ঈদের নাটকে ব্যস্ত পুবাইল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোরগোরায় ঈদ। ব্যস্ত সিনেমা ও নাটকপাড়ার কলাকুশলীরা। ঈদ উৎসবে দর্শকদের বিনোদন দিতে দিন-রাত চলছে শুটিং। অবশ্য সিনেমার কাজ শেষ হয়েছে আগেই। এখন ব্যস্ত শেষ মুহূর্তের কাজ ও প্রচারণা নিয়ে। নাটকের স্পটগুলোতে চলছে পুরোদমে শুটিং। ঈদের আগেই যেন ঈদ লেগেছে এখানে। এই ব্যস্ততা চলবে চাঁদরাত পর্যন্ত। সিনেমা মুক্তির ব্যস্ততা এবং নাটকপাড়ার ব্যস্ততা নিয়েই আমাদের এই আয়োজন
পুবাইলে শুটিংয়ের ফাঁকে আড্ডাও জমে ওঠে। তারই এক মুহূর্তে ক্যামেরাবন্দী হন (বাঁ থেকে) মৌসুমী হামিদ, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, মিম চৌধুরী ও শাহনাজ খুশী। ছবি: খালেদ সরকার
পুবাইলে শুটিংয়ের ফাঁকে আড্ডাও জমে ওঠে। তারই এক মুহূর্তে ক্যামেরাবন্দী হন (বাঁ থেকে) মৌসুমী হামিদ, সালাহউদ্দিন লাভলু, চঞ্চল চৌধুরী, মিম চৌধুরী ও শাহনাজ খুশী। ছবি: খালেদ সরকার

পুবাইলের রেলগেট থেকে হাতের বাঁয়ে যে রাস্তাটা গেছে সেদিকটা সুনসান। বড় কোনো গাড়ির যাতায়াত নেই। রাস্তা, দুপাশের বাড়িঘর, খেত-খামার—সবই যেন ডুবে আছে সবুজে। এসব পেরিয়ে দেখা মেলে শুটিং বাড়ির। একটি-দুটি নয়, বেশ কয়েকটি। ঢাকা থেকে তারকারা এখানে এসে নিয়মিত শুটিং করেন। এটা পুরোনো খবর। নতুন খবর হলো, ঈদের আগে পুবাইল এখন জমজমাট। সেটা দেখতেই এখানে আসা।

পুকুরের পাড় ধরে শুরুতেই যেখানে গেলাম সেটা এই এলাকায় ‘শাহিনের বাড়ি’ বলে খ্যাত। নির্মাতা শামীম জামানের চুটকি ভান্ডার নাটকের শুটিং হচ্ছিল সেখানে। ভিন্ন ভিন্ন গল্প নিয়ে ঈদের জন্য নির্মিত হচ্ছে নাটকটি। ক্যামেরার সামনে তখন মৌটুসি বিশ্বাস ও আ খ ম হাসান। দৃশ্য শেষ হতেই এগিয়ে এলেন নির্মাতা। জানালেন, ঈদের আগে দারুণ ব্যস্ত সময় যাচ্ছে তাঁদের। অভিনয়ের পাশাপাশি নির্মাণ করছেন বেশ কয়েকটি নাটক। বেশির ভাগই পুবাইলে শুটিং হচ্ছে।

পরিচালক শামীম জামান (ডানে) দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন অভিনেতা আ খ ম হাসান ও মৌটুসী বিশ্বাসকে
পরিচালক শামীম জামান (ডানে) দৃশ্য বুঝিয়ে দিচ্ছেন অভিনেতা আ খ ম হাসান ও মৌটুসী বিশ্বাসকে

পাশেই আরেক বাড়িতে শুটিং করছিলেন পরিচালক সালাহউদ্দিন লাভলু। আলোকচিত্রীসহ ওখানে যেতেই দেখা হলো চঞ্চল চৌধুরীর সঙ্গে। হাতে ব্রেসলেট, গলায় নানা ধরনের মালা পরে শুটিং বাড়ির বারান্দায় বসে আছেন। জানালেন, এখন তাঁর শট নেই। বাড়ির পাশে রাস্তার ধারে একটি দোকানে শুটিং হচ্ছে। দোকানদার অভিনেত্রী শাহনাজ খুশী, ক্রেতা মিম চৌধুরী। নাটকের নাম ইতি মীর জাফর। নাটকে অভিনয় করছেন মৌসুমী হামিদ ও চঞ্চলও। দৃশ্যধারণ শেষ করে লাভলু বিরতি দিলেন দুপুরের খাবারের। খেতে খেতেই বললেন, ‘আমি মাসের বেশির ভাগ সময় এখানেই থাকি। ধারাবাহিক তো আছেই, ঈদের বেশ কয়েকটি কাজ করলাম এখানে।’
পুবাইলে যত শুটিং বাড়ি
পুবাইলের বেশির ভাগ শুটিং সমন্বয় ও সহযোগিতা করেন আফতাব উদ্দিন। নিজে অভিনয়ও করেন। পরিচালকরা আসার আগে তাঁকে ফোন করেন। জেনে নেন কোন শুটিং বাড়ি খালি আছে! তিনি জানালেন, পুবাইলে প্রায় ১০-১২টি শুটিং বাড়ি আছে। বাড়ির নিজস্ব নাম ছাপিয়ে কিছু বাড়ি পরিচিত পেয়েছে মালিক বা লিজ নেওয়া ব্যক্তির নামে। যেমন–মেঘলা শুটিং বাড়িকে ডাকা হয় হালিমের বাড়ি নামে। এ ছাড়া আকাশ ভিলা, বশির ভাইয়ের হাউস, হাসনা হেনা, মনিরের বাড়ি, শাহিনের বাড়ি, গৌধুলী, প্যারাডাইস ও ম্যাডামের বাড়ি নামে পরিচিতি আছে শুটিং বাড়িগুলোর। আছে বিল বিলাই ও চটের আগা নামে দুটি শুটিং করার আলাদা জায়গা।

আফতাব উদ্দিন জানালেন, এরই মধ্যে অনেক নির্মাতা শুটিং করে গেছেন এখান থেকে। কয়েকজন আসবেন আবার। এ তালিকায় আছেন অনিমেষ আইচ, জাহিদ হাসান, সকাল আহমেদ, অরণ্য আনোয়ার, আরিফ খান, অঞ্জন আইচসহ নতুন-পুরোনো বেশ কজন নির্মাতা।
তাই, এখন যেকোনো শুটিং বাড়ির পাশের রাস্তা দিয়ে হাঁটার সময়ই কানে আসে লাইট-ক্যামেরা-অ্যাকশন শব্দগুলো। শুধু তাি্ নয়, পূবাইলের ভাদুন গ্রামের রাস্তা, খেত, বাড়ির পাশের বাগান, ডোবা, বিল সবই যেন ঈদ ঘিরে নতুন করে জেগে উঠেছে। বাদ নেই রেলস্টেশনও। ফেরার পথে রেলস্টেশন পার হওয়ার সময়ই চোখে পড়ল অভিনেত্রী উর্মিলা কর দাঁড়িয়ে আছেন রেললাইনের ওপর। সামনেই ক্যামেরা। এগিয়ে যেতেই জানালেন, নাটকের নাম বর্ষা অথবা গোলাপের গান। নির্মাণ করছেন মুশফিক কল্লোল। স্টেশনে দাঁড়িয়ে কথা বলতে বলতে বিকেলটা সন্ধ্যার দিকে গড়ায়। আলো থাকতে থাকতে রেললাইনে দাঁড়িয়ে সন্ধ্যার একটা শট দেবেন উর্মিলা।

রেললাইন ধরে হেঁটে আসছেন উর্মিলা কর। সেভাবেই ক্যামেরাবন্দী হলেন তিনি
রেললাইন ধরে হেঁটে আসছেন উর্মিলা কর। সেভাবেই ক্যামেরাবন্দী হলেন তিনি

পুবাইল শুটিং বাড়ি সম্পর্কে কয়েকটি তথ্য
* এখানে শুটিং বাড়ির প্রতিদিনের ভাড়া তিন থেকে ছয় হাজার টাকার মধ্যে।
* একসঙ্গে কয়েক বছরের জন্য ভাড়া নেওয়া যায় বেশির ভাগ বাড়ি। সেক্ষেত্রে ভাড়ার পরিমাণ আরও কমে আসে।
* অনেক তারকা ও পরিচালক একনাগাড়ে কয়েকদিন শুটিং শেষ করে তবেই ঢাকায় ফেরেন। কারণ বেশির ভাগ শুটিং বাড়িতেই থাকা-খাওয়ার ব্যবস্থা আছে।
* অভিনয়শিল্পীরা শুটিং শেষে প্রায়ই ভাদুন গ্রাম থেকে বিভিন্ন ফলমূল ও শাকসবজি নিয়ে যান।
* কয়েক বছরে তারকাদের নিয়মিত যাতায়াতের কারণে শুটিং সেটে স্থানীয় ব্যক্তিদের ভিড় বা অসহযোগিতা নেই বললেই চলে।