ঈদের ছবি নিয়ে নতুন হিসাব-নিকাশ

ঢাকার চলচ্চিত্র বাজারে এখন একটাই আলোচনা, ঈদের ছবি। কোন ছবি আসছে, কোনটা আসবে না-এসব নিয়েই জল্পনা-কল্পনা। মাসের শুরুতে যেমনটা শোনা যাচ্ছিল-এ সপ্তাহের মাঝামাঝিতে ঈদের ছবি নিয়ে নতুন হিসাব-নিকাশ শুরু হয়েছে ঢাকার চলচ্চিত্র বাজারে। নতুন করে আলোচনায় এসেছে পাঙ্কু জামাই ও তুই শুধু আমার ছবি দুটি। এর আগে নিশ্চিত হয়েছে চিটাগাংইয়া পোয়া নোয়াখাইল্লা মাইয়া ছবিটি। পোড়ামন ২ সেন্সর বোর্ডে জমা পড়েছে, তবে এখনো সেন্সর বোর্ড ছবিটি দেখেনি।
এক মাস আগে শোনা যাচ্ছিল, এ বছর পবিত্র ঈদুল ফিতরে পাঁচ থেকে ছয়টি ছবি মুক্তি পেতে পারে। কিন্তু এখন চিত্র বদলে গেছে। ভাইজান এলো রে ও সুলতান ঈদে মুক্তি পাচ্ছে না, এ ব্যাপারটি আদালতই ফয়সালা করে দিয়েছেন। সুপার হিরো মুক্তির বিষয়টিও অনিশ্চিত।
গত সোমবার পাঙ্কু জামাই ছবিটি সেন্সর বোর্ডের অনুমোদন পেয়েছে। মূল ভূমিকায় অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস। ছবিটি দেখেছেন সেন্সর বোর্ডের বেশির ভাগ সদস্য। পাঙ্কু জামাই দেখে সেন্সর বোর্ডের সদস্যদের কেউ বলছেন ‘ছবিটি ভালো’, আবার কেউ বলছেন ‘ঠিক ঈদের ছবির মতো হয়নি’।

সেন্সর বোর্ডের পরিদর্শক মো. ওবায়দুল কবির মোল্লা প্রথম আলোকে জানান, নতুন ছবির মধ্যে শুধু পোড়ামন ২ জমা আছে বোর্ডে। আজ বুধবার বোর্ড ছবিটি দেখতে বসবে। বিকেল নাগাদ হয়তো জানা যাবে ছবিটির ভাগ্যে কী আছে। ধারণা করা হচ্ছে, আজ সেন্সর অনুমোদন মিললে ঈদের ছবির মিছিলে চূড়ান্তভাবে যোগ হবে পোড়মন ২।
বাংলাদেশের অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এবং ভারতের এসকে মুভিজ যৌথভাবে প্রযোজনা করছে তুই শুধু আমার ছবিটি। জানা গেছে, ছবিটি চিত্রনাট্য বাছাই কমিটির পর্যালোচনার জন্য জমা পড়েছে। গতকাল মঙ্গলবার এফডিসিতে এ ছবি প্রদর্শনের জন্য শিডিউল থাকলেও শেষ পর্যন্ত তা হয়নি বলে প্রথম আলোকে জানিয়েছেন কমিটির অন্যতম সদস্য সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুস। আজ বেলা ১১টায় ছবিটি আবার দেখার সময় দেওয়া হয়েছে। বাছাই কমিটি অনুমোদন দিলে ছবিটি সেন্সর বোর্ডে জমা পড়বে। চলচ্চিত্র প্রদর্শক সমিতি সূত্রে জানা গেছে, ঈদে মুক্তি দেওয়ার জন্য দেনদরবার করছেন তুই শুধু আমার ছবির প্রযোজক। তবে ছবির নির্মাতা ও প্রযোজনা সংস্থার পক্ষ থেকে এ ধরনের কোনো আভাস পাওয়া যায়নি।
দিন যত গড়াচ্ছে, ঈদের ছবি নিয়ে দুশ্চিন্তা তত বাড়ছে প্রদর্শকদের। প্রদর্শক সমিতির সভাপতি ও মধুমিতা মুভিজের ব্যবস্থাপনা পরিচালক ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, ‘এই সময়ে এসেও ঈদের জন্য ছবি নিশ্চিত না হওয়াটা পুরো শিল্পের জন্য খারাপ কিছু ইঙ্গিত করে। কেননা, ঈদের ছবি নিয়ে হল মালিকদের অনেক প্রত্যাশা থাকে। সারা বছরের বকেয়া পরিষদের বিষয় নির্ভর করে এর ওপর। আমাদের হলটিও সারা রমজান মাস বন্ধ রেখে ঈদের সময়টার জন্য প্রস্তুতি চলছে। সংস্কারকাজ হচ্ছে। এ পরিস্থিতিতে ঈদে চালানোর মতো পর্যাপ্ত ছবি না পেলে ব্যবসায় আবার ধস নামবে।’