ঈদের জন্য বিটিভিতে জমা পড়েছে ৭৬টি নাটক ও আটটি টেলিছবি
বিটিভির ঈদের অনুষ্ঠানমালায় প্রচারের জন্য বেসরকারি পর্যায়ে নির্মিত অনুষ্ঠান জমা দেওয়ার সময় শেষ হয়েছে গত ৩১ জুলাই। বিটিভির অনুষ্ঠান বিভাগের একটি সূত্র জানিয়েছে, এবার জমা পড়া অনুষ্ঠানের মধ্যে রয়েছে ৭৬টি নাটক, আটটি টেলিছবি, চারটি সংগীতানুষ্ঠান, সাতটি ম্যাগাজিন অনুষ্ঠান এবং ২০টি পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি। আরও আছে চলচ্চিত্র তারকাদের নিয়ে অনুষ্ঠান।বিটিভির ঈদের অনুষ্ঠান বাছাইয়ের জন্য এরই মধ্যে তথ্য মন্ত্রণালয় একটি বিশেষ প্রিভিউ কমিটি গঠন করেছে। বিটিভির মহাপরিচালক কাজী আবু জাফর সিদ্দিকীর সভাপতিত্বে উচ্চক্ষমতাসম্পন্ন এই কমিটি ৭ আগস্ট থেকে অনুষ্ঠান দেখবে। তাদের মনোনীত ‘এ প্লাস’ ও ‘এ’ পাওয়া অনুষ্ঠানগুলো বিটিভিতে প্রচার করা হবে এবার রোজার ঈদে। এবার ঈদে বিটিভি সাত দিনব্যাপী অনুষ্ঠান প্রচারের সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ঈদের দিন থাকবে বিটিভির নিজস্ব অনুষ্ঠান। পরের ছয় দিন বিটিভির নিজস্ব অনুষ্ঠানের পাশাপাশি থাকবে বেসরকারিভাবে নির্মিত অনুষ্ঠান।