ঈদের ছবি চূড়ান্ত, শুরু হল বুকিংয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রক্ত ছবির একটি দৃশ্যে রোশান-পরীমনি
রক্ত ছবির একটি দৃশ্যে রোশান-পরীমনি

‘শুটার’, ‘রক্ত’-এর পর সেন্সর ছাড়পত্র পেল ‘বসগিরি’। ঈদ উপলক্ষে এই তিনটি ছবিই দেখা যাবে প্রেক্ষাগৃহে। গতকাল মঙ্গলবার কোনো কর্তন ছাড়াই সেন্সর ছাড়পত্র পেয়েছে শামীম আহমেদের ‘বসগিরি’, তবে সনদপত্র এখনো হাতে আসেনি। জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান খান ফিল্মস।

বসগিরি ছবিতে শাকিব-বুবলি
বসগিরি ছবিতে শাকিব-বুবলি

গত বৃহস্পতিবার কর্তন ছাড়াই প্রথম সেন্সর ছাড়পত্র পায় রাজু চৌধুরীর ‘শুটার’ ছবিটি। গত শনিবার বিনা কর্তনে ছাড়পত্র পায় ওয়াজেদ আলীর ‘রক্ত’ ছবিটি। এই তিন ছবির সঙ্গে মুক্তির ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পাচ্ছে না ইফতেখার চৌধুরীর ‘ওয়ানওয়ে’ ছবিটি। কয়েক মাস আগেই সেন্সর ছাড়পত্র পেয়েছে সেটি। এ ব্যাপারে ছবির প্রযোজক মনির হোসেন বলেন, ‘আমরা সিদ্ধান্ত পরিবর্তন করেছি। ঈদে ছবিটি মুক্তি দিচ্ছি না। ঈদের পর একটা ভালো সময় দেখে মুক্তি দিতে চাই।’

শুটার ছবিতে শাকিব-বুবলি
শুটার ছবিতে শাকিব-বুবলি

এদিকে ছাড়পত্র পাওয়ার পর থেকেই ছবিগুলো হল বুকিংয়ের লড়াইয়ে নেমেছেন প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। সরগরম হয়ে উঠেছে সিনেমাপাড়া খ্যাত কাকরাইল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রেক্ষাগৃহ কর্মকর্তারা ভিড় করছেন সেখানে। ছবির রেন্টালের দর কষাকষি নিয়ে প্রযোজনা প্রতিষ্ঠানগুলোতে দৌড়ঝাঁপ শুরু করেছেন তাঁরা। প্রযোজনা প্রতিষ্ঠানসমুহ থেকে পাওয়া তথ্য অনুযায়ী এ পর্যন্ত হল বুকিংয়ে এগিয়ে আছে ‘শুটার’ ছবিটি। প্রযোজক এমডি ইকবাল জানান, ইতিমধ্যে প্রায় এক শ হল পেয়েছে ‘শুটার’ ছবিটি। প্রতিষ্ঠানের লক্ষ্য ১৭০টি হল।
অন্যদিকে ‘রক্ত’ ছবিটি বুকিং পেয়েছে প্রায় ৬০টি হলে। যৌথ প্রযোজনার এই ছবির অন্যতম প্রযোজক আবদুল আজিজ বলেন, ‘আমরা প্রথম সপ্তাহে এক শ হলে মুক্তি দিতে চাই। পরবর্তী সপ্তাহ থেকে সেটা বাড়াব।’
‘বসগিরি’ প্রদর্শনের লক্ষ্য ১২০টি হলে। এ পর্যন্ত প্রায় ৭০টি প্রেক্ষাগৃহে বুকিং পেয়েছে সেটি। প্রযোজক টপি খান বলেন, ‘আমরা বেশি রেন্টালে বড় হল, মাঝারি প্রেক্ষাগৃহগুলোতে ছবি মুক্তি দিতে চাই। ঠিক সেভাবেই এগোচ্ছি আমরা।’
প্রযোজকেরা জানিয়েছেন, এই বুকিং চাঁদরাত পর্যন্ত চলবে। এ সময়ের মধ্যে হল বুকিংয়ের হিসেব-নিকেশ বদলেও যেতে পারে। বিগত দিনগুলোতে দেখা গেছে, কোনো কোনো হলে বুকিং চূড়ান্ত হওয়ার পরও শেষ মুহূর্তে গিয়ে বুকিংয়ের ছবি পরিবর্তিত হয়ে গেছে। ঈদের এখনো বাকি সাত দিন। কোন ছবির কপালে কটি প্রেক্ষাগৃহ জুটবে, তা জানার জন্য ঈদের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।