ঈদের নাটকে পপি
এবারের ঈদে অভিনেত্রী পপির কোনো চলচ্চিত্র মুক্তি না পাওয়ায় বড় পর্দায় তিনি অনুপস্থিত। তবে ছোট পর্দায় একটি নাটকে দেখা যাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত এ অভিনেত্রীকে। সম্প্রতি ঈদের জন্য মেজবাহ শিকদারের রচনা ও পরিচালনায় ‘গোধূলির কোণে দেখা আলো’ খণ্ড নাটকে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পপি।এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে মেজবাহ শিকদার জানিয়েছেন, ৩১ জুলাই থেকে ঢাকার বিভিন্ন লোকেশনে নাটকটির শুটিং শুরু হবে। নাটকে পপির চরিত্রটির নাম সাতি। বেশ চঞ্চল প্রকৃতির মেয়ে সাতি কখনোই কোনো কিছু নিয়ে সিরিয়াস নন। অন্য সবকিছুর মতো প্রেম নিয়েও উদাসীন তিনি। কিন্তু শেষমেশ ঘটে অন্যরকম এক ঘটনা।নাটকটির গল্প নিয়ে পপি বেশ উচ্ছ্বসিত। তাঁর বক্তব্য, ‘ঈদ উপলক্ষে ছোট পর্দায় হয়তো আমার অভিনীত পুরোনো অনেক ছবিই প্রদর্শিত হবে। কিন্তু দর্শক সাম্প্রতিক কাজগুলো দেখতে বেশি পছন্দ করেন। আর সে জন্যই ঈদের এই নাটকে কাজ করতে রাজি হয়েছি। আশা করি, রোমান্টিক গল্পের এ নাটকটি দেখে দর্শক নিরাশ হবেন না।’‘গোধূলির কোণে দেখা আলো’ নাটকে পপির বিপরীতে আবির চরিত্রে অভিনয় করবেন মডেল ও অভিনেতা সজল। একটি রেস্তোরাঁর মালিক আবির। ওই রেস্তোরাঁতেই সাতির সঙ্গে পরিচয় হয় তাঁর। কিন্তু সাতি জানেন না, ওই রেস্তোরাঁর মালিক আবির। ধীরে ধীরে সাতি ও আবিরের মধ্যে সুন্দর একটি সম্পর্ক গড়ে ওঠে। নাটকটির অন্যান্য চরিত্রে অভিনয় করবেন মুন, মনির ও মঈন।