ঈদের টিভি অনুষ্ঠানে বিরক্ত দর্শক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছরের মতো এবারও ঈদে দেশের সরকারি ও বেসরকারি টিভি চ্যানেলগুলোয় প্রচারিত হয়েছে বিশেষ অনুষ্ঠান। নাটক, টেলিফিল্ম, সিনেমাসহ নানা বিনোদনমূলক অনুষ্ঠান নিয়ে সবকটি চ্যানেলেই সপ্তাহজুড়ে ছিল নানা আয়োজন। পাশাপাশি বড় পর্দায় মুক্তি পায় নতুন চলচ্চিত্র। প্রকাশিত হয় নতুন গানের অ্যালবাম। এসব আয়োজনের সবই কি দর্শকমনে আনন্দ জাগাতে পেরেছে, এগুলো কি মানসম্পন্ন হয়েছে—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গতকাল শুক্রবার চলচ্চিত্র ও বিনোদনবিষয়ক পত্রিকা পাক্ষিক আনন্দ আলো আয়োজন করে ঈদের অনুষ্ঠানগুলো নিয়ে গোলটেবিল বৈঠক। চ্যানেল আই ভবনে আয়োজিত এ অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আনন্দ আলো সম্পাদক রেজানুর রহমান। লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, ‘প্রাতিষ্ঠানিক কোনো প্রশিক্ষণ ছাড়াই আমাদের টিভি মিডিয়া অনেক ব্যাপ্তি পেয়েছে। একদল সৃষ্টিশীল মানুষের অক্লান্ত পরিশ্রমের ফসল আজকের টিভি অঙ্গন। বিশাল দর্শক আমাদের। কিন্তু আমরা তাদের জন্য মানসম্পন্ন অনুষ্ঠান তৈরি করতে পারছি না।’এরপর মুক্ত আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, অনুষ্ঠানের মান যা-ই হোক, বিজ্ঞাপনের আধিক্য দর্শকের বিরক্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ঈদের অনুষ্ঠানগুলো দর্শকদের আর আগের মতো টানে না। বক্তারা আরও বলেন, মানুষ কীভাবে ঈদ কাটায়, কখন টেলিভিশনের সঙ্গে থাকে এবং ওই সময় কী দেখতে পছন্দ করে—এসব গবেষণার দরকার রয়েছে। গ ৎ বাঁধা অনুষ্ঠান দর্শকেরা পছন্দ করে না। এলোমেলোভাবে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করেছেন। তাতে দর্শকেরাও বিক্ষিপ্তভাবে বিভিন্ন চ্যানেলে ছোটাছুটি করেছে। বক্তারা এ সময় প্রয়োজনে বিজ্ঞাপনের দাম বাড়িয়ে দিয়ে বিজ্ঞাপনের পরিমাণ কমিয়ে আনার পরামর্শও দেন। বক্তারা বাংলাদেশের টিভি মিডিয়ায় বিজ্ঞাপন ও ব্রডকাস্টিং নীতিমালা প্রণয়ন এবং টিভি ইন্ডাস্ট্রির জন্য দেশে একটি মানসম্মত ও গ্রহণযোগ্য প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপনের ওপর জোর দেন। আর এসব বিষয়ে একমত হতে পারলে ঈদসহ আগামী দিনে মানসম্মত টিভি অনুষ্ঠান দর্শকেরা দেখতে পারবে বলে সভায় সবাই একমত পোষণ করেন।এ সময় আলোচনায় অংশ নেন তারিক আনাম খান, আনিসুল হক, খালিদ মাহমুদ, আব্দুন নূর তুষার, মোস্তফা সরয়ার ফারুকী, দেবাশীষ বড়ুয়া, রেদওয়ান রনি, মুহাম্মদ মুস্তফা কামাল, অভিনেতা হাসান মাসুদ, সোহেল খান, নাট্যকার বৃন্দাবন দাস, জিনাত হাকিম প্রমুখ।