ঈদের জন্য লাভলুর ধারাবাহিক
ঈদের জন্য ছয় পর্বের ধারাবাহিক নাটক বানাচ্ছেন সালাহউদ্দিন লাভলু। নাটকের নাম মোহর শেখ। লিখেছেন বৃন্দাবন দাস। গ্রামীণ পটভূমির গল্প নিয়ে তৈরি হচ্ছে নাটকটি। শুটিং হচ্ছে পুবাইলে। লাভলু বলেন, ‘কদিন আগেও ছয় পর্বের ধারাবাহিক তৈরির কোনো পরিকল্পনা ছিল না। হঠাৎই কাজটা শুরু করেছি। ছয় পর্ব বলে নয়, ঈদের কথা মাথায় রেখেই নাটকটি নির্মাণ করছি। আমি প্রতিটি নাটকই সামাজিক দায়বদ্ধতা থেকে তৈরি করি। তবে সঙ্গে থাকে পুরোমাত্রার বিনোদন। মোহর শেখ তার ব্যতিক্রম হবে না।’ লাভলু জানালেন, নাটকে তিনি অভিনয়ও করছেন। নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন চঞ্চল চৌধুরী, মোশাররফ করিম, ছন্দা, শামিম জামান, মৌটুসি বিশ্বাস, দিহান, বৃন্দাবন দাস প্রমুখ।জানা গেছে, নাটকটি আরটিভিতে ঈদের অনুষ্ঠানমালায় দেখানো হবে। মোহর শেখ ছাড়াও এবার ঈদের জন্য লাভলু তৈরি করেছেন বিটিভির জন্য অঙ্কুরের স্বপ্ন, এটিএন বাংলার জন্য টেলিছবি তিন গেদা, বাংলাভিশনের জন্য সার্ভিস হোল্ডার, চ্যানেল আইয়ের জন্য পয়েন্ট থ্রি। এ ছাড়া নাম চূড়ান্ত না হওয়া একটি নাটকের কাজ করছেন।