ঈদের নাটকে পপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের ঈদে ছোটপর্দার জন্য নির্মিত একটি নাটকে অভিনয় করছেন দেশের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী পপি। সালমান হায়দার পরিচালিত ‘উমশূন্য’ নামের এ নাটকটিতে পপির সঙ্গে অভিনয় করেছে ‘খুদে গানরাজ’খ্যাত শিশুশিল্পী আশা। ঈদের এক দিন আগে রাত আটটা ৫০ মিনিটে ‘উমশূন্য’ নাটকটি প্রচার করবে বৈশাখী টেলিভিশন। নাটকের অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন আরমান পারভেজ মুরাদ, রোকেয়া প্রাচী, ফারজানা ছবি, মৌসুমী বিশ্বাস প্রমুখ। নাটকটির গানে কণ্ঠ দিয়েছেন দেশের বরেণ্য দুই সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীন ও সুবীর নন্দী। এ নাটকে কেন্দ্রীয় চরিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে দারুণ খুশি ছোট্ট আশা। এ প্রসঙ্গে সে জানিয়েছে, ‘পপি আপু আমার খুব পছন্দের একজন শিল্পী। তাঁর অনেক ছবি দেখেছি। এবার তাঁর সঙ্গে একই নাটকে অভিনয়ের সুযোগ পেয়ে খুব ভালো লেগেছে।’ ‘উমশূন্য’ নাটকের মূল চরিত্র পথশিশু ময়না। অনাথ ও অসহায় ময়নার মনের ভেতর জন্ম নেওয়া নানা প্রশ্নের জবাব কেউ দিতে পারে না। ময়না বেড়ে ওঠে জরিনার কাছে। ময়নার রক্তের কেউ না হলেও জরিনা তাকে মায়ের স্নেহ দেন। এদিকে, গোবিন্দ বাবু ময়নাকে পিতার আদর দিতে চান। কিন্তু সমাজের বাধার কারণে তিনি ময়নাকে ঘরে নিতে পারেন না। তিনি তাঁর পাপের জন্য সৃষ্টিকর্তার কাছে নিজেকে অপরাধী মনে করেন। ঘটনাক্রমে ময়না চলন্ত ট্রেনের ধাক্কায় মারা যায়। ময়নার মৃতদেহের পাশে গোবিন্দ বাবু কান্নায় ভেঙে পড়েন এবং তাঁর ভুলের মাশুল হিসেবে ময়নাকে তাঁর সন্তান বলে স্বীকৃতি দেন।