ঈদের টেলিছবিতে নিরব
অনেক দিন নাটক কিংবা কোনো টেলিছবিতে অভিনয় না করলেও এবারের ঈদে বড় পর্দার পাশাপাশি মডেল-অভিনেতা নিরবকে ছোট পর্দায়ও দেখা যাবে।ঈদের একটি টেলিছবিতে অভিনয় করেছেন নিরব। টেলিছবিটিতে নিরবের বিপরীতে অভিনয় করেছেন সুপার হিরোইন খ্যাত মিমো। ‘মন ছুঁয়ে যায়’ শিরোনামের এ টেলিছবিটির রচয়িতা সঞ্জয় কান্ত। এটি পরিচালনা করেছেন শেখ রুণা।টেলিছবিটির গল্পে বিশ্ববিদ্যালয়পড়ুয়া নিরব ও মিমো একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে আবদ্ধ। কিন্তু বেশ কিছুদিন ধরে নিরব খেয়াল করছে একজন বয়স্ক লোক নিরাপদ দূরত্বে থেকে প্রায় প্রতিদিনই ওদের ওপর নজর রাখছে। এর মধ্যে মিমো একদিন নীরবকে জানায়, বাড়িতে ওর বিয়ের কথাবার্তা চলছে, নীরব যেন শিগগিরই ওর বাড়িতে প্রস্তাব পাঠায়। বারবার বলার পরও নিরব কোনো উদ্যোগ নিতে না পারায় মিমো একসময় তাকে এড়িয়ে চলতে শুরু করে। মিমোর এমন আচরণ নিরব স্বপ্নেও ভাবেনি। সে লক্ষ করে, বয়স্ক লোকটির সঙ্গে মিমোর ঘনিষ্ঠতা বাড়ছে। কিন্তু কেন? তা বুঝতে পারে না সে। নিরব তার ভালোবাসাকে পাওয়ার জন্য একসময় মরিয়া হয়ে ওঠে। এমনই প্রণয় সংঘাতের গল্প নিয়ে এগিয়ে যায় টেলিছবি ‘মন ছুঁয়ে যায়’।নিরব বলেন, যখন থেকে ছবিতে কাজ শুরু করি, তখন থেকেই নাটক কিংবা টেলিছবিতে অভিনয় একেবারেই বন্ধ করে দিয়েছিলাম। শুধু অনুরোধের কারণে ‘মন ছুঁয়ে যায়’ টেলিছবিটির কাজ করতে হয়েছে। তবে গল্প ও এর নির্মাণপ্রক্রিয়াটাও কিন্তু ভালো ছিল।টেলিছবিটি ছাড়াও এবারের ঈদে নিরব বেশ কয়েকটি টিভি অনুষ্ঠানে হাজির হবেন। তবে সবকিছু ছাপিয়ে নিরবের ভাবনায় শুধুই চলচ্চিত্র। এবারের ঈদে আশরাফূর রহমানের ‘তুমি আসবে বলে’ এবং শাহজাহান চৌধুরীর ‘আত্মদান’ ছবি দুটি মুক্তি পাচ্ছে। নিরব বলেন, ‘বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় উত্সবের মধ্যে অন্যতম হচ্ছে ঈদ। এত বড় একটি উত্সবে দুটি ছবি মুক্তি পাচ্ছে ভেবে আনন্দের মাত্রাটা অনেক বেশি।’