের পেছনে উঠে পড়া—এ ধরনের অনেক দৃশ্যই মনে ছাপ ফেলে। শিশু অভিনেতাদের ব্যাপারে আরেকটু শ্রম দিলে ভালো হতো। লালুর জন্মের পর ‘ব্যাটা হইসে’ বলে ছেলেটির অভিনয় ছিল কৃত্রিম, অন্য শিশুরাও স্বতঃস্ফূর্ত ছিল না। নাটকটিকে কখনো কখনো মন্থর মনে হলেও নাটকটির সঙ্গে শেষ পর্যন্ত থাকতে কোনো অসুবিধা হয় না। নাটকটি দৃশ্যধনে ধন্য। ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণআদিবাসীদের সমাজব্যবস্থার সঙ্গে আমাদের জীবন যাপনের বেশ ফারাক রয়েছে। গহিন অরণ্যে বসবাসকারী আদিবাসী সম্প্রদায়ের জীবনাচরণ কেমন, তার রূপ-গন্ধ কত প্রকার—এর খোঁজ মাসুদ হাসানের টেলিছবি ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ-এ মিলতে পারে। বেশ বড় গলায়ই বলা যায়, প্রচলিত ধারার চেয়ে এই টেলিছবির কাহিনিটি অন্য রকম। পরিচালক তাঁর ক্যামেরায় আদিবাসীদের সুপরিসর জীবনকে যেভাবে তুলে এনেছেন, তাকে কখনোই বাস্তব-বহির্ভূত মনে হয়নি। নাটকের কাহিনি গড়ে উঠেছে নি নামের এক যুবককে কেন্দ্র করে। নির জীবন স্থবির নয়। ঘটনার নানা স্তর পেরিয়ে সে তার মাকে খুঁজে ফেরে। দিগন্তরেখার মেঘের দিকে সে চলে যেতে চায়। কিন্তু জ্ঞানবৃক্ষের ফল খাওয়া এক বৃদ্ধ অন্নঋণে বেঁধে ফেলে যখন তার আত্মকে নির বলশালী দেহের ভেতর ঢুকিয়ে দেয়, তখন থেকে নির মধ্যে দুজন মানুষের অস্তিত্ব ক্রিয়াশীল। একজন বৃদ্ধ, অন্যজন নির প্রকৃত সত্তা। বৃদ্ধ যখন তাকে ভোগবিলাসের দিকে হাতছানি দিয়ে ডাকে, নির প্রকৃত সত্তা তখন উন্মুখ হয়ে থাকে মানবিক ও পারিবারিক জীবনের জন্য। অবশেষে বৃদ্ধ অনিন্দ্যসুন্দরী এক নারীকে ভোগ করতে চায়। কিন্তু নি সেই নারীর ভেতর খুঁজে পায় তার মায়ের মুখচ্ছবি। ধুলোর মানুষ, মানুষের ঘ্রাণ টেলিছবির কাহিনি মোটামুটিভাবে এখানেই শেষ। এই কাহিনির মধ্যে আদিবাসী সমাজ-জীবনের নানা রকম পর্ব আছে। অরণ্যবাসী মানুষের ভূমিকায় অভিনয় করতে গিয়ে রিঙ্কন শিকদার, পার্থ বড়ুয়া, গাজী রাকায়েত, সামিয়া আফরিন, দিলীপ চক্রবর্তীসহ অনেকের মধ্যে বাস্তবানুগ অভিনয়ের প্রচেষ্টা ছিল।ইনসমনিয়ারাত জাগা কয়েকজন মানুষের গল্প। ইনসমনিয়া একটা রোগ। আর এই রোগে আক্রান্ত ব্যক্তিদের গল্প ইনসমনিয়া। রাতে ঘুমোতে পারে না শহীদুজ্জামান সেলিম। সেলিম আর তার সদ্য বিবাহিত স্ত্রী বিপাশা হায়াতের গল্প এটি। বিপাশা হায়াত না বলে তার চরিত্রটির নাম উল্লেখ করাই ভালো, নায়লা। কারণ, গল্পটায় নামটির বিশেষ গুরুত্ব আছে। জেলখানা থেকে গল্পের শুরু। স্বামীকে হত্যার দায়ে জেল খাটছে নায়লা। তরুণ আইনজীবী তারিন নায়লার মুখ থেকে জানতে চায় আসল গল্প। জানাটা প্রথমে সহজ হয় না। তারপর আস্তে আস্তে জানা যায় পুরো গল্পটা। শহীদুজ্জামান সেলিম রাতে ঘুমোতে পারে না। নায়লাকেও ঘুমোতে দেয় না। সজাগ রাখতে নানাভাবে কষ্ট দেয়, নির্যাতন করে। এসবের রহস্যটা লুকিয়ে আছে সেলিমের মায়ের জীবন ঘিরে। ছোটবেলা থেকে দেখেছে নির্যাতিত মাকে। নায়লা নামের আরেকটা মেয়ের জন্য তার বাবা আজীবন কষ্ট দিয়েছে মাকে। সারা রাত জেগে ছোট ছেলেটা মায়ের কান্না শুনত। সেই থেকে রাতে ঘুমোয় না সেলিম, জাগিয়ে রাখে এই নায়লাকে। এই জীবন থেকে মুক্তি চেয়েছিল নায়লা। আর সেই মুক্তি ঘটে জেলখানায় যাওয়ার মাধ্যমে। নাটকটি লেখা পান্থ শাহরিয়ারের আর নির্মাতা অনিমেষ আইচ। দুজনেই যথেষ্ট নামকরা। নামের মর্যাদা তাঁরা রেখেছেন। তবে নাটকের সেরা হচ্ছেন বিপাশা হায়াত। সাধারণত আমাদের এখানে নাটকে এ ধরনের একটি চরিত্র পাওয়া সহজ না, খুব বেশি লেখাও হয় না। বিপাশা সুযোগটি পুরোমাত্রায় কাজে লাগিয়েছেন। নূর চান পাঠাগারঘরের খেয়ে বনের মোষ তাড়ানো—অতি প্রচলিত এক কথা। সমাজে কালে কালে এ জাতীয় মানুষ কিছু না কিছু থাকেই। আর থাকে বলেই এ সমাজ হয়ে ওঠে বাসযোগ্য। বনের মোষ তাড়িয়ে বেড়ানোর লোক এ সময়ে এসে একেবারেই কমে গেছে, কিন্তু হাতেগোনা দু-একজনকে পাওয়া যায় আমাদের আশপাশেই। এমন লোককে সাধারণ মানুষ ‘পাগলা’ হিসেবেই গণ্য করে। যেমন—নূর চান মাস্টার (আবুল হায়াত)। প্রবীণ এই ‘পাগলা মাস্টার’ একটাই কাজ করেন—গ্রামে গ্রামে জ্ঞান বিতরণ। শ্যালো ইঞ্জিনচালিত যান ‘নসিমন’ তাঁর পাঠাগার, যা গ্রামে গ্রামে ঘুরে মানুষকে বই পড়তে দেয়। এ কাজে নূর চান মাস্টারের সহযোগী তাঁর ছাত্র ইরেশ যাকের। তাঁকেও অনেকে পাগল ভাবে। নসিমনে থাকা এই পাঠাগার নিয়ে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতেই ইরেশের মন দেওয়া-নেওয়া হয়ে যায় শশীর সঙ্গে। এ কারণেই শশীর বাবা গ্রামের প্রভাবশালী মণ্ডলের কোপানলে পড়েন নূর চান মাস্টার। একদিন শশীকে নিয়ে রাতে পালাতে গিয়ে ইরেশ ধরা পড়েন মণ্ডলের হাতে। ইরেশ পালিয়ে যান, শশী গৃহবন্দী। মণ্ডলের পুরো ক্ষোভ নূর চান মাস্টারের ওপর। তাঁকে হেনস্তা করা হয় নানাভাবে। সাধারণ গ্রামবাসী কিছু করতে না পারলেও পাগলা মাস্টারের প্রতি তাঁদের সহানুভূতিটুকু দেখায়। মেয়ের জামাইও পাশে এসে দাঁড়ায়। একদিন এক পিকআপ ভরা বই নিয়ে গ্রামে ফিরে আসেন ইরেশ। সঙ্গে সাংবাদিক। ঢাকায় ব্যাপক প্রশংসিত নূর চান মাস্টারের এ উদ্যোগ। কিন্তু তত দিনে আঘাত পেতে পেতে নূরচান মাস্টার শয্যাশায়ী ও বাকশক্তিহীন। পাশের গ্রামে জামাইয়ের বাড়িতে নূর চান পাঠাগার পায় স্থায়ী রূপ। নাটকের কাহিনিতে একটা সহজাত সারল্যের দেখা মেলে। বাস্তবের একজন পলান সরকার বা এ নাটকের নূর চান মাস্টারের যে নিঃস্বার্থভাবে ইতিবাচক কাজ করার, মানুষজনকে আলোকিত করার প্রয়াস, তা-ও কিন্তু সহজসরল। অতি বস্তুবাদী, বৈষয়িক মানুষদের কাছে তা পাগলামি মনে হতে পারে; কিন্তু আমাদের সমাজকে এগিয়ে নিতে এমন পাগলামির প্রয়োজন এখন আরও বেশি প্রয়োজন। তুহিন অবন্তের এ নাটক সে জায়গা উসকে দেয়। সহোদরানাটকের নাম সহোদরা। রচনা ও চিত্রনাট্য মাসুম রেজা এবং নির্দেশনা গিয়াস উদ্দিন সেলিমের। প্রত্যাশার পাল্লাটা ভালো কিছু দেখার দিকে ভারী হবে, এটাই স্বাভাবিক। আরতি রানী দাস ও চায়না রানী দাস—দুই বোনকে ঘিরে সহোদরা নাটকের গল্প। নাটকের কয়েকটি সংলাপ থেকে আমরা জানতে পারি, তারা যে পোড়ো জমিদার বাড়িটিতে থাকে, সে বাড়িতে একসময় আশ্রয় নিয়েছিল তার মা। তবে তাদের প্রকৃত ভিটেমাটি ছিল মুচিবাড়িতে। আরতি ও চায়নার বাবা ছিল একজন ঢোলবাদক। মাকে হারানোর পর আরতি অনেক কষ্টে লেখাপড়া শেষ করে। সে এখন স্কুলশিক্ষক। আর চায়না একটি কলেজে পড়ছে।মুচির ছেলে সঞ্জয়। মদ্যপায়ী। আরতির জন্য পাগল সে। রাতবিরাতে মাতাল হয়ে আরতির বাড়িতে গিয়ে হইচই করে সে। আরতি সঞ্জয়কে মোটেই পছন্দ করে না। ওদিকে মুচিপাড়ার মেয়ে মাধবী সঞ্জয়কে ভালোবাসে। এ রকম একটি সনাতনী কাহিনির আবর্তে আমরা ঢুকে পড়ি। ছোট বোন চায়নার জন্য অন্তপ্রাণ আরতি। ঘটনাক্রমে চায়না প্রেমে পড়ে ভিন্নধর্মাবলম্বী মিল্টন রোজারিওর। যে একটি চার্চের ঘণ্টাবাদক। একসময় বিষয়টি জানতে পারে আরতি। সে কিছুতেই মেনে নেয় না। কিন্তু চায়না তার বোনকে জানিয়ে দেয়, তারও একটি জীবন আছে, সে বড় বোনের জন্য তার জীবন বিসর্জন দিতে পারবে না। বোনের ওপর জেদ করে সঞ্জয়কে বিয়ে করার সিদ্ধান্ত নেয় আরতি। কিন্তু সঞ্জয়ের বাড়ি পর্যন্ত গিয়ে সে তার পাশে দেখতে পায় সিঁদুর পরা মাধবীকে। সে রাতেই চুপিচুপি ঘর থেকে বেরিয়ে পড়ে চায়না। মিল্টন আর সে পালিয়ে বিয়ে করবে আজ। ঘুমের ভান করে পড়ে থাকা আরতি সবকিছু টের পায়। কিন্তু বোনকে বাধা দেয় না সে। তার চোখ থেকে গড়িয়ে পড়ে দু ফোঁটা অশ্রু।আরতি চরিত্রে অনবদ্য অভিনয় করে তারিন তাঁর প্রতিভার স্বাক্ষর রেখেছেন। সঞ্জয়রূপী শাহেদ আলী এবং মাধবী চরিত্রে স্বাগতাও চরিত্রানুযায়ী উতরে গেছেন। ক্যামেরার পেছনে কামরুল হাসান খসরু সব সময়ই সেরা কাজটি করার চেষ্টা করেন। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। স্নেহনাটকে ভালো লাগার জায়গাটা তৈরি হয়, সংসারে সন্তান আসবে না, এ কথা জানার পর জিতু আহসান আর তিশার অবয়বের পরিবর্তনের সময়টিতে। বেশ হেসে-খেলে চলছিল টোনাটুনির সংসার, ছিল টিপ্পনী, ছিল ভালোবাসার অধিকার নিয়ে রিকশায় বেড়াতে যাওয়া, ছিল স্বপ্ন। কিন্তু সে স্বপ্ন ধূলিস্যাৎ হয়ে যায় মুহূর্তের মধ্যে। জিতুর শরীরে আছে জটিলতা, ও ভেবে বসে বাবা হওয়া বোধ হয় আর সম্ভব নয়। তিশাকে মিছে কথা বলে জিতু। সমস্যাটা তিশার—এ মিথ্যে সংবাদ জানানোর পর থেকেই বিষণ্নতায় ভুগতে থাকে তিশা। কিন্তু এ সময় হঠাৎ সন্তানের আগমনবার্তা পেয়ে দিশেহারা হয়ে যায় জিতু। হিমেল আশরাফ পরিচালিত স্নেহ নাটকটির শুরুতে মনে হয়েছিল, আমরা একটি হাসির নাটক দেখতে যাচ্ছি। কিন্তু কাহিনি যে অন্যদিকে মোড় নেবে, তা কে জানত? আনিসুল হকের লেখা এ নাটকটিতে মূল দ্বন্দ্ব শুরু হওয়ার পর থেকেই মনস্তাত্ত্বিক টানাপোড়েনের প্রকাশে জিতু-তিশা খুব ভালো করেছেন। নাটকটি হিমেল বানিয়েছেন ভালো। তিশাকে অবিশ্বাস করার মধ্য দিয়ে জিতু যেভাবে পরিস্থিতি এলোমেলো করে দেয়, তা থেকে কি আদপেই ফিরে আসা যায়? শেষ দৃশ্যে তিশা সব মেনে নেয়। কিন্তু এখানেই একটু খটকা থেকে যায়। যে অবিশ্বাসের আগুনে পুড়ছিল তিশা, সে আগুন কি নিছক ‘স্যরি’ শুনলেই নিভে যায়? আহা! জীবনের সমীকরণগুলো যদি এত সহজে মিলে যেত!আমাদের Follow করুননাটকের নামটিই অদ্ভুত আমাদের Follow করুন। এক নায়ক আর তিন নায়িকা নিয়ে ‘চতুর্ভুজ প্রেমকাহিনি’। শাহরিয়ার শুভর সঙ্গে যথাক্রমে মম, বিন্দু ও মিম। ‘একটু ঝগড়া না করলে কি প্রেমটা জমে? এভাবেই চলছে আমাদের সংসার। কি, আমাদের ফলো করবেন?’ শাহরিয়ার শুভ যখন দর্শকের সঙ্গে সরাসরি এভাবে কথা বলেন, তখন থার্ড থিয়েটারের একটুখানি স্বাদ পাওয়া যায়। এটি উচ্চবিত্ত নাগরিকজীবনের কাহিনি। শাহরিয়ার শুভ পেশায় চিকিৎসক। শুভর তৃতীয় বিবাহবার্ষিকীতে খুব সকালে শুভর বাসায় বিন্দু হাজির। বিন্দু শুভর অধীনে ইন্টার্নশিপ করছে। বিন্দুর আগমনে শুভর স্ত্রী মম তেলে-বেগুনে জ্বলে ওঠেন। সকালটা কোনোমতে পার করলেও অফিসে গিয়েই শুরু হয় নাটকের ক্লাইম্যাক্স। শুভর কেক কাটার সময় যুগল ছবি তোলেন বিন্দু এবং সেই ছবি মোবাইলের মাধ্যমে এমএমএস করে পাঠিয়ে দেন শুভর মোবাইলে। শুভ ভুলে মোবাইলটা ফেলে এসেছেন বাসায়। ‘যেখানে বাঘের ভয়...’ আর কাকে বলে! মমের আর কিছু বুঝতে বাকি থাকে না। নাটকটি যখন কেবল জমে ওঠে, তখনই আগমন ঘটে তৃতীয় নারীর। পর্দায় আসে মিম। মিমের স্বামী সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত। পুরোনো প্রেমিকা মিমের সঙ্গে দেখা হলে মিম কিছুতেই হাসপাতাল থেকে শুভকে যেতে দিতে চান না। মিমের স্বামীর চিকিৎসা শুরু করেই শুভ হাসপাতাল ছাড়তে পারেন। অসুস্থ স্বামীর চিকিৎসার অবসরে মিম প্রথম পরিচয়েই বিন্দুর সঙ্গে পুরোনো প্রেমের গল্প নিয়ে আলাপ শুরু করে দেন, যা একেবারেই অবাস্তব ঠেকেছে। প্রেমের কাহিনির প্রয়োজনেই সব ভুল বোঝাবুঝির অবসান হয় এবং শুভ-মম ‘অবশেষে সুখী জীবন কাটাইতে লাগিল’। এ নাটকে চিত্রগ্রাহক হূদয় সরকারের কাজ প্রশংসার যোগ্য; দুটি গানের চিত্রায়ন ছিল দৃষ্টিনন্দন। শাহরিয়ার শুভ ও মম যথেষ্ট ভালো অভিনয় করেছেন। নাটকটি রচনা করেছেন এস এ হক অলীক ও পরিচালনা করেছেন শাহীন কবির।স্বর্ণলতা ও শঙ্খচিলঠিক বাস্তব নয়, আবার বাস্তবও বটে। তবে দারুণ উপভোগ্য নাটক। তিশা যা বলেন, তা-ই ঘটে নাটকজুড়ে। ব্যক্তি বা বিষয়—তাঁর সব ভবিষ্যৎবাণীই সঠিক বলে প্রমাণিত হয়। দূরদর্শী এই নারীচরিত্রকে ঘিরেই এগিয়ে যায়, এ নাটকের কাহিনি। তৌকীর আহমেদ আর শামীমা নাজনীন—দুই ভাইবোনের ছোট পরিবারে তিশার আগমন আচমকা ঝড়ের মতো। খাবার টেবিলে শামীমা তাঁর ছোট ভাইকে বিয়ের কথা বলতে তৌকীরের উত্তর, ‘তোমার যন্ত্রণা তো বিয়ার পরই বাড়ছে। আমারে বিয়া কইরা যন্ত্রণা বাড়াইতে কও?’ তৌকীরের এ প্রশ্নের কোনো জবাব দিতে পারেন না শামীমা। গভীর নিস্তব্ধতা। রাত। হঠাৎই দরজায় কড়া নাড়ার শব্দ। বোরকা মুড়ি দিয়ে তিশার আগমন। এভাবেই গল্পের শুরু। আগন্তুক তিশাকেই পাত্রী হিসেবে চালিয়ে দেন নাট্যকার! বোন শামীমার অনুরোধ ফেলতে পারেন না তৌকীর। সে রাতেই তৌকীরের সঙ্গে তিশার বিয়ে হয়ে যায়। ৪১ নম্বর ইন্টারভিউ দিয়েও চাকরি জোটে না তৌকীরের। তিশার ভবিষ্যৎবাণীতে পরের দিনই চাকরি মেলে তৌকীরের, গাজীপুরের রাজাবাড়ি ইউনিয়ন পরিষদের ভূমি অফিসে। আবার চাকরি চলেও যায় তিশার ভবিষ্যৎবাণীতে। শামীমার স্বামী যে তিন বছর আগে সাগরে ডুবে মারা গেছেন, সেই খবরও তিশা জানিয়ে দেন। তিশার অলৌকিক ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হন শামীমা। গ্রামে সাধারণত এ ধরনের ঘটনাকে ‘জিন-পরির আছর’ বলে চালিয়ে দেওয়া হয়। কিন্তু এ নাটকে আমরা আধুনিক দৃষ্টিভঙ্গি প্রত্যক্ষ করি। তিশার অলৌকিক এই ক্ষমতাকে কাজে লাগিয়ে শামীমা নিজেদের অবস্থার পরিবর্তনে উদ্যোগী হন। শামীমা বলে ওঠেন, ‘বাড়ির লোকের দুঃসময়, যদি তুমি দুইটা টাকা রোজগার না করো...।’ অবশেষে তিনি রাজি হন। শুরু হয় ‘ভবিষ্যৎ জানার ব্যবসা’। তিশা হয়ে ওঠেন ‘সোনার ডিম পাড়া রাজহাঁস’। সংসারে সমৃদ্ধি আসে। কিন্তু বেশি লোভী হতে তিশার বারণ তারা শোনে না। ফলও পায় যথারীতি। ইউসুফ খোকন সম্পাদনার টেবিলে স্পেশাল ইফেক্টের যেসব ব্যবহারের মাধ্যমে তিশার কল্পনাগুলো ফুটিয়ে তুলেছেন, যা দৃষ্টিনন্দন। তৌকীর অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দক্ষতা দেখিয়েছেন। নাট্যকার বিপাশা হায়াত নতুন ধাঁচের কাহিনি উপহার দিয়েছেন, তাঁকে অভিনন্দন।বেহালানতুন প্রজন্মের নতুন ভাষা এবং ভাবনাকে মাথায় রেখে যাঁরা নাটক নির্মাণ করছেন, রেদওয়ান রনির কাজের মধ্যে তার ছাপ স্পষ্ট। তবে এবার দেশ টিভির ঈদ অনুষ্ঠানমালায় প্রচারিত রেদওয়ান রনির বেহালা নাটকটি তাঁর অন্য সব নাটকের চেয়ে আলাদা। দুটি আখ্যান সমান্তরালভাবে চলাচলের মধ্য দিয়ে নাটকটি শেষ হয়। নাটকে রাতুল মায়ের একমাত্র সন্তান। পুরোনো দালান রক্ষার প্রকৌশল আবিষ্কার করে ইতিমধ্যেই সে বিখ্যাত। এর মধ্যে তার কাছে রায়হান নামে এক ব্যক্তির ফোন আসে—স্ত্রীর স্মৃতি রক্ষার্থে নিজের পুরোনো বাড়িটি রক্ষা করতে চায় সে। এ কারণেই রাতুলকে তার প্রয়োজন। এভাবে এই নাটকের ফ্রেমে রাতুলকে আমরা লাকসামে দেখতে পাই। বেহালা নাটকে সমান্তরাল দুটি আখ্যান চলতে শুরু করে তখন থেকে। রায়হানের বাড়িতে পৌঁছে রাতুল ওই বাড়িতে যখন তার মায়ের ফটোগ্রাফ আবিষ্কার করে, ঘটনার জট-জটিলতাও সেই মুহূর্ত থেকে গতি পায়। একসময় জানা যায়, রাতুল রায়হানেরই সন্তান। এক দুর্ঘটনার ফলে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটেছিল রায়হান সাহেবের। দুই প্রজন্মের দুটি আখ্যান সমানভাবে গতি পেয়েছে এই নাটকে। ফলে শুরু থেকে শেষ পর্যন্ত নাটকটিতে একটি গতি ছিল। আর সচরাচর রেদওয়ান রনি যে ধরনের নাটক নির্মাণ করেন, তার থেকে এই নাটক একেবারেই পৃথক। কেননা, এখানে প্রতিফলিত হয়েছে দুই প্রজন্মের রুচি ও ভাষা। মাহফুজ আহমেদ ও সুমাইয়া শিমুর অভিনয় ছিল মানানসই। ভালোবাসার উল্টোপিঠ‘কাছের মানুষকে আমরা বুঝতে পারি না। দূরের মানুষকে খুঁজে বেড়াই।’ ভালোবাসার উল্টোপিঠেই যে থাকে প্রকৃত ভালোবাসা, এ নাটকে তা খুঁজতে চেষ্টা করা হয়েছে।মাহফুজ পুরুষতান্ত্রিক সমাজের এক অহংকারী ‘প্রেমিক’ পুরুষ। ‘মেয়েরা কুঁড়িতে বুড়ি’—এ ধরনের বাক্য হরহামেশা বলে বেড়ান তিনি, আর খুঁজে ফেরেন কমবয়সী প্রেমিকা। শঠতা আর ভণ্ডামির প্রতীক হয়ে ওঠেন মাহফুজ। গায়ে পড়ে মেশার স্বভাব তাঁর। পুরোনো প্রেমিকা সেঁউতিকে ভুলে তিশার জন্য মুগ্ধ হন মাহফুজ। তিশার প্রেমিক (মেহেদী) থাকা সত্ত্বেও মাহফুজকে উচিত শিক্ষা দিতে তাঁর সঙ্গে প্রেমের অভিনয় শুরু করেন। তিশার ফাঁদে ধরা পড়েন মাহফুজ। সুযোগ বুঝে তিশাও মাহফুজকে শুনিয়ে দেন, ‘আপনার বয়স হয়েছে।’ তখনই মাহফুজ ভালোবাসার উল্টোপিঠ দেখতে পান। মাহফুজ তাঁর ভুল বুঝতে পারেন এবং সেঁউতিই যে তাঁর যোগ্য, তা বুঝতে পারেন। সেঁউতি তাঁর পাশে এসে দাঁড়ান। নেপথ্যে গান বেজে ওঠে। দর্শক সহজেই নাটকের পরিণতি বুঝে ফেলে। নাটকটির চিত্রগ্রহণ চমৎকার। বিশেষ করে নীল আকাশকে ক্যামেরায় বেশ দৃষ্টিনন্দনভাবে ধারণ করেছেন চিত্রগ্রাহক। বিশেষ করে শেষ দৃশ্যে বিশাল বটবৃক্ষকে ফ্রেমে ধরে নৌকার ছইসহ যে দৃশ্যটি তিনি ধারণ করেছেন, যা এককথায় দর্শক হূদয়ে গভীর শূন্যতার সৃষ্টি করে। চিত্রগ্রাহক গোলাম মওলা নবীরকে ধন্যবাদ।তিশা যথারীতি ভালো অভিনয় করেছেন। মাহফুজকে বরাবরের মতো ‘মাহফুজ’ হিসেবেই খুঁজে পাওয়া গেছে, তিনি অভিনেতা হয়ে উঠতে চাননি। হয়তো ‘মাহফুজ’ই থাকতে চেয়েছেন। ভালোবাসার উল্টোপিঠেকে মেহেদি ও মিলন জুটির আরেকটি সফল নাটক হিসেবেই দেখা যেতে পারে। তাঁদের অভিনন্দন। রচনা: মেহেদী বিন আশরাফ পরিচালনা: মিলন ভট্টাচার্যজিম্মিনাট্যকার-পরিচালক রেদোয়ান রনি সম্ভবত কলম্বাসের অনুসরণকারী। ঈদ এলেই তাঁকে নাটক-অভিযানের নেশায় পেয়ে বসে। নানা জোগাড়যন্ত্র করে অভিনেতা, অভিনেত্রী ও ক্রু নিয়ে তিনি বেরিয়ে পড়েন দেশের দক্ষিণাঞ্চলে। সেখানে কয়েক দিন খাটাখাটনি করে একগাদা শুট করা ক্যাসেট নিয়ে ঢাকায় ফিরে ঢোকেন সম্পাদনার কক্ষে। সেখান থেকে কয়েক দিন পরে বেরিয়ে হাসিমুখে উপহার দেন একটি সাত পর্বের ঈদের বিশেষ ধারাবাহিক নাটক। যেখানে আর কিছু থাকুক বা না থাকুক, থাকে নিখাদ বিনোদন। জিম্মি সত্যিকার অর্থেই একটি বিনোদনে ভরপুর নাটক। মোশাররফ করিম, সাজু খাদেম ও ফারুক আহমেদ তিন পাণ্ডব। তাঁদের সাধ বড়লোক হওয়ার। বাণিজ্যে বসতি লক্ষ্মী—আপ্তবাক্য মেনে নিয়ে তাঁরা বড়লোক হওয়ার মিশনে নামেন। প্রথম বাণিজ্যেই গোল্ড কয়েনের নামে তাঁরা কয়েক হাজার টাকা গচ্ছা দিয়ে কেনেন গোল্ড কয়েন চকলেট। এভাবে একের পর এক ধরা খেতে খেতে তাঁরা শেষে জিম্মি-বাণিজ্যে উৎসাহিত হয়ে জিম্মি করেন একদল বিদেশিকে। কিন্তু ভাষাগত জটিলতায় শেষ পর্যন্ত আর টাকা কামানো হয় না তাঁদের। উপহার দেন একরাশ বিনোদন। এদিকে ঢাকা থেকে বিশ্ববিদ্যালয়পড়ুয়া একদঙ্গল শিক্ষার্থী শিক্ষা সফর, বান্ধবীর গায়েহলুদের কথা বলে বান্দরবান যাওয়ার পরিকল্পনা করেন। সেখানে গিয়ে তাঁরা বিয়ে করবেন। কিন্তু মোশাররফদের হাতে জিম্মি হয়ে একে একে বেরিয়ে পড়ে এ কালের প্রেমের অগভীরতা। বিয়ে তো দূরের কথা, জীবন নিয়েই তাঁদের টানাটানি। রেদোয়ান রনি জিম্মির মতো একটি গুরুত্বপূর্ণ বিষয়কে আক্ষরিক অর্থেই জিম্মি-জিম্মি খেলা বানিয়ে ফেলেছেন। তাই জিম্মিকারীদের প্রতি একসময় আপনার মায়া জন্মাতে বাধ্য। আর তুখোড় হাস্যরসের মোড়কে এর পরতে পরতে টানটান উত্তেজনা তো আছেই। এটাই এই নাটকের মূল শক্তি। আপনাকে নিতে এসেছি স্যারনাটকের প্রধান চরিত্র পীযূষ বন্দ্যোপাধ্যায় সফল ও ক্ষমতাধর ব্যক্তি। স্বেচ্ছাচারিতা ও বিত্তের মধ্যে থেকেও তাঁর একাকিত্ব এ নাটকের মূল উপজীব্য। শুধু টাকার পেছনে ঘুরতে গিয়ে পীযূষ সন্তানকেও সময় দিতে পারেন না। তাঁর ব্যক্তিত্বে যেমন রয়েছে সরলতা, তেমনি নিষ্ঠুরতাও। কর্মচারী সমু চৌধুরীর অনাগত সন্তানের জন্য যে পীযূষ যেচে অর্থসহায়তা করেন, সেই পীযূষই করে বসেন নির্মম আচরণ। নির্মাণাধীন ভবনের চার তলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যুকে নিছক ঘটনা হিসেবে বিবেচনা করে যখন তিনি বলেন, ‘প্রয়োজনে লেবারদের নতুন সেটআপ নিন। ১০ মিনিটের মধ্যে কাজ শুরু দেখতে চাই।’ মাঝেমধ্যেই আশীষ খন্দকার উপস্থিত হন পীযূষ বন্দ্যোপাধায়ের ‘অল্টার ইগো’ হিসেবে। পীযূষ-আশীষের যুগলবন্দী নাটকের গতি বাড়িয়েছেন অনেকখানি। জাহিদ মাহমুদের এ নাটকের কয়েকটি দৃশ্যে মাইমের দুর্বল ব্যবহার অপ্রয়োজনীয় ঠেকেছে। অনেক জায়গায় মঞ্চনাটকের আবহ পাওয়া গেছে—এর কি প্রয়োজন ছিল? পীযূষ বন্দ্যোপাধ্যায়, আশীষ খন্দকার দারুণ অভিনয় করেছেন। এ নাটকে কুসুম সিকদার, সমু চৌধুরীর অভিনয়-মানও ছিল বেশ ভালো।নাটকের চমৎকার সব দৃশ্যকল্প মুগ্ধ করার মতো। নাটকের চিত্রগ্রহণ উঁচুমানের। চিত্রগ্রহণের ক্ষেত্রে আলোকসম্পাতের মুন্সিয়ানা চোখে পড়ার মতো। অভিনন্দন চিত্রগ্রাহক সাহিল রনি।আপনাকে নিতে এসেছি স্যার নাটকটির এই নামকরণ খুব জুতসই হয়েছে, এমনটি বলা যাবে না। এর পরও সার্বিকভাবে এটিকে মানসম্পন্ন নাটক হিসেবে বিবেচনা করা যায়। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনার তিনটি দায়িত্বই সফলভাবে পালন করেছেন জাহিদ মাহমুদ। দর্শকের অভিনন্দন তো তাঁর পাওনাই হয়ে গেছে। ছোট পর্দায় এ নাটকের নির্মাণশৈলীর উচ্চতা অনেকখানি হারিয়ে গেছে। ভবিষ্যতে মাহমুদ বড় পর্দার জন্য বড় ক্যানভাসে কাজ করবেন, এমনটা প্রত্যাশা করাই যায়। কাহিনি, চিত্রনাট্য ও পরিচালনা: জাহিদ মাহমুদছবিওয়ালাএ যুগে নানা রকম কর্মকাণ্ড চোখে পড়ে প্রত্যন্ত গ্রামে। কম্পিউটার নিয়ে, ইন্টারনেট নিয়ে গ্রামে যাওয়া—তাদের তথ্যসেবা দেওয়া। সেসবে সরকার থাকে, এনজিও থাকে, নিদেন পক্ষে থাকে করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটি (সিএসআর)। দাননির্ভর এসব উদ্যোগ গ্রামের মানুষের কতটা কাজে লাগে বা কতটা প্রয়োজন, সে নিয়ে বিতর্ক থাকতেই পারে। কিন্তু এর বাইরে গ্রামের কিছু কিছু তরুণের অভিনব উদ্যোগ চোখে পড়ে। আত্মকর্মসংস্থানে অনেক তরুণই এগিয়ে যেতে থাকেন। তেমনি একটি উদ্যোগ ছবিওয়ালা নাটকে চঞ্চল চৌধুরীর। তাঁর একটি বাইসাইকেল রয়েছে। সেই সাইকেলে নিজের মতো করে কারিগরি ফলিয়েছেন তিনি। তৈরি করেছেন ভ্রাম্যমাণ স্টুডিও। একটি ইয়াশিকা ক্যামেরা নিয়ে গ্রামে গ্রামে ঘুরে লোকজনের ছবি তোলেন। পরে সদরে গিয়ে ছবি প্রিন্ট করে আবার বাড়ি বাড়ি পৌঁছে দেন। কেউ কেউ একে বাঁকা চোখে দেখে, ‘ওই যে আগে গ্রামে গ্রামে ঘুরে কটকটি বিক্রি হতো না, সেই রকম স্টুডিও।’ প্রশংসাও করে অনেকে। এভাবেই এগোয় চঞ্চলের স্টুডিও। ঘটনাক্রমে ভিন গ্রামে তিশার ছবি তোলেন চঞ্চল। ছবি তিশার পছন্দ হয় খুব। চঞ্চল এ জন্য টাকাও নেন না। এরপর মন দেওয়া-নেওয়া দুজনের। ভালো চোখে দেখে না গ্রামের বখাটে এক ছেলে। তিশার বাবা মামুনুর রশীদকেও হুমকি দেওয়া হয়। তিনিও চঞ্চল আর তিশার মেলামেশা মেনে নেন না। একদিন বখাটেরা চঞ্চলকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। আমাদের সমাজের যে পরিচিত দৃশ্য—সেটারই অবতারণা ঘটে। তিশাকে পাঠানো হয় খালার বাড়ি। একদিন তিশার ভাই চঞ্চলকে সেই বাড়িতে ডেকে পাঠান। সেদিন তিশার বিয়ে। চঞ্চলের তোলা ছবি দেখেই পাত্রপক্ষ তাকে পছন্দ করেছে। কনের সাজে অশ্রুসজল তিশার ছবিও তুলতে হয় চঞ্চলকে। জীবন থেমে থাকেন। গ্রামের পথে চলছে ভ্রাম্যমাণ স্টুডিও, চঞ্চল এক কিশোরী দাঁড় করায় চঞ্চলকে—‘ছবি তুলে দেন, টাকা পরে দেব।’ চঞ্চলের এক কথা, অগ্রিম ছাড়া ছবি তিনি তোলেন না। সমাজের বিরূপ আচরণে দীপঙ্কর দীপণের এ নাটকের মূল চরিত্রটি বদলে যায়। সরলতার চেয়ে পেশাদারিত্বের কাঠিন্য চলে আসে সে চরিত্রে। নাটকটিতে চঞ্চলের চরিত্রটি স্বনির্ভর হয়ে ওঠার চেষ্টা করেছে। তবে এ চরিত্র যতটা না লড়াকু, তার চেয়ে বেশি রোমান্টিক।একটি যথাযথ মৃত্যুএকটি যথাযথ মৃত্যু নাটকের শুরুতে এর নেপথ্য ধারাবর্ণনা কানে এসে লাগার পরই একটা ধাক্কা লাগে। যিনি ধারাবর্ণনা দিয়েছেন, তাঁর ‘স্বপ্নভুক, অভিজাত, ছায়া, ভর’ ইত্যাদি শব্দগুলোর অশুদ্ধ উচ্চারণ বিরক্তি উৎপাদন করেছে কানে। এরপর নাটক দেখার শুরু এবং বোঝার চেষ্টাও; নাট্যকার আব্দুল্লাহ মোহাম্মদ সাদ ও ওয়াহিদ তারেক (যিনি এ নাটকের নির্দেশকও) কী গল্প ফাঁদলেন, তা। বুঝতে বুঝতেই নাটক শেষ। সন্ত্রাসী বায়েজিদ এবং মিলি রহমানের পরকীয়া এবং অনৈতিক সম্পর্কের মধ্যে ঢাকায় চাকরির সন্ধানে আসা আদিবাসী মেয়ে নৌরীর খুন হওয়া। সেই খুনের জের ধরে আরও কিছু সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্য দিয়েই গল্পের শেষ। বিশেষ উচ্ছ্বাস প্রকাশ করার মতো কোনো বিশেষত্ব খুঁজে পাওয়া যায়নি। না অভিনয়, না কাহিনিতে। তবে নাটকটির নির্মাণে অভিনবত্ব দেখা যায়। রিংরিং বিষয়ে একটি কথা প্রচলিত আছে। রিং তিন প্রকার। এনগেজমেন্ট রিং, ম্যারেজ রিং আর সাফারিং। নাট্যকার ও পরিচালক ইফতেখার আহমেদ ফাহমি গল্প ফেঁদেছেন একেবারে নতুন একটা রিং নিয়ে। এই রিং হার্টের রিং, যা শেষমেশ সাফারিংয়ে পরিণত হয় বাড়ির স্বৈরাচারী একনায়ক বড়কর্তার কাছে।মারজুক রাসেল বাবার অমতে বিয়ে করেন। তারপর নানা কারিশমা খাটিয়ে নতুন বউ মাহজাবিনকে বাড়িতে তোলেন। কিন্তু স্বৈরাচার বাবার আদেশ, ছেলে আর ছেলের বউ একসঙ্গে থাকতে পারবে না। মারজুক ঘুমান বাবার সঙ্গে আর মাহজাবিন ঘুমান তাঁর শাশুড়ির সঙ্গে। কিন্তু এভাবে আর কাহাতক সহ্য হয়! কী, এই গল্পের সঙ্গে রিংয়ের কি কোনো সম্পর্ক খুঁজে পাচ্ছেন? না পাওয়ারই কথা। কারণ এটা এই নাটকের মূল গল্প নয়। গল্প শুরু হয় মারজুকের স্বৈরাচারী বাবার হার্ট অ্যাটাকের পর। তিনি অনেক টাকার মালিক। কিন্তু জন্মের কিপটা। জীবন বাঁচাতে তিনি একেকটি তিন লাখ টাকা করে মোট ছয় লাখ টাকার দুটি রিং হার্টে লাগিয়ে গ্রামে ফেরেন। এর পরই তাঁর আশপাশের মানুষ, গ্রামের মানুষের একমাত্র গবেষণার বিষয় হয়ে দাঁড়ায় এই রিং। একসময় সন্দেহ বাতিকগ্রস্ত হয়ে পড়েন বড়কর্তা। বাড়ির সব ধারালো অস্ত্র এক জায়গায় জড়ো করে পুকুরে ফেলে দেন। ঘুমন্ত অবস্থায় যাতে কেউ তাঁর বুক চিরে রিং বের করে নিয়ে যেতে না পারে, সে জন্য বুকের খাঁচা বানান, তাতে আবার রয়েছে তালাচাবির সিস্টেম। থানায় গিয়ে জিডি করে আসেন। এরই মধ্যে একদিন যখন মারজুক তাঁর স্ত্রীকে গোপনে ডাব কেটে খাওয়ানোর জন্য দা ধার দিতে থাকেন, তখন এ আতঙ্ক তাঁকে বাড়িছাড়া করে দেয়। এই বুঝি ছেলে রাতের বেলা এসে তাঁর বুকে কোপ বসায়। জীবন বাঁচাতে (পড়ুন রিং বাঁচাতে) তিনি সবকিছু ছেড়ে বেরিয়ে পড়েন। সেই সঙ্গে ফাহমি খুলে ধরেন আমাদের অজ্ঞানতার ঝাঁপিটা। মূলত অজ্ঞানতাই এই নাটকের ভিত। তবে নাটকের শেষে ফাহমি দর্শকদের সেই অজ্ঞানতার মধ্যেই রাখলেন। আসলে এই রিং যে সাধারণ হাতে পরার রিং নয়, বা এই রিং যে বুক চিরে বের করে আবার ব্যবহার করা যাবে না, এটা শেষে কোথাও উল্লেখ করে দিলে ভালো হতো। অতি প্রাকৃতিকসৈয়দ মনজুরুল ইসলামের লেখা এবং আবুল হায়াত পরিচালিতঅতি প্রাকৃতিক নাটকের একটি অভীষ্ট আছে। বর্তমান সময়ে অতি প্রাকৃতিক ভূতের চেয়ে অস্ত্র হলো বড় ভূত। অস্ত্রের কারসাজিতে মানুষের বাঁচা-মরা নিয়ন্ত্রিত হয়, সারসংক্ষেপে এটুকু হলো নাটকের মূল বক্তব্য বা বার্তা। নাটকের কাহিনি গড়ে উঠেছে পাপনছড়া চা-বাগানের কিছু মানুষকে কেন্দ্র করে। প্রথমেই নাট্যগল্পে সুকৌশলে ঢুকিয়ে দেওয়া হয়েছে যে অনেককাল আগে চা-বাগানের লেকের পানিতে ডুবে এক বিলেতি মেম আত্মহত্যা করেছিল এবং সেই বিলেতি মেমের নতুন নতুন কেচ্ছা-কাহিনি জনশ্রুতি হয়ে প্রতিনিয়তই মানুষের মুখে মুখে ফিরছে। ফলে নাটকে পাপনছড়া নামক চা-বাগানটি যখন নতুন মালিকের কাছে বিক্রির সম্ভাবনা তৈরি হয়, তখন ভূতের কেরামতি দেখিয়ে বাগান কিনতে আসা বদিউল নামের উঠতি ধনকুবেরকে হটিয়ে দিতে চায় রোকেয়া নামে স্কুলশিক্ষিকা এক মেয়ে। নাটকের প্রধান চরিত্রও সে। কিন্তু বদিউলের সাগরেদের একটি মাত্র বুলেটের খরচায় ভূপাতিত হলো ভূত, ভবলীলা সাঙ্গ হলো রোকেয়ার। এরপর সবিস্ময়ে আমরা দেখলাম, নাটক শেষ, পর্দায় কুশীলবদের নাম উঠছে! সৈয়দ মনজুরুল ইসলামের লেখা নাটকটিতে ভূত অ্যান্টিগোনিস্ট। আবার বলা যায়, এখানে তথাকথিত প্রোটাগোনিস্ট-অ্যান্টিগোনিস্ট চরিত্রের বালাই নেই। নাটকের প্রধান চরিত্র রোকেয়া শরীর প্রতিবন্ধী—তার পা খোঁড়া। পায়ের এ অবস্থার জন্য বিলেতি মেমের ভূতের অবদান আছে—এ রকম ধারণা সে বিশ্বাস করতে চায়। তার বাবা মুকিত সাহেব চা-বাগানের কর্মচারী। মেয়েকে সে বলে, অলৌকিক বিশ্বাসের প্রতি মানুষের সহজাত আকর্ষণ আছে কিন্তু আদতে ভূত বলে কিছু নেই। এ রকম একটি বার্তা কাহিনি ও নাটকীয়তার বাতাবরণে অতি প্রাকৃতিক নাটকটিকে প্রাণ প্রতিষ্ঠা দিয়েছে। নাটকে অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, আবুল হায়াত, জেনিসহ অনেকেই। অভিনেতার সুনিপুণ অভিনয় নাটককে যে অন্যতর উচ্চতায় নিয়ে যেতে পারে, তার প্রমাণও রয়েছে এখানে। এক কোটি পনেরো শ ষাট টাকাদর্শক হিসেবে টেলিভিশন নাটকের কাছে আমাদের প্রত্যাশা তো খুব বেশি নয়—সুন্দর গল্প, সুন্দর নির্মাণ এবং সুঅভিনয়। সেসব বিবেচনায় এবারে বাংলাভিশনের এক কোটি পনেরো শ ষাট টাকা নাটকের গল্প তেমন আহামরি কিছু নয়; বরং নাটকের শেষ দিকে দুইয়ে-দুইয়ে চার মেলাতে গিয়ে গল্পের মধ্যে কিছুটা আকর্ষিকতাও আছে। কিন্তু সবকিছু ছাপিয়ে যা নাটকটিকে একটু অন্য রকম করে তুলেছে, তা হলো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাস্তব দৈনন্দিন জীবনকে ক্যামেরাবন্দী করার মাধ্যমে এখানে মানবিক উত্তাপ আছে। সাগর জাহানের রচনা ও সকাল আহমেদ পরিচালিত এ নাটকের গল্প সাদামাটা। গল্প নামে ঢাকা বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক মেয়েকে বাঁচানোর কাহিনি। প্রথম দৃশ্যে দেখা যায়, গল্প বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য মায়ের কাছ থেকে বিদায় নিচ্ছে। পরের দৃশ্যে ভেসে উঠল বন্যার্তদের সাহায্য করার জন্য একদল ছেলেমেয়ে গোল হয়ে বসে আছে। একসময় তাদের মধ্যে গল্প এসে হাজির। বন্যার্তদের জন্য ওরা চাঁদা তোলে। এর মধ্যে কাহিনিতে উত্তেজনা ভর করে গল্প নামের মেয়েটির কিডনি নষ্ট হওয়ায়।নাটকের গতিমুখ ঘুরে যায় গল্পের জীবন রক্ষার্থে। এ পর্যন্ত গল্পটি বেশ নিরাভরণ। কিন্তু এরপরই এক কোটি পনেরো শ ষাট টাকার বৃত্তান্ত শুরু হয়। নাটকের নায়ক রনির অ্যাকাউন্টে একসময় এক কোটি পনেরো শ ষাট টাকা পাওয়া যায়, সেই টাকা দিয়ে গল্পর চিকিৎসা এবং বেঁচে ওঠে গল্প। পুরো নাটকে গল্প ও রনি চরিত্র দুটি যেভাবে উপস্থিত, সেখানে প্রেমের চেয়ে তাদের বন্ধুত্বই প্রবল। অন্যদিকে এখানে রনিকে চিত্রিত করা হয়েছে প্রথাগত কাঠামোর বাইরে। সকাল আহমেদ পরিচালিত নাটকের কোথাও কোথাও পরিচালকের বাণিজ্য-ভাবনা ও দর্শক আকৃষ্ট করার নানা কৌশল আছে, তবু নাটকটি দেখতে দেখতে মনে হয়েছে, আমাদের পরিচিত জীবনকেই তো দেখতে পাচ্ছি। রনি চরিত্রে আনিসুর রহমান মিলনের অভিনয় ছিল যথার্থ। সেই তুলনায় গল্প চরিত্রে মোনালিসার অভিনয় ততটা উজ্জ্বল নয়। এক প্রেম দুই গল্প আলভী আহমেদের নির্দেশনায় এক প্রেম দুই গল্প নাটকটি জীবন নিয়ে নিরীক্ষার ভয়াবহতা তুলে ধরেছে। মানুষের জীবন গল্পের মতো নয়, তা নিয়ে নিরীক্ষার সুযোগ নেই। আর নিরীক্ষায় নামলে তা ভালো কোনো ফলাফল এনে দেয় না। মার্কেজ পড়তে পড়তে জাদু বাস্তবতার প্রেমে পড়া এক সাহিত্যিক ও তাঁর স্ত্রীকে নিয়ে কাহিনির শুরু। স্ত্রীর প্রেমিক এখন কেমন দিনকাল কাটাচ্ছে, বতর্মান ও অতীতের মধ্যে যোগসূত্র তৈরি করে কেমন দাঁড়ায় জীবন—এসব নিরীক্ষা করতে গিয়েই নাটকের তিনটি চরিত্র পতিত হয় সংকটে। কৌশিক (ওমর আয়াজ রনি), উৎপল (আরেফিন শুভ) আর করবীর (কুসুম শিকদার) জীবন পরিবর্তিত হতে থাকে। করবী একসময় বুঝতে পারে স্বামী ও প্রেমিকের স্বার্থপরতাই তার জীবনটাকে ওলট-পালট করে দিল।আমাদের দেশে এখনো স্বামীরা স্ত্রীর ব্যাপারে এতটা উদার কি না, কিংবা স্বামীর নিরীক্ষার অংশ হয়ে স্ত্রীদের মনে পুরোনো প্রেমিকের প্রতি অগাধ ভালোবাসার স্ফূরণ ঘটবে কি না জানি না, কিন্তু বাস্তব সময়ের চেয়ে এগিয়ে গিয়ে কোনো কিছু দেখার স্বাধীনতা তো নাট্যকারের রয়েছেই। সেই স্বাধীনতা নিয়ে মাসুম রেজা মোটেই অন্যায় করেননি।কয়েকটি কথা তবু থাকে, আরেফিন আর কুসুমের স্বাভাবিক অভিনয়ের পাশে ওমর আয়াজের অভিনয় একটু নাটকীয় মনে হয়েছে। কৌশিক কেন সংকটটির সঙ্গে ইডিপাসের তুলনা করল আর উৎপল কেন জার্মানি নামের দেশটিকে দুবার জার্মান বলল, তা বোঝা গেল না।সোনার ডিমমূল্যবান জিনিস আসলে কী? টাকা-পয়সা, বিষয়সম্পত্তি, রত্ন, নাকি অন্যকিছু? এ প্রশ্নের উত্তর একেকজনের কাছে একেক রকম। জীবনদর্শনই ঠিক করে দেয় ব্যক্তির কাছে জিনিসের মূল্য। তাই তো ফেরদৌসী মজুমদারের সিন্দুকে থাকা সোনার ডিম নিয়ে আগ্রহ তাঁর ছেলেমেয়ে, নাতি-নাতনিদের। এমনকি পাড়ার লোকেরও এ নিয়ে উৎসাহের শেষ নেই। শুধু যে অনাত্মীয় মেয়েটি তাঁর সেবাযত্ন করে, সে মনে করে দাদি তো সোনার ডিম তাঁর ছেলেমেয়েদের মধ্যেই ভাগ করে দেবেন। এ নিয়ে এত তাড়াহুড়ো কেন? ফেরদৌসী মজুমদার তাঁর সিন্দুকের রহস্য ভাঙেন না। শুধু বলেন, ওতে আছে সোনার ডিম। এভাবে চলতে থাকে বৃন্দাবন দাশের নাটক সোনার ডিম। লোভী হয়ে ওঠে ফেরদৌসী মজুমদারের ছেলেমেয়ে আর নাতি-নাতনিরা। নিজেদের মধ্যে ঝগড়া-বিবাদেও লিপ্ত হয় তারা। বিছানা নেন তিনি। সোনার ডিম নিয়ে চারদিকে ঝগড়া-বিবাদ শুনতে শুনতেই তিনি একদিন মারা যান। কাজের মেয়েটিই ডেকে আনে সবাইকে। এক নাতি চঞ্চল চৌধুরী সদ্য মৃত দাদির মৃতদেহ ঘরে থাকা অবস্থাতেই সিন্দুকের তালা খুলতে শুরু করেন। কাজের মেয়েটিই শুধু বলে একজন মানুষ মরতে না মরতেই একি শুরু হয়েছে। নাতিটি থামে না। সিন্দুক খোলা হয়। সেখান থেকে বের হয় ফেরদৌসী মজুমদারের সন্তানদের ছোটবেলার জামা-কাপড়, খেলনা, দুধ খাওয়ানোর ঝিনুক, বাটি ইত্যাদি। এসবই ছিল তাঁর কাছে মহামূল্যবান সোনার ডিম। যা আগলে রাখেন তিনি আমৃত্যু। সহজ-সরল কাহিনির এ নাটকে নাড়ীর টানে যে চিরায়ত স্নেহ-ভালোবাসা তাই তুলে ধরা হয়েছে। ফেরদৌসী মজুমদারের অভিনয় এ নাটকের বড় পাওয়া। যাত্রা বিরতিবদরুল আনাম সৌদের লেখা নাটক যাত্রা বিরতি শুরু হতে হতেই যেন শেষ হয়ে গেল। ভয়ংকর গতিতে ছুটে চলল নাটক। দর্শককে পলক ফেলার অবকাশও যেন দিতে চাইলেন না নির্দেশক মোন্তাসির বিপন। অভিনয় করেছেন মাত্র পাঁচজন। পাঁচজনই সেয়ানা অভিনেতা-অভিনেত্রী বলে কোত্থাও ঝুলে যেতে দেননি নাটকটিকে। এই নাটকের আলোচনা করতে গেলে যুক্তিতর্ককে রাখতে হবে শত মাইল দূরে। বেচারা সাজু খাদেম যেভাবে সুবর্ণা মুস্তাফার হাতে নাকানি-চুবানি খেল, কিংবা বন্যা মির্জার হাতে ইন্তেখাব দিনার, তা বাস্তবতার পরিপ্রেক্ষিতে চুলচেরা বিশ্লেষণ করলে হবে না। মনটাকে প্রস্তুত করতে হবে প্রাণ খুলে হাসার জন্য। এই সময়ের অভিনেত্রীরা এই নাটকে সুবর্ণা মুস্তাফার অভিনয় দেখে শিখতে পারেন, নিজেকে ভেঙে-গড়ে কোথায় নিয়ে যাওয়া যায়। ভীষণ রাগের মধ্যেই রোমান্টিক হয়ে ওঠা, চোখের ভাষার পরিবর্তনে মনের ভাষার প্রকাশে সুবর্ণা বরাবরের মতোই দুর্দান্ত। সাজু খাদেমও করেছেন অনবদ্য অভিনয়। বন্যা মির্জা আর ইন্তেখাব দিনারও ছেড়ে কথা বলেননি। বন্যার কিছু কাজও মনে রাখার মতো। এখন হাসির নাটক বলতে আঞ্চলিক ভাষায় হাবাগোবা মার্কা স্থূল অভিনয় বেশ বাজার পেয়েছে। সৌদের নাটকটি এদিক থেকে একেবারেই ব্যতিক্রম। আর হ্যাঁ, প্রতিটি চরিত্রে যদি শক্তিশালী অভিনয়শিল্পীরা থাকেন, তাহলে নাটক হয়ে উঠতে পারে দেখার মতো, শেখার মতো। নতুন নির্দেশক মোন্তাসির রিপনের কাজ অনেকটাই কমিয়ে দিয়েছেন এই শিল্পীরা। বাড়ি থেকে পালিয়েনাটক বা চলচ্চিত্র যা-ই হোক না কেন, বাড়ি থেকে পালিয়ে-নামে নতুন কিছু করা সহজ না। শিবরাম চক্রবর্তীর গল্প নিয়ে ঋত্বিক ঘটক বহু আগেই এই নামে অসাধারণ একটা চলচ্চিত্র তৈরি করে রেখে গেছেন। সুতরাং একই নামে নতুন কিছু করা সহজ নয়। তবে লেখক ও নির্মাতা হিসেবে নূরুল আলম আতিকের নাম আছে বলেই দেখতে বসা। বাড়ি থেকে পালানোরই গল্প। এবার পালানো শহর থেকে গ্রামে। সোহানা ও মিশু নামের দুজন কেন গ্রামে পালিয়ে গেল সেই রহস্য জানতে গল্পের শেষ পর্যন্ত দেখতে হয়। আর পালিয়ে আসা বন্ধুর গ্রামের বাড়িতে একটার পর একটা ঘটনা ঘটতে থাকে। বন্ধুর মা, বিএ ফেল করা বড় ভাই আর ঘরে আটকে রাখা পাগল বোন। প্রত্যেককে ঘিরেই একটা করে গল্প আছে। খুব সহজ-সরল গল্প না, এর পেছনে রয়েছে নানা রহস্য। নাটকটির শেষে যে সব রহস্য জানা যাবে তাও না। শুরুতে মিশুকে অন্যতম মূল চরিত্রের একজন সহযোগী মনে হলেও নাটক শেষে তাকেই মনে হয় মূল চরিত্র। যদিও কেবল এতিম বলেই পাগল আলোর প্রেমে পড়া ও বিয়ে করার পেছনের যুক্তিটি ঠিক বোঝা যায় না। আবার ভূত বলতে কিছু নেই বলে পানির নিচ থেকে হঠাৎ একজনের উঠে আসার কার্যকারণটাও ঠিক বোঝা গেল না। জামিলের হাতে হেনার খুনের ঘটনাটি বাড়ি থেকে পালিয়ে আসা দুজনের মনে কী ধরনের প্রতিক্রিয়া পড়েছে তাও জানা গেল না। নাকি তারা ঘটনাটি জানতেই পারেনি? না পারলে ঠিক বিশ্বাসযোগ্য মনে হয় না।আগেই বলেছি, খুব সহজ-সরল একটি গল্প নিয়ে এগোননি নূরুল আলম আতিক। যদিও গল্প বলার ঢংটাও সুন্দর। জিন্না কসাইনাটকটি একটু ভিন্ন ধরনের। ঢাকাইয়া এক কসাই, যার নাম জিন্না, তাকে নিয়েই কাহিনি। ঈদে ৬৬টি গরুর কাজ পেয়েছিল সে। কিছুদিন আগেই অ্যানথ্রাক্সের কারণে কয়েক মাস তার ব্যবসা চলেনি। এবার ঘুরে দাঁড়াবে, এই ছিল আশা। প্রয়াত বাবা বলে গিয়েছিলেন, শুধু হালাল টাকায় কেনা গরুর কাজ করতে। ঈদের সারা দিনে সে রকম একটি গরুরও দেখা পায় না জিন্না। ফলে বাড়ি ফিরে আসে খালি হাতে। কাহিনি এটুকুই। কিন্তু ঘটনার পরতে পরতে ছিল সামনে কী ঘটতে যাচ্ছে, তা জানার আকাঙ্ক্ষা। জিন্না কসাই নামের নাটকটি নির্মাণ করতে গিয়ে দীপু হাজরা বেশ খেটেছেন বলেই মনে হচ্ছে। পুরান ঢাকার ভাষায় কথা বলতে গিয়ে দু-এক জায়গায় বিচ্যুতি ঘটলেও নির্দেশক প্রায় সবার কাছ থেকে ভালো অভিনয় আদায় করে নিতে পেরেছেন। নাট্যকার ফজলুল হক আকাশ কোরবানির গরুর ব্যাপারে তিনটি ঘটনা এনেছেন, যা প্রশংসাযোগ্য। অসৎ ব্যবসায়ী, পেটে বাচ্চাওয়ালা গাভি কেনা এবং স্বামী-স্ত্রীর কে বেশি টাকা দিল এবং কার নামে কোরবানি হবে—এই নিয়ে ঝগড়া ইত্যাদি বিষয় বাস্তব সমস্যাই, আকচার ঘটে যাচ্ছে আমাদের আশপাশে। একজন কসাই বিবেকের কাছে এতটা ঋজু থাকতে পারেন কি না, সে প্রশ্ন আসতে পারে, কিন্তু এ রকম মানুষ তো থাকতেই পারে, এ কথা ভেবে একটু মন ভালো করতে দোষ কী? জিন্না কসাই চরিত্রে আনিসুর রহমান মিলন সত্যিই মনে রাখার মতো অভিনয় করেছেন। বিন্দুও ভালো করেছেন। ভিন্ন স্বাদের, গতিশীল নাটকটি দেখে মনে হয়েছে, নির্দেশক ও নাট্যকার সামনে আরও ভালো কাজ উপহার দিতে পারবেন।