ঈদের নাটক নিয়ে ব্যস্ত শিল্পীরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের এখনো প্রায় তিন মাস বাকি। এরই মধ্যে ঈদকে ঘিরে বিভিন্ন টিভি চ্যানেলের জন্য তৈরি হচ্ছে অসংখ্য নাটক ও টেলিছবি। আর তাই শিল্পীদের ব্যস্ততাও বেড়ে গেছে কয়েক গুণ। বিশেষ করে তারকাশিল্পীরা কথা বলার জন্য এতটুকু সময় বের করতে পারছেন না। জাহিদ হাসান, তৌকীর আহমেদ, মাহফুজ আহমেদ, শহীদুজ্জামান সেলিম, আজিজুল হাকিম, মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, অপূর্ব, সজল, অপি করিম, জয়া আহসান, তারিন, তিশা, সুমাইয়া শিমু, বিন্দু, প্রভা, শখ, মীমসহ আরও অনেক শিল্পীরই ঈদের আগে পর্যন্ত নির্মাতাকে শিডিউল দেওয়ার মতো কোনো সময় নেই।শুক্রবার মিরপুরের একটি শুটিং স্পটে গিয়ে দেখা গেল রাত ১২টা পর্যন্ত মোশাররফ করিম একটি নাটকের শুটিং করছেন। এরপর চলে গেলেন আরও একটি নাটকের শুটিং করতে। এত রাতে শুটিং? মোশাররফ বললেন, ‘কাউকে তো আর না বলতে পারছি না। এতক্ষণ রেদোয়ান রনির কাজ করেছি, এখন ইফতেখার ফাহমির নাটকের শুটিং শুরু করব। কাল সকাল থেকে শুরু হবে অন্য দুই পরিচালকের কাজ। সবই ঈদের জন্য হচ্ছে।’চঞ্চল চৌধুরী বললেন, ‘এ পর্যন্ত পাঁচটি নাটকের কাজ শেষ করেছি। সামনে আরও প্রায় ১০টি নাটকে কাজ করতে হবে। সবই ঈদে দেখানো হবে। এর মধ্যে যাচ্ছি আবার কানাডায়। ফলে কীভাবে যে সবকিছু করব, বুঝতে পারছি না। কিছু কাজ ছেড়েও দিতে হচ্ছে।’ মাহফুজ আহমেদ জানালেন, দু-এক দিনের মধ্যেই তিনি অস্ট্রেলিয়ায় যাচ্ছেন। সেখান থেকে ফিরে ঈদের একটি নাটকের কাজ করেই চলে যাবেন যুক্তরাষ্ট্রে। দেশে ফেরার পর বাকি কাজগুলো করবেন।জাহিদ হাসান নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের বাইরে খুব বেশি কাজ করেন না। কিন্তু অনেক নাট্যকার ও পরিচালকের অনুরোধ রাখতে হচ্ছে। বললেন, ‘এমনিতেই খুব দেখেশুনে কাজ হাতে নিই। তার ওপর ঈদের সময় আরেকটু দেখে ভালো কিছু কাজ করি। তাই খুব বেশি করব না বললেও দেখা যায় শেষ পর্যন্ত অনেকগুলো নাটকেই কাজ করা হয়।’অপি করিম ব্যস্ত তাঁর বিশ্ববিদ্যালয় আর মার্কস অলরাউন্ডার প্রতিযোগিতার বিচারকাজ নিয়ে। হাতে সময় নেই নেই করেও এর মধ্যে চারজন নির্মাতাকে শিডিউল দিয়েছেন। বললেন, ‘অনেক ব্যস্ততার মধ্যেও কাজ করতে হচ্ছে। আসলে ঈদের মৌসুমে কাজের চাপটা একটু বেশিই থাকে।’১৬ জুলাই বিয়ের পিঁড়িতে বসবেন তিশা। বিয়ের দুই দিন আগেও যেমন শুটিং নিয়ে ব্যস্ত থাকবেন, তেমনি বিয়ের পরও তিশাকে ঈদের নাটক বা টেলিছবির কাজ করতে হবে।তিশার মতোই ব্যস্ততা রয়েছে সুমাইয়া শিমু, বিন্দু, প্রভা ও মীমের। শিমু বললেন, ‘টানা কাজ করতে করতে প্রায় অসুস্থ হয়ে পড়েছি। এখনো অনেক নির্মাতাই কাজ নিয়ে আসছেন। এর মধ্যে কয়টা ঈদে দেখানো হবে, তা বলা যাবে আরও কয়েক দিন পর।’