ঈদের ছবি নিয়ে ব্যস্ত নির্মাতারা
এবার ঈদে সাতজন প্রযোজক ছবি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করেছেন। জানা গেছে, ছবিগুলো হলো বদিউল আলম পরিচালিত নিঃশ্বাস আমার প্রাণে ও শাকিব নাম্বার ওয়ান, সোহানুর রহমানের পরান যায় জ্বলিয়া রে ও দ্য স্পিড, মালেক আফসারির মনের জ্বালা, পি এ কাজলের চাচ্চু আমার চাচ্চু এবং মনতাজুর রহমানের রিক্সাওয়ালার ছেলে। এর মধ্যে পাঁচটি ছবির নায়ক শাকিব খান। তাঁর সঙ্গে আছেন অপু বিশ্বাস। শাকিব নাম্বার ওয়ান ছবির প্রযোজক মোহাম্মদ হোসেন জানান, ছবির বেশির ভাগ শুটিং হয়েছে ব্যাংককে। এই ছবিতে শাকিবের নাম ব্যবহার করে একটি গানও তৈরি হয়েছে।পরান যায় যে জ্বলিয়া রে ও দ্য স্পিড ছবির পরিচালক সোহান বললেন, ‘দুটি দুই ধরনের ছবি। পরান যায় যে জ্বলিয়া রে রোমান্টিক ও সামাজিক গল্পের ছবি আর দ্য স্পিড ছবির কাজ হচ্ছে মালয়েশিয়ার কিছু সুন্দর স্থানে। মারপিটের দৃশ্যগুলোতে নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। ছবিতে মালয়েশিয়ার একজন নায়িকা অভিনয় করছেন।’মালেক আফসারি বললেন, ‘অনেক দিন পর ছবি বানালাম। আমি বিশ্বাস করি, মনের জ্বালা ছবিটি দেখার জন্য দর্শক প্রেক্ষাগৃহে আসবে।’ পি এ কাজল বললেন, ‘চাচ্চু আমার চাচ্চু ছবিতে সামাজিক অনুভূতিকে প্রাধান্য দেওয়া হয়েছে। আমাদের পরিবারে যে ধরনের ঘটনা ঘটে, তেমনি কিছু ঘটনা এই ছবির গল্পে তুলে ধরা হয়েছে।’মনতাজুর রহমান সামাজিক ও অ্যাকশন ধাঁচের গল্প নিয়ে তৈরি করেছেন রিক্সাওয়ালার ছেলে ছবিটি। বললেন, ‘ঈদে দর্শক যে ধরনের ছবি দেখতে চায়, আমি সেদিকটাতেই প্রাধান্য দিয়েছি।’জানা গেছে, এগুলো ছাড়া আরও কিছু ছবি ঈদে মুক্তি দেওয়ার ব্যাপারে প্রস্তুতি চলছে।