ঈদের দুই নাটকে ক্রিকেটার অপি
তাঁকে সবাই একজন ক্রিকেটার হিসেবেই চেনেন। বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে প্রথম সেঞ্চুরির রেকর্ডটিও এই ক্রিকেটারেরই। ১৯৯৯ সালের বিশ্বকাপে প্রথম হাফ সেঞ্চুরিটিও তাঁর করা। তবে মেহরাব হোসেন অপিকে এবারে ঠিক ক্রিকেটের মাঠে নয়, তাঁকে দেখা যাবে ঈদের নাটকে। তাও আবার একটি নয়, একসঙ্গে দুটি নাটকের কাজ করেছেন তিনি।

এর মধ্যে একটি নাটক এনটিভির জন্য আর অন্যটি এশিয়ান টেলিভিশনের জন্য নির্মিত হয়েছে। এনটিভির নাটকটির নাম এখনো ঠিক না হলেও পরের নাটকটির নাম ‘আম্পায়ার’। প্রথম আলোকে অপি জানিয়েছেন, দুটি নাটকেরই গল্প ক্রিকেট খেলাকে নিয়েই।
বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার বর্তমানে ক্রিকেট প্রশিক্ষক হিসেবে কাজ করছেন। এবারের ঈদে অপি অভিনীত নাটক দুটির পরিচালকেরা হলেন শাফায়েত মনসুর রানা ও অতুল রাকিব।
নাটকে অভিনয়ের প্রসঙ্গে আজ রোববার সকালে অপি বলেন, ‘প্রথম যখন শাফায়েত ভাই আমাকে তাঁর নাটকে কাজ করার প্রস্তাব দেন তখন গল্পটা পড়তে চেয়েছিলাম। যেহেতু নাটকের গল্পটা ক্রিকেট খেলাকে কেন্দ্র করে, তাই ভালো লেগেছিল। নাটকে আমার চরিত্রটিও কিন্তু একজন ক্রিকেট প্রশিক্ষকের। যা আমার এখনকার নিয়মিত কাজই বলতে পারেন। সবকিছু মিলিয়ে নাটকে কাজ না করার কোনো কারণ দেখিনি।’

এদিকে ‘আম্পায়ার’ নাটকটি প্রসঙ্গে অপি বলেন, এ নাটকে আমার উপস্থিতি খুবই অল্প সময়ের। অতিথি চরিত্র। সহশিল্পী হিসেবে মারজুক রাসেল ভাই ছিলেন। গতকাল উত্তরায় শুটিং করেছি। এ নাটকে কাজ করে ভালো লেগেছে।’
ক্রিকেটার অপি এর আগে বিভিন্ন টেলিভিশনের রিয়ালিটি শোতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন। এবারই প্রথম কোনো নাটকে কাজ করার অভিজ্ঞতা হয়েছে বলে জানান তিনি।
দুই নাটকে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে অপি বলেন, ‘যেহেতু দুটি নাটকের গল্পই ক্রিকেটকে ঘিরে, তাই খুবই ভালো লেগেছে। পরিচালকেরাও আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন। ক্যামেরার সামনে নিজেকে যেভাবে উপস্থাপন করতে পেরেছি, তার পুরো কৃতিত্বই পরিচালকের।’
অপি আরও জানান, এবারই প্রথম তিনি কোনো নাটকে কাজ করার অভিজ্ঞতা অর্জন করলেন। তবে খেলাধুলা সম্পর্কিত কোনো কাজের প্রস্তাব পেলে সামনেও নাটকে কাজ করতে তাঁর কোনো আপত্তি নেই।