ঈদের ছবির প্রস্তুতি শুরু
ঈদুল ফিতরের রেশ কাটতে না কাটতেই চলচ্চিত্রাঙ্গন ঈদুল আজহার ছবি নিয়ে জমে উঠতে শুরু করেছে। এবার শাকিব খানের ছবিগুলো ব্যবসায়িক সাফল্য পেয়েছে। তাই ঈদুল আজহায়ও একই শিল্পীর একাধিক ছবি মুক্তি দেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে।পরান যায় জ্বলিয়ারে ছবির প্রযোজক শফিকুল ইসলাম তাঁর ছবি ঈদে মুক্তি দেওয়ার কথা ঘোষণা দিয়েছেন। প্রযোজক তাপসী ঠাকুর জানিয়েছেন, মনের জ্বালা ছবিটি ঈদে মুক্তি দেওয়ার জন্য তিনি কাজ করছেন। তিনি বলেন, ‘শাকিব খানের শিডিউল পাওয়া কঠিন। তাই রাত ১১টার পরের শিফটে এসে শাকিব শুটিং করেছেন। আবার এমনই তাড়াহুড়া করতে হচ্ছে, রোজার ঈদের দিনেও শাকিব খানের ডাবিং করা হয়েছে। কারণ, কোরবানির ঈদে ছবি মুক্তি দিতে হবে, তাই এর কোনো বিকল্প ছিল না।’অন্যদিকে খোরশেদ আলম খসরু তাঁর হায় প্রেম হায় ভালোবাসা ছবিটিও ঈদে মুক্তি দিচ্ছেন বলে জানা গেছে। প্রযোজক গোলাম মোর্শেদ তাঁর মাটির ঠিকানা ছবিটি ঈদে নিয়ে আসার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এ ছবিতে প্রথমে শিল্পী ছিলেন রিয়াজ। ছবির দুই-তৃতীয়াংশ কাজ শেষ হওয়ার পর ছবিতে শাকিব খানকে নেওয়া হয়। ছবিটির এখন সামান্য কাজ বাকি আছে। এই কাজটুকু শেষ করার পরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেওয়া হবে। এফ আই মানিক ঈদে এক জবান মুক্তি দেওয়ার জন্য জোর প্রস্তুতি নিচ্ছেন। এর বাইরে আরও তিনটি ছবির প্রযোজকেরা চেষ্টা করছেন ঈদে তাঁদের ছবি নিয়ে আসতে।জানা গেছে, আগামী ঈদে শাকিব খান অভিনীত চারটি ছবি মুক্তি পাবে। এসব ছবির মধ্যে দুটির নায়িকা পূর্ণিমা, অন্য দুটির অপু বিশ্বাস। এক জবান ছবির মুখ্য চরিত্রের শিল্পী হচ্ছেন সাহারা।ঈদের ছবি নিয়ে এরই মধ্যে প্রেক্ষাগৃহের মালিকদের মধ্যেও প্রতিযোগিতা শুরু হয়েছে। আগে ঘোষণা দেওয়ার কারণে পরান যায় জ্বলিয়ারে ছবিটির ব্যাপারে এরই মধ্যে অনেক প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষের সঙ্গে চুক্তি হয়। আবার হায় প্রেম হায় ভালোবাসা ও মনের জ্বালা ছবিটির ব্যাপারে আলোচনা চূড়ান্ত করছে প্রেক্ষাগৃহ কর্তৃপক্ষ।আগামী ঈদে বেশি ছবি মুক্তি না দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেক চলচ্চিত্র-ব্যবসায়ী। অভিজ্ঞ বুকিং এজেন্টদের মতে, ঈদুল আজহায় প্রথম দুই দিন সবাই কোরবানি নিয়ে ব্যস্ত থাকে। তাই প্রথম দিনে অনেক স্থানেই প্রত্যাশা মতো দর্শক হয় না। তাই বেশি ছবি মুক্তি না দেওয়াটা হবে বুদ্ধিমানের কাজ।