ঈদের নাটকে তমা মির্জা
তমা মির্জা চলচ্চিত্রের অভিনেত্রী। এবার তিনি অভিনয় করেছেন নাটকে। রবিন খান পরিচালিত নাটকটির নাম ঘর শ্বশুর বরণ। নাটকে তমা মির্জার সঙ্গে অভিনয় করেছেন আমিন খান। এর আগে তাঁরা একসঙ্গে অভিনয় করেছেন অনন্ত হিরা পরিচালিত চলচ্চিত্র ও আমার দেশের মাটিতে।পরিচালক জানান, ঘর শ্বশুর বরণ নাটকটি গ্রামীণ পটভূমিতে তৈরি হয়েছে। গল্পটা অনেকটা হাস্যরসাত্মক।তমা মির্জা বলেন, ‘একজন শিল্পীর কিছু চরিত্রের প্রতি দুর্বলতা থাকে। এমনকি কিছু চরিত্রে অভিনয় করলে বেশি ভালো লাগে। ঘর শ্বশুর বরণ নাটকে আমার চরিত্রটি ঠিক তেমনই।’ছোট পর্দায় নিয়মিত কাজ করার ব্যাপারে তমা বলেন, ‘আমি চলচ্চিত্রের শিল্পী। ছোট পর্দায় নিয়মিত অভিনয়ের কোনো ইচ্ছে নেই। ভালো গল্প পেলে মাঝেমধ্যে করব। অনেক দিন আগে আমি কিন্তু আরেকটি নাটকে অভিনয় করেছিলাম। তবে কাজ করেছি ঈদের নাটকে।’ঘর শ্বশুর বরণ নাটকে আরও অভিনয় করেছেন ফারজানা ছবি, তারিক স্বপন, মুনিরা ইউসুফ, রহমত আলী, ওয়াহিদা মল্লিক প্রমুখ।