ঈদের দুই নাটকে পূর্ণিমা
এবারের ঈদে ছোট পর্দার দুটি নাটকে দেখা যাবে চিত্রনায়িকা পূর্ণিমাকে। নাটক দুটি হচ্ছে, ‘সেই তো আবার’ ও ‘স্বপ্ন’। এস এ হক অলিক পরিচালিত নাটক দুটিতে পূর্ণিমার বিপরীতে অভিনয় করছেন টিভি অভিনেতা অপূর্ব ও মিলন। ঈদের নাটকে অভিনয় প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘নাটক দুটির গল্প শুনে খুব ভালো লেগেছে, তাই কাজগুলো করতে রাজি হয়েছি। সেই তো আবার নাটকে অপূর্বর সঙ্গে আমার দ্বিতীয় কাজ এটি। নাটকটি অপূর্বর সঙ্গে বেশ কিছু নাটকীয় ঘটনায় মধ্য দিয়ে পরিচয় হয় এবং গল্পটা সেভাবেই এগোতে থাকে। অপরদিকে স্বপ্ন নাটকটিতে আমি বিভিন্ন ধরনের স্বপ্ন দেখতে থাকি। যার সঙ্গে বাস্তবের ঘটনার কোনো মিল খুঁজে পাই না। আপাতত এটুকুই বলতে চাচ্ছি। সেই তো আবার নাটকটির নির্মাণকাজ এরই মধ্যে শেষ হয়ে গেছে।’ পরিচালক সূত্রে জানা গেছে, নাটকটি বিটিভির জন্য নির্মিত হচ্ছে। অন্যদিকে স্বপ্ন নাটকটির শুটিং শুরু হবে ১৯ অক্টোবর থেকে। আর এটি স্যাটেলাইট চ্যানেল এনটিভির জন্য।পূর্ণিমা আরও বলেন, ‘রোজার ঈদেও এই পরিচালকের একটি নাটকে কাজ করার কথা ছিল। কিন্তু তখন আমার একটি ছবি মুক্তি পাওয়ার কথা ছিল। তাই সিনেমাটির পরিচালকের অনুরোধে তখন আর টিভি নাটকে কাজ করা হয়নি। কিন্তু পরে দেখা গেল আর ছবিটিই মুক্তি পায়নি।’ টিভি নাটকের পাশাপাশি বড় পর্দায়ও পূর্ণিমার উপস্থিতির সম্ভাবনা রয়েছে। রোজার ঈদে সোহানূর রহমান সোহানের ‘পরাণ যায় জ্বলিয়ারে’ ছবিটি এবারের ঈদে মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানা গেছে। এ বিষয়ে পূর্ণিমা বলেন, ‘আমি আসলে এখন পর্যন্ত নিশ্চিত করে কিছু বলতে পারছি না। তবে এটা শুনেছি কোরবানির ঈদে ছবিটি মুক্তি পাওয়ার সম্ভাবনা অনেক বেশি।’