ঈদের ছবি বডিগার্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুকের ব্যথাটা প্রচণ্ড বেড়েছে। তাই বাধ্য হয়েই তড়িঘড়ি করে সাইফি হাসপাতালে ভর্তি হয়েছেন সালমান খান। অবস্থা এখনো বেগতিক। আর একটু দেরি হলে...’ ঠিক যেন কোনো নাচে-গানে-হাসি-কান্নায় ভরপুর হিন্দি ছবির কাহিনি। গত সপ্তাহে এমন কাহিনিই রটিয়েছিলেন গুজবনির্মাতারা। সম্পূর্ণ সুস্থ সালমানের পরিবার এসব খবরে বিরক্ত হবে কি, উল্টো হেসেই খুন।অবশ্য তাদের হাসির মধ্যেও সন্দেহের গন্ধ খুঁজে নিয়েছেন অনেকে। বলা হচ্ছে, এই গুজব পরিকল্পিতভাবেই করা। সামনে সালমানের নতুন ছবি বডিগার্ড মুক্তি পাচ্ছে। সুতরাং প্রচারেই প্রসার। যদিও দাবাং সালমানের দাবি, ‘আমার ছবি হিট করার জন্য আমার নামই যথেষ্ট।’ সালমানের মাথায় এখন একটাই চিন্তা—কী করে বডিগার্ডকে বলিউড ইতিহাসের সবচেয়ে ব্যবসাসফল ছবি করা যায়। গত বছর দাবাং-এর মাধ্যমে ছোট ভাই আরবাজ খানকে প্রযোজক হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। এবার বোন আলভিরা-ভগ্নিপতি অতুল অগ্নিহোত্রীর পালা। দিল নে জিসে আপনা কাহা, হ্যালো ছবির ব্যর্থ নির্মাতা আলভিরা-অতুল এবার সফল হবেনই, গ্যারান্টি দিয়েছেন স্বয়ং সালমান। বলিউডে বডিগার্ড-এর উত্তাপ এখন এতটাই বেশি, অন্য কোনো প্রযোজক এবার ঈদে তাঁদের ছবি মুক্তি দেওয়ার সাহস করেননি।গত দুই বছর ওয়ান্টেড, দাবাং-এর মাধ্যমে সালমান এমনিতেই ‘বলিউডের ঈদের ছবি’ নিজের আয়ত্তে নিয়ে এসেছিলেন। এটা এমন এক ঐতিহ্যে পরিণত হয়েছে যে সালমানের আরেক ভাই সোহেল খান তাঁর প্রযোজিত শের খান ছবির মুক্তির তারিখও চূড়ান্ত করে ফেলেছেন—২০১২-এর রোজার ঈদ। অথচ ছবির শুটিং এখনো শুরু হয়নি। বডিগার্ড কি পারবে দাবাং-এর রেকর্ড ভেঙে থ্রি ইডিয়টসকে ছুঁয়ে যেতে? কারও দাবি, অবশ্যই পারবে। কারণ ওয়ান্টেড, দাবাং, রেডিতে সালমান নতুন কিংবা তুলনামূলক নতুন নায়িকার সঙ্গে কাজ করেছেন। কিন্তু বডিগার্ড-এ তাঁর নায়িকা কারিনা কাপুর, এ মুহূর্তে হিন্দি ছবির ১ নম্বর নায়িকা আসনের অন্যতম দাবিদার। অবশ্য যুক্তি খণ্ডন করে অনেকে বলেন, সালমান-কারিনা জুটি বরাবরই ব্যর্থ। এর আগে দিওয়ালির মতো বড় উ ৎ সবে দুজনের কিউ কি, ম্যায় ঔর মিসেস খান্না মুক্তি পেয়েছিল। দুটিই ডাহা ফ্লপ। আশাবাদীরা অবশ্য ইতিহাস নিয়ে ভীত নন। তাঁদের দাবি, জাব উই মেট-এর আগে কি শহীদ-কারিনা জুটিকেও ব্যর্থ জুটি বলা হতো না? বডিগার্ড-এর কাহিনি, চিত্রনাট্য পরীক্ষিত। পরিচালক সিদ্দিক শুরুতে মালয়ালাম, পরে তামিল-তেলেগু ভাষায় তিনবার নির্মাণ করেছিলেন বডিগার্ড। সিনেমা থিয়েটারে সিদ্দিকের মালয়ালাম বডিগার্ড দেখে মুগ্ধ হয়েই সালমান বোন-ভগ্নিপতিকে পরামর্শ দেন বলিউডে বডিগার্ড নির্মাণের। একটি ছবি হিট করার জন্য যত রকম মসলা প্রয়োজন, সালমান তা এত দিনে শিখে গেছেন। আগের তিনটি বডিগার্ড প্রেমের ছবি হলেও সালমানের বডিগার্ডকে করা হয়েছে রোমান্টিক-অ্যাকশন। সালমান-ভক্তরা ইদানীং যা পছন্দ করছেন। দেশি বিট গানের জন্য সালমান নৃত্যপরিচালকের পাশাপাশি গানের নির্দেশক রেখেছেন। খানদের মধ্যে সেরা ড্যান্সার হওয়ার জন্য জান-প্রাণ দিয়ে খেটেছেন সালমান। সাবেক প্রেমিকা ক্যাটরিনা ‘শিলা’ কাইফকে অনুরোধ করেছেন প্রথমবারের মতো তাঁর সঙ্গে আইটেম গানে সঙ্গ দেওয়ার জন্য। ১৫ বছর ধরে সালমানের সঙ্গে থাকা দেহরক্ষী শেরাকে ক্যাটরিনার সঙ্গে আইটেম গানে নাচিয়েছেন। শুক্রবার মুক্তি না দিয়ে বুধবার, ৩১ আগস্ট মুক্তি পাচ্ছে বডিগার্ড। ছয় বছর পর হিমেশ রেশমিয়ার সংগীত পরিচালনায় কাজ করতে রাজি হয়েছেন সালমান। শুরুতে প্রীতম ছবির একটি গান করার পর হিমেশ এসে সালমানের কাছে অতীতের ভুলের জন্য ক্ষমা চান। সালমানও গলে যান। হিমেশের ১০০টি গান থেকে পাঁচটি গান নির্বাচন করেন। মহেশ মাঞ্জরেকার বডিগার্ড-এও অভিনয় করেছেন সালমানের অনুরোধে। ওয়ান্টেড-এর আগে গড তুসি গ্রেট হো, ম্যারিগোল্ড, যুবরাজ ছবিতে মহেশ সালমানের সঙ্গে অভিনয় করেননি। ছবি ফ্লপ। ওয়ান্টেড-এর পর ম্যায় ঔর মিসেস খান, বীর ছবিতে মহেশ কাজ করেননি। ছবি ফ্লপ। দাবাং, রেডি ছবিতে কাজ করেছেন। ছবি ব্লকবাস্টার হিট। মহেশকে তাই নিজের ‘লাকি চার্ম’ মানেন সালমান। ছবির প্রচারণার জন্যও ঘাম ঝরাচ্ছেন সালমান। ১৫টি শহরে ইতিমধ্যে প্রচারণার কাজ শেষ। প্রতিটি শহর থেকে এক থা টাইগার ছবির সেটে সাইকেলে চড়ে হাজির হচ্ছেন সালমান। ব্যস্ততার কারণে শরীরচর্চা হচ্ছে না বলেই সালমানের এই অভিনব পন্থা। প্রতিটি শহরেই সালমান-কারিনার একজন করে স্থানীয় ভক্ত দেহরক্ষী থাকছেন। তাঁরা সারা দিন তাঁদের শহরে প্রিয় তারকাদের ‘বডিগার্ড’ হিসেবে কাজ করছেন। ছবির নায়িকা কারিনাও বা কম কিসে? ক্যাটরিনাকে টক্কর দেওয়ার জন্য তেরি মেরি গানে কারিনা নিজেকে ভেঙেছেন। বুঝতে পেরেছেন, দর্শক তাঁকে সাইজ জিরো ইমেজে নয়, পাশের বাড়ির মেয়ে হিসেবেই দেখতে ভালোবাসেন। প্রমাণ: জাব উই মেট। বডিগার্ড-এ কারিনার পোশাক নতুন ফ্যাশন উন্মোচন করবে—বিশ্বাস করেন কারিনা। থ্রি ইডিয়টস (২০০ কোটি+), গোলমাল ৩ (১০০ কোটি+) এরপর আরেকটি শত কোটি রুপি ব্যবসাসফল ছবির মালিক হতে চান কারিনা। তাহলেই অসিনকে ডিঙিয়ে হ্যাটট্রিক শত কোটি ছবির রেকর্ডটি একাই করতে পারবেন। সব মিলিয়ে বলিউডের সবার চোখ এখন বডিগার্ড-এর দিকে। এখন শুধু ঈদের অপেক্ষা...  রুম্মান রশীদ খান তথ্যসূত্র: বলিউড হাঙ্গামা, রিয়েল বলিউড, বলিস্পাইস, বলিউড ট্রেড, টাইমস অব ইন্ডিয়া, ফিল্মফেয়ার, আইএমডিবি, মিড ডে ডট কম