ঈদের নাটক নিয়ে শঙ্কিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদ কণ্যা নাটকের দৃশ্যে নাঈম ও জাকিয়া বারী মম
চাঁদ কণ্যা নাটকের দৃশ্যে নাঈম ও জাকিয়া বারী মম

১ জুন রাত ১১টায় আফরিন অথৈয়ের উপস্থাপনায় বৈশাখী টিভিতে প্রচারিত হলো সংগীতানুষ্ঠান ‘সারগাম’। এদিন শিল্পী ছিলেন সালমা ও সাগর বাউল। সব মিলিয়ে ঘণ্টাখানেকের অনুষ্ঠান। তাতে পালাক্রমে গান করেছেন দুজন। দুজনই মূলত লোকসংগীতশিল্পী। একজন তো পরিচিতি স্পষ্ট করার জন্য নামের সঙ্গে বাউল শব্দটিই জুড়ে দিয়েছেন—সাগর বাউল। ‘যমুনায় জল আনতে যাচ্ছ, সঙ্গে নাই তো কেউ’ দিয়ে শুরু করেছিলেন তিনি। তারপর একে একে গেয়েছেন ‘ভারত রঙ্গে কেষ্ট আমার সঙ্গে’, ‘মাই তুই জলে না যাইও’, ‘আশেক দেওয়ানা মরণের ভয় করে না’। লোকসংগীত হলেও তাঁর গানের নির্বাচনের মাঝে একটু ভিন্নতা লক্ষণীয়। তিনি হিন্দু-মুসলিমনির্বিশেষে অধ্যাত্মবাদী গানগুলোই বেছে নিয়েছেন। তাঁর কণ্ঠ কিছুটা হালকা হলেও ছিল সুরেলা ও মিষ্টি। উপস্থাপনাও ছিল নান্দনিক। কিন্তু তাঁর নিজের কোনো গান আছে কি না, তা দর্শকের জানার সুযোগ হলো না। এ ধরনের অনুষ্ঠানে অন্যের গানের পাশাপাশি দর্শক শিল্পীর নিজের গানও প্রত্যাশা করেন।

এদিক থেকে শিল্পী সালমা দর্শকের সে চাহিদা পূরণ করে দিয়েছেন। তিনি অন্যের জনপ্রিয় গানও গেয়েছেন, আবার নিজের গানও গেয়েছেন। তাঁর পরিবেশিত গানগুলোর মধ্যে ছিল ‘বেহায়া মনটা লইয়া তোমারে ভালোবাসি’, ‘জালালী কইতর’, ‘মধু হই হই বিষ হাওয়াইলা’, ‘মিলন হবে কত দিনে’। সালমার কণ্ঠও অত্যন্ত সুরেলা ও মিষ্টি। তাঁর উপস্থাপনাও ছিল আন্তরিকতাপূর্ণ। দুজনের পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি যখন জমে উঠছে, তখনই উপস্থাপক ঘোষণা করলেন, আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে। ইতিপূর্বে একই দিনে একই সময়ে বৈশাখী টিভিতে প্রচারিত হতো সংগীতানুষ্ঠান ‘সময় কাটুক গানে গানে’, সেটি ছিল সরাসরি প্রচারিত বেশ দীর্ঘ ও জমজমাট। সে তুলনায় ‘সারগাম’ অনুষ্ঠানটি কিছুটা দায়সারা মনে হয়েছে।

২ জুন রাত ৮টা ২৫ মিনিটে আরটিভিতে প্রচারিত হলো বিশেষ নাটক চাঁদ কণ্যা। রচনা করেছেন আহসান হাবিব, পরিচালনা, সরদার রোকন। অভিনয়ে, নাঈম, জাকিয়া বারী মম, শিরিন আলম, এস এন জনি প্রমুখ।

নাটকের সূত্রপাত হলো পিতৃহারা গ্রামের মেয়ে মমর বিয়ে নিয়ে মায়ের উৎকণ্ঠার মাধ্যমে। তারপর হঠাৎ তার মামাতো ভাই নাঈম বন্ধুসহ বেড়াতে আসে মমদের বাসায়। দিনের পর দিন মামাতো ভাই ও তার বন্ধুর সঙ্গে মুখে ওড়না ঢেকে ও কাগজে লিখে লিখে মম ভাব বিনিময় করে। এটা তার মায়ের নির্দেশ। একদিন রাতে মমর মা সরাসরি নাঈমকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু নাঈম তা প্রত্যাখ্যান করে। এরপর ঘোমটা খোলা মমকে দেখে তারা দুই বন্ধুই মুগ্ধ হয়ে যায়। শেষে চলে যেতে গিয়েও ফিরে আসে মমর টানে। এই হলো গল্প।

এককথায় বলা যায়, দুর্বল গল্প, ততোধিক দুর্বল চিত্রনাট্য এবং অযৌক্তিক ঘটনাপ্রবাহের সমাহার। নাঈমরা দুই বন্ধু কেন গ্রামে এসেছে, কেন দিনের পর দিন থাকছে, এর কোনো যুক্তিও নেই, ব্যাখ্যাও নেই। তারা কি ছাত্র, না চাকরিজীবী—কারও কোনো পরিচিতি নেই। এদিকে মায়ের নির্দেশে মম তাদের সামনে ওড়না দিয়ে মুখ ঢাকছে, হাতে কাগজ-কলম নিয়ে ঘুরছে, কাগজে লিখে লিখে ভাব বিনিময় করছে, বিষয়টি নাটকীয় তো মনে হয়ইনি, বরং হাস্যকর মনে হয়েছে। বলা যায়, এমনি অযৌক্তিক, অবাস্তব ও হাস্যকর ঘটনায় পরিপূর্ণ নাটক চাঁদ কণ্যা। আবার নামকরণটিও মজার, চাঁদকন্যা হবে এক শব্দ, সেটি লেখা হয়েছে দুই শব্দে। আর কন্যা বানানে দন্ত্য ‘ন’–এর স্থলে দেওয়া হয়েছে মূর্ধন্য ‘ণ’। এই হলো আমাদের বর্তমান টিভি নাটকের হাল।

১ জুন রাত ১০টায় একুশে টিভিতে প্রচারিত হলো আরেকটি সাপ্তাহিক নাটক অন্যরকম বন্ধুত্ব। রচনা ও পরিচালনা করেছেন আসিফ ইকবাল, অভিনয় করেছেন শায়ানা, নাঈম, তানভীর, রুমা প্রমুখ। নাটকের শুরু থেকে মাঝামাঝি পর্যায় অতিক্রমের পরও দেখা যায় কোনো গল্প নেই। শুধু দেখা যাচ্ছে বিভিন্ন লোকেশনে বন্ধুর নামে দুটি ছেলে ও দুটি মেয়ের কিছু অসংলগ্ন দৃশ্য আর অসংযত বিদ্রূপ ও রসিকতা। ঘটনার কোনো পরম্পরা নেই। সংলাপেরও কোনো মাথামুণ্ডু নেই। নাটক দেখতে দেখতে যেন ভুলেই যাচ্ছিলাম, আমি নাটক দেখছি নাকি কোনো কৌতুক-নকশা দেখছি। এরপর শেষে গিয়ে গল্পের একটু আভাস পাওয়া গেল, আর তা হলো, এক বন্ধু সময় দিতে না পারায় তার প্রেমিকা ভেগে যায় অন্য বন্ধুর সঙ্গে। তাদের ৪ বছরের সংসার ও সন্তান লাভের পর ব্যস্ত বন্ধুটির হুঁশ হয় এবং সে বিয়ের সিদ্ধান্ত নেয়। এই হলো নাটক।

এই শেষের ঘটনাটিই প্রথম থেকে একটি পরিচ্ছন্ন ও সুবিন্যস্ত গল্পের মাধ্যমে তুলে ধরা হলে হয়তো এটি হতে পারত একটি সার্থক নাটক। কিন্তু নির্মাতা কেন সে পথে হাঁটলেন না, বুঝলাম না। মোটকথা, টিভি নাটকও যে একটি শিল্প, এর গল্প, চিত্রনাট্য, সংলাপ, অভিনয়—এসবই যে দর্শকের শিল্প-চেতনার অনুষঙ্গ, নাটকটি দেখে একবারও তা মনে হয়নি।

সামনে ঈদ, টিভি নাটকের সবচেয়ে বড় মৌসুম। টিভি চ্যানেলগুলোতে চলছে তার আয়োজন। কিন্তু প্রতিনিয়ত এ ধরনের নাটক দেখে দর্শক এখনই শঙ্কিত, ঈদের পর ৭–৮টি দিন কী নাটক যে দেখতে হবে, তা বলাই বাহুল্য।