ঈদের ছবিগুলো
আসছে ঈদে মুক্তি পাবে পাঁচটি চলচ্চিত্র। এগুলো হলো সাফি ইকবাল পরিচালিত প্রেম মানে না বাধা, সোহানুর রহমান সোহান পরিচালিত পরান যায় জ্বলিয়া রে, নজরুল ইসলাম পরিচালিত হায় প্রেম হায় ভালোবাসা, স্বপন চৌধুরী পরিচালিত বস্তির ছেলে কোটিপতি এবং এফ আই মানিক পরিচালিত এক জবান। সর্বশেষ পাওয়া খবরে জানা গেছে, এক জবান ছবিটি সেনসর ছাড়পত্রের অপেক্ষায় রয়েছে। তবে ছবি মুক্তি দেওয়ার সব প্রস্তুতি পরিচালক গ্রহণ করেছেন।প্রেম মানে না বাধাউপমার নেকলেস চুরির ঘটনাকে কেন্দ্র করেই সাগরের সঙ্গে উপমার পরিচয় হয়। সেই পরিচয় থেকে ভালো লাগা এবং ভালোবাসা। কিন্তু উপমার বাবা কিছুতেই এই ভালোবাসাকে মেনে নিতে পারেন না। একসময় মেয়ের স্নেহের কাছে বাবার রাগ হার মানে। কিন্তু তখন ঘটে আরেক ঘটনা। এমনই এক গল্প নিয়ে পরিচালক সাফি ইকবাল নির্মাণ করেছেন প্রেম মানে না বাধা ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সোহেল রানা, হুমায়ুন ফরীদি, সুচরিতা, ডনসহ আরও অনেকে। পরান যায় জ্বলিয়া রেদাদার অনুরোধে বিদেশ থেকে দেশে আসে রাবিন। তারপর বন্ধুদের পাল্লায় পড়ে সাথী নামের এক মেয়ের সঙ্গে বাজি ধরে প্রেম প্রেম খেলা করতে যায়। মেয়েটিও রাবিনের প্রেমে সাড়া দেয়। কিন্তু রাবিন পরে তাকে জানায় যে সে মজা করেছে। মেয়েটি কষ্ট পেয়ে সরে যায়। হঠাৎ রাবিনের মনে মেয়েটির ভালোবাসা জায়গা করে নেয়। কিন্তু তত দিনে অনেক দেরি হয়ে গেছে।এমনই এক গল্প নিয়ে পরিচালক সোহানুর রহমান সোহান নির্মাণ করেছেন পরান যায় জ্বলিয়া রে ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, পূর্ণিমা, নদী, রোমানা, এ টি এম শামসুজ্জামান, মিশা সওদাগরসহ আরও অনেকে।হায় প্রেম হায় ভালোবাসাশ্রমিক ইউনিয়ন নির্বাচনে জাফর বিজয়ী হয়। কারখানার মালিক জাফর চৌধুরী ক্ষুব্ধ হন। এদিকে রায়হানের ছেলে ও জাফর চৌধুরীর বোন একই সঙ্গে পড়াশোনা করে। তাদের মধ্যে সম্পর্ক তৈরি হয়। কিন্তু এ নিয়ে জাফর চৌধুরী রেগে গিয়ে রায়হানকে ডেকে তার বোনের জীবন থেকে ছেলেকে সরে যাওয়ার কথা জানিয়ে দেয়। কিন্তু রায়হানের ছেলে জাফর চৌধুরীর কথা অমান্য করে। শুরু হয় সংঘাত। এমন গল্প নিয়ে তৈরি হয়েছে ঈদের ছবি হায় প্রেম হায় ভালোবাসা ছবিটি। নজরুল ইসলাম পরিচালিত এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, অপু বিশ্বাস, সুচরিতা, আলী রাজ, কাবিলা, ইলিয়াস কোবরা, মিজু আহমেদ, মিশা সওদাগরসহ আরও অনেকে।বস্তির ছেলে কোটিপতিরাহেলার স্বামী মারা গেছেন। এক ছেলে, দুই মেয়েকে নিয়ে ছোট্ট সংসার। রাহেলা মানুষের বাড়ি বাড়ি কাজ করেন। বড় মেয়ে কুলসুম পোশাকশিল্পে কাজ করতে গিয়ে মারা যায়। কিন্তু এ কারণে রাহেলা কোনো অর্থনৈতিক সহায়তা পান না। আস্তে আস্তে রাহেলা অসুস্থ হয়ে পড়েন। কেউ তাঁকে কাজে নেয় না। মায়ের এমন বেহাল দশা দেখে ছেলে রাজা প্রতিজ্ঞা করে, একদিন সে বড় হয়ে মায়ের অপমানের শোধ নেবে। শুরু হয় অন্য এক গল্প। পরিচালক স্বপন চৌধুরী এমনই এক গল্প নিয়ে নির্মাণ করেছেন বস্তির ছেলে কোটিপতি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মারুফ, সাহারা, শাকিবা, আমান, রাভিনা, মিশা সওদাগর, মিজু আহমেদসহ আরও অনেকে।এক জবানতারা দুজন দুজনকে ভীষণ পছন্দ করে। কিন্তু পরিবারের আপত্তির মুখে তারা আর বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেনি। যেখানে ছিল একসময় ভালোবাসা, সেখানে জন্ম নেয় ঘৃণা। দীর্ঘদিন পর আবার তাদের দেখা হয়। জানতে পারে, তাদের একজনের ভাই অন্যজনের বোন একে অপরকে ভালোবাসে। কিন্তু এ ভালোবাসাকে কেউ মেনে নিতে পারে না। শুরু হয় সংঘাত। এমনই এক গল্প নিয়ে পরিচালক এফ আই মানিক নির্মাণ করেছেন এক জবান ছবিটি। এ ছবির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রেসি, মিমো, জয়, মিজু আহমেদসহ আরও অনেকে।