ঈদের ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>সারা বছর ঈদের অপেক্ষায় থাকেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। অপেক্ষায় থাকেন নির্মাতা, শিল্পীরাও। লক্ষ্য ঈদে নতুন ছবি মুক্তি দেওয়া, ঈদের ছবিতে থাকা। কিন্তু ছবির সেই বাজার নেই। ছবি মুক্তির সংখ্যা কমে যাচ্ছে দিন দিন। তবু ঈদ-উৎসবে সরগরম হয় বাজার। এবারের পরিস্থিতি কী, সে খবর জানাচ্ছেন মাসুম আলী

ঘরে চাল না থাকলে গৃহিণীরা বলেন, চাল বাড়ন্ত। তারপর হয়তো এ বাড়ি-সে বাড়ি কিংবা বাজারে ধরনা দেন কেউ কেউ। এবারের ঈদ-উৎসবে ঢাকার চলচ্চিত্রশিল্পের অবস্থা এমনই—‘বাড়ন্ত’। নতুন ছবির জন্য আমদানি-নির্ভর হচ্ছেন চলচ্চিত্র ব্যবসায়ীরা। আর এ নিয়ে বেধে গেছে গন্ডগোল। এক পক্ষ বলছে, ঈদে আমদানি ও যৌথ প্রযোজনার ছবি চালাতে দেবে না, অন্যরা বলছে চলবে। বিষয়টির সুরাহা হচ্ছে আদালতে। আবার বিশ্বকাপ ফুটবল চলাকালে নতুন ছবি মুক্তি দেওয়ার ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বেও পড়ে গেছে সংশ্লিষ্টরা। সংশয়, বিশ্বকাপের ডামাডোলে ছবির বাজার জমা কঠিন। আছে বর্ষা নিয়েও দুশ্চিন্তা।
‘এবার যে কী হইব, কিছুই বুঝতাসি না। ১১ রমজান চইলা গেল, এখনো কোনো খবর নাই!’ সোমবার দুপুরে কাকরাইলের প্রদর্শক সমিতির কার্যালয়ে এভাবেই নিজের অভিব্যক্তি জানালেন বগুড়ার ধুনটের ক্লিওপেট্রা হলের মালিক নজরুল ইসলাম। অন্য বছরগুলোতে কী হয়? জানতে চাইলে নজরুল ইসলাম বলেন, রমজানের প্রথম থেকেই হলের দেয়ালে পোস্টার-ব্যানার থাকে। চারদিকে জানাজানি হয়, কোন হলে কোন ছবি, কয়টা ছবি। এবার তো এর কিছুই না।
রাজধানীর ফিল্মপাড়া কাকরাইল, এফডিসি ও হলগুলো যেন এমনই—‘বুঝতাসি না’ অবস্থায় আছে। ঈদের ছবি নিয়ে অনিশ্চয়তা, কেউ নিশ্চিত নন শেষ পর্যন্ত কোন ছবি থাকছে বাজারে।
শুরু থেকে বাজারে আলোচনাটা ছিল মাত্র ছয়টি ছবি নিয়েই। অবশ্য প্রদর্শকেরা বলছেন, চলার মতো তিনটি ছবি হলেই যথেষ্ট। তাতে বরং ধুঁকে ধুঁকে টিকে থাকা ৩০০ সিনেমা হলে ভাগাভাগি করে নেওয়াটা সহজ হবে। এর বাইরে ইমপ্রেস টেলিফিল্ম আরও একটি ছবির প্রস্তুতি নিয়ে রেখেছে হলে মুক্তি দেওয়ার জন্য।

সেন্সর হয়েছে মাত্র ১টি
কাকরাইল ফিল্মপাড়ায় গত সপ্তাহে যেসব ছবি নিয়ে আলোচনা শোনা গেছে সেগুলো হচ্ছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া, সুপার হিরো, পোড়ামন ২, ভাইজান এলো রে ও সুলতান। ইমপ্রেস টেলিফিল্ম তাদের নতুন ছবি কমলা রকেট মুক্তি দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে। এ ছবিরও সেন্সর হয়েছে গত এপ্রিল মাসে।
গুঞ্জন, জল্পনায় সবার আগে নিশ্চিত হওয়া গেছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটির নাম। কেননা গত মঙ্গলবার পর্যন্ত এ ছবিরই সেন্সর হয়েছে। এর বাইরে আলোচ্য অন্য কোনো ছবির সেন্সর হয়নি বলে প্রথম আলোকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফিল্ম সেন্সর বোর্ডের সচিব মোহাম্মদ আলী সরকার। ২০ মে মঙ্গলবার দুপুর পর্যন্ত বাংলা কোনো চলচ্চিত্র জমা নেই বোর্ডে।
চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়ার পরিচালক উত্তম আকাশ নিশ্চিত করলেন, এ ছবির শুটিং, ডাবিং, সম্পাদনাসহ সব কাজ শেষ হয়েছে। ছবিটি আসছে ঈদেই মুক্তি পাবে। এ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী।

‘সুপার হিরো’ নিয়ে অভিযোগ
এ জুটির আরেকটি ছবির কথা শোনা গেছে—সুপার হিরো। খবর নিয়ে জানা গেছে, এ ছবির জুটিও এক, শাকিবের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এক হলেও ছবি দুটির গল্প ভিন্ন। রোমান্টিক কমেডি ধাঁচের চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়াতে বুবলীকে নোয়াখালীর আঞ্চলিক মেয়ের চরিত্রে দেখা যাবে। অপরদিকে সুপার হিরো সিনেমায় মারকুটে চরিত্রে।
অ্যাকশন থ্রিলারধর্মী সুপার হিরো ছবিটি পরিচালনা করেছেন আশিকুর রহমান। এটি প্রযোজনা করেছে হার্টবিট কথাচিত্র। এই ছবিতে বুবলী-শাকিব ছাড়াও আরও একজনের দিকে দৃষ্টি থাকবে দর্শকের। ছবিটিতে দেখা যাবে ঢাকা অ্যাটাক-এর অভিনেতা তাসকিন রহমানকে। তবে এ ছবি নিয়ে সংশয় তৈরি হয়েছে। নিপা এন্টারপ্রাইজ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠানের কর্ণধার প্রযোজক সেলিনা বেগম বিনা অনুমতিতে অস্ট্রেলিয়ায় শুটিং করার জন্য সুপার হিরোর বিরুদ্ধে তথ্য মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ করেন। অবশ্য সুপার হিরো ছবির প্রযোজক তাপসী ফারুক নিজের ভুল স্বীকার করে দেশের বাইরে ছবির শুটিং করা অংশটুকুর জন্য শুটিং-উত্তর অনুমতি চেয়ে তথ্য মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছেন। কিন্তু মন্ত্রণালয় থেকে এই প্রযোজক এখনো চিঠির কোনো জবাব পাননি। ছবি-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, মন্ত্রণালয়ের কাছ থেকে অনুমতি না পেলে এত অল্প সময়ের মধ্যে ছবিটি মুক্তি দেওয়া যাবে না। কিন্তু এখানে প্রশ্ন দেখা দিয়েছে অন্য একটি বিষয়ে। নাম প্রকাশ না করার শর্তে বেশ কয়েকজন চলচ্চিত্র ব্যবসায়ী বলছেন, চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া ও ভাইজান এলো রে ছবি দুটোকে এগিয়ে রাখার জন্য এমন অভিযোগ করেছে প্রযোজক সেলিম খানের মেয়ে সেলিনা বেগমের প্রতিষ্ঠান নিপা এন্টারপ্রাইজ।

পোস্টারেই হিট
‘পোড়ামন-২’
পোড়ামন-২ ছবিটি নিয়ে গণমাধ্যম, সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা হয়েছে। পোস্টার, ট্রেইলরও সাড়া ফেলেছে। সময়ের দাপুটে প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার নতুন ছবি এটি। পোড়ামন-এর সিক্যুয়েলে অভিনয় করছেন নবাগত সিয়াম ও পূজা। পয়লা বৈশাখে মুক্তি পাওয়ার কথা থাকলেও কান চলচ্চিত্র উৎসব ঘুরে আসা পোড়ামন-২ শামিল হচ্ছে ঈদে সিনেমা মুক্তির মিছিলে—এমনটাই আলোচনা শোনা যাচ্ছে।
জানা গেছে, এটি সিক্যুয়েল ছবি। জাকির হোসেন রাজু ২০১৩ সালে নির্মাণ করেন পোড়ামন। এ সিনেমায় প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেন সাইমন সাদিক ও মাহি। সিনেমাটির সিক্যুয়াল পোড়ামন-২তেও প্রথম কিস্তির মতো গল্পে পরি ও সুজন নামের এক প্রেমিকযুগলের ভালোবাসার করুণ পরিণতি দেখানো হবে। প্রথম আলোকে এক সাক্ষাৎকারে সিয়াম বলেন, ‘অনুসরণ যদি করতেই হয় তাহলে বলব, আমি সালমান শাহকে অনুসরণ করছি। তিনি বাংলার সিনেমাপ্রেমী প্রত্যেক দর্শকের ঘরের নায়ক। তিনি ছবিতে যা-ই করেছেন, তার একটা আলাদা সিগনেচার ছিল। এ কারণেই তিনি সালমান শাহ হতে পেরেছেন।’ তবে শেষ কথা হলো, এ ছবিরও সেন্সর হয়নি গত মঙ্গলবার পর্যন্ত। জমাও পড়েনি।

‘কমলা রকেট’ মুক্তি দেবে ইমপ্রেস
ফিল্মপাড়ায় তেমন একটা আলোচনা শোনা যায়নি ঠিকই, কিন্তু কমলা রকেট ছবিটি ঈদে মুক্তি দেওয়ার প্রস্তুতি নিয়েছে ইমপ্রেস টেলিফিল্ম। প্রতিষ্ঠানটির কর্মকর্তা ইবনে হাসান খান প্রথম আলোকে জানান, বেশ কিছু হলের সঙ্গে কথাবার্তা চলছে। দু-এক দিনের ভেতর নিশ্চিত করে বলা যাবে কোন কোন হলে যাচ্ছে ছবিটি।
কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের ‘মৌলিক’ ও ‘সাইপ্রাস’ গল্প অবলম্বনে এর চিত্রনাট্য করেছেন শাহাদুজ্জামান ও নূর ইমরান মিঠু। পরিচালনায় আছেন নূর ইমরান মিঠু। ছবিতে অভিনয় করেছেন তৌকীর আহমেদ, মোশাররফ করিমের মতো সুপরিচিত অভিনেতারা।
আরেকটি ছবির কথা শোনা গেছে—আমার প্রেম আমার প্রিয়া। কায়েস আরজু ও পরীমনি অভিনীত ছবিটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা করছেন নির্মাতা শামীমুল ইসলাম। পরিচালক বলেন, ‘আমাদের আশা, ঈদে ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হবে। আমার বিশ্বাস, ছবিটি দর্শকেরা গ্রহণ করবেন।’ তবে প্রদর্শক সমিতিতে এ ছবির মুক্তি ব্যাপারে কোনো তথ্য নেই।

ভাইজান আসবে কি?
সুলতান ও ভাইজান এলো রে ছবি দুটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা ছিল গত সপ্তাহে। ভাইজান এলো রে পরিচালনা করেছেন জয়দীপ মুখার্জি। প্রযোজনা করেছে কলকাতার এসকে মুভিজ। শাকিব খান, শ্রাবন্তী ও পায়েল ছাড়াও ছবিতে অভিনয় করেছেন বাংলাদেশের মনিরা মিঠু, দীপা খন্দকার, শাহেদ আলী; কলকাতার রজতাভ দত্ত প্রমুখ।
সুলতান ছবিটি পরিচালনা করছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার নায়ক জিতের প্রযোজনা প্রতিষ্ঠান জিৎস ফিল্ম ওয়ার্কস ও বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া। জিৎ-মিম ছাড়াও ছবিটিতে অভিনয় করছেন ঢাকা অ্যাটাক-এর তাসকিন রহমান ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। এ দুটি ছবির মুক্তির বিষয়টি নির্ধারিত হচ্ছে আদালতে।
ছবি চূড়ান্ত হয়নি, পোস্টার-ব্যানার যায়নি হলে হলে। তাহলে কতটা সম্ভাবনা আছে আলোচ্য ছবিগুলো নিয়ে। এমন প্রশ্নের জবাবে চলচ্চিত্র প্রদর্শক সমিতির উপদেষ্টা মিয়া আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কোনো ব্যাপার না। সেন্সর হয়ে গেলে ৫ প্রেসে ৫ ছবির পোস্টার চলে যাবে। ঠিকঠাকভাবে সময়মতো সব হয়ে যাবে।’ ৪০ বছরের বেশি সময় চলচ্চিত্র-সংশ্লিষ্ট ব্যবসায় নিয়োজিত এ প্রদর্শক বলেন, চলচ্চিত্রশিল্পের জন্য এবারের ঈদের বাজারটা খুব গুরুত্বপূর্ণ। কেননা সারা বছর মোটেও ব্যবসা হয় না। ঈদে ব্যবসা হলে সারা বছরের বকেয়া বিল, কর্মচারীদের বেতন মেটায় অনেক প্রতিষ্ঠান।
অবশ্য সুলতান ও ভাইজান এলো রে ছবি দুটি ঈদে মুক্তির ব্যাপারে প্রদর্শকদের মাঝেই দ্বিধাদ্বন্দ্ব কাজ করছে। প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘এই ঈদে বেশ কয়েকটি দেশীয় ছবি আছে, বাইরের দেশের ছবি দরকার নেই। ভবিষ্যতে যেন আমদানি ও যৌথ প্রযোজনার ছবি উৎসবে মুক্তি দেওয়া যায়, সে জন্য আমরা একটা ইতিবাচক সিদ্ধান্ত চাইছি।’

প্রস্তুত হচ্ছে হল
রাজধানীসহ সারা দেশে অনেক সিনেমা হলে সংস্কারকাজ চলছে। বেশ কিছু হল সংস্কারকাজের জন্য বন্ধও রাখা হয়েছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কয়টা ছবি মুক্তি পায়, কতটা জমে ওঠে বিশ্বকাপের ব্যস্ততার মাঝে। বর্ষার মৌসুমে মানুষ হলে আসবে কি না, সেটা নিয়েও চিন্তায় আছেন হলমালিকেরা। এত কিছুর পরও ঈদ নিয়ে আলোচনা, দৌড়ঝাঁপ চলছে। চলবেও। ঈদে নতুন ছবি মুক্তি দেওয়া যে যুগের পর যুগ ধরে চলে আসছে।