ঈদের ছবি: কোথাও আশা কোথাও নিরাশা
>

এবারের ঈদে দেশব্যাপী মুক্তি পেয়েছে তিনটি চলচ্চিত্র—শাকিব খান ও বুবলী অভিনীত বসগিরি ও শু৵টার এবং পরীমনি ও রোশান অভিনীত রক্ত। দেশের বিভিন্ন বিভাগের একাধিক প্রেক্ষাগৃহ ঘুরে জানা গেছে নতুন ছবিগুলোর হাল। আজ রাজশাহী, রংপুর ও বগুড়ার কয়েকটি প্রেক্ষাগৃহের ঈদের ছবি নিয়ে থাকছে প্রতিবেদন
রাজশাহী নগরে এখন মাত্র একটি প্রেক্ষাগৃহ। নাম ‘উপহার’। চলে বারো মাস। এই প্রেক্ষাগৃহে চলছে ঈদের ছবি রক্ত। আর জেলার তিনটি উপজেলায় রয়েছে তিনটি প্রেক্ষাগৃহ। এগুলোতে চলে শুধু ঈদের ছবি। সারা বছর বন্ধ থাকে। এই তিনটিতে চলছে ঈদে মুক্তি পাওয়া ছবি শু৵টার। এদের কোনোটিতে ঈদের দিন, কোনোটিতে দ্বিতীয় দিনে দর্শকের সমাগম বেশ ভালো ছিল।
গত শুক্রবার বিকেলে উপহার প্রেক্ষাগৃহে গিয়ে ব্যবস্থাপক তপন কুমার দাসের সঙ্গে কথা হয়। তিনি বলেন, ‘রক্ত সিনেমা নিয়ে যত লেখালেখি হয়েছে, সে পরিমাণ দর্শকের সাড়া পেলাম না।’ কারণ জানতে চাইলে তিনি বলেন, নায়িকা হিসেবে পরীমনির নাম ইতিমধ্যে সিনেমাপ্রেমীদের মুখে মুখে। কিন্তু নায়ক রোশন নবাগত হওয়ায় ছবিটা দর্শকপ্রিয় হলো না। তিনি বলেন, ‘ঈদের দ্বিতীয় দিনে আমাদের চারটি প্রদর্শনীতে ১ হাজার ৬৫০ জন দর্শক হয়েছে। এরপর থেকে ১ হাজার ৫ আসনের বিপরীতে ২০০-এর বেশি দর্শক হচ্ছে না। কিন্তু গত ঈদে যৌথ প্রযোজনার ছবি বাদশা বেশ দর্শকপ্রিয়তা পেয়েছিল।’
তিনি আরও বলেন, রাজশাহীর দর্শক ছাত্রনির্ভর। ঈদের সময় ছাত্ররা প্রায় সবাই শহর ছেড়ে চলে গেছে। এ কারণেও দর্শক আশানুরূপ হয়নি। তিনি আশা করছেন, আজ রোববার থেকে ছাত্ররা শহরে ফিরলে তাঁর হলে দর্শকের সংখ্যা বাড়বে।
বৃহস্পতিবার সন্ধ্যায় এই প্রেক্ষাগৃহে গিয়ে কথা হয় নগরের ডিঙ্গাডোবা এলাকার দর্শক জেসমিন খাতুনের সঙ্গে। তিনি বলেন, ‘নতুন নায়ক হলেও ছবিটা ভালো লেগেছে।’ পুঠিয়ার বানেশ্বর থেকে ছবি দেখতে এসেছিলেন নাহিদ পলাশ ও আলমগীর হোসেন। তাঁরাও একই কথা বললেন।
বাঘার ‘লাকী’ সিনেমা হলে শুধু ঈদে মুক্তি পাওয়া ছবি চালানো হয়। গত বছর পর্যন্ত এই হলটি ভাড়া দেওয়া ছিল। ব্যবসা না হওয়ার কারণে এবার ভাড়া হয়নি। তাই মালিক নিজেই ঈদের ছবি চালাচ্ছেন। চলছে ঈদে মুক্তি পাওয়া শাকিব খান ও বুবলীর ছবি শু৵টার। হলের মালিকের ছেলে মিলন সওদাগর বলেন, ‘ঈদের দ্বিতীয় দিনে আমাদের ৫০০ আসনের বিপরীতে চারটি প্রদর্শনীতে ৫০০ টিকিট বিক্রি হয়েছে। তারপর থেকে দর্শকের আর তেমন সাড়া নেই। গত শুক্রবার বিকেল তিনটার প্রদর্শনীতে প্রায় ৫০-৬০ জন দর্শক হয়েছে।’
রাজশাহীর পবা উপজেলার নওহাটা এলাকার ‘বাবুল সিনেমা’ হলেও চলছে শু৵টার। খোঁজ নিয়ে জানা গেছে, এই হলে ছবিটি মোটামুটি ভালো ব্যবসা করেছে।
রাজশাহীর তানোরের ‘আনন্দ’ সিনেমার ব্যবস্থাপক এনামুল হকের মনে হতাশা। তবে ঈদের দিনে তাঁর ভালো ব্যবসা হয়েছে। তিনি বলেন, ঈদের দিনে তাঁদের ৪০০ আসনের সবই পূর্ণ হয়েছিল। কিন্তু পরের দিন থেকে দর্শকের সংখ্যা কমতে শুরু করে।