ঈদের দিনে বাবার জন্য অপেক্ষা
সারা বছর বাবা খান আতাউর রহমানকে পাশে পেতেন না রুমানা ইসলাম ও আগুন। তাই ঈদের দিনটার জন্য অপেক্ষা করতেন তাঁরা। বাবাকে তো পাশে পাওয়া যাবে। ‘ঈদের দিন আব্বাকে পাশে পাব, এটাই ছিল আমার কাছে অনেক বড় ব্যাপার। আব্বা নিজে আমার জামার ডিজাইন করে দিতেন। সেই জামা পরে আমরা ঈদ করতাম।’ বলছিলেন রুমানা ইসলাম।ভাইবোনের মধ্যে প্রতিযোগিতা হতো, ভোরে উঠে কে কার আগে গোসল করতে পারে, তা নিয়ে। এরপর বাবার সঙ্গে সবাই যেতেন পুরান ঢাকায় দাদির বাড়িতে। পথে দাদার কবর জিয়ারত করে যেতেন। আগুন বললেন, ‘দাদির বাড়িতে যাওয়াটা ঈদের দিনের একটা নিয়মের মতো ছিল। এর বাইরে বন্ধুবান্ধবের সঙ্গেই ঈদটা কাটাতে বেশি পছন্দ করতাম।’ বললেন আগুন। বাবা এই দিনটা পুরোপুরি আমাদের পেছনে ব্যয় করতেন। সব ভাইবোনকে নিয়ে ঘুরতে যেতেন। তখন অনেক মজা হতো। কোনো আবদার করলে ফেলতেন না।রুমানা ইসলাম বললেন, ‘তবে দুই ভাইবোনের ছোটবেলার থেকে বড়বেলার ঈদের স্মৃতি অনেক বেশি। এখন ঈদের পরদিন আমরা সবাই দেখা করি। একসঙ্গে বাবার কবর জিয়ারত করতে যাই।’ আগুন বললেন, ‘মানিকগঞ্জের রামকান্তপুরে আমাদের বাড়ি। বাবা বেঁচে থাকতে চাইতেন, অন্তত প্রতিটি ঈদে যেন আমরা বাড়িতে যাই। বেঁচে থাকতে বাবার এ ইচ্ছা সব সময় পূরণ করতে পারিনি। তবে বাবা চলে যাওয়ার পর নিয়মিত বাড়ি যাওয়া হয়। মনে হয়, বাবা কবরে শুয়ে আমাদের জন্য অপেক্ষা করছেন।’