ঈদের নাটকে সংখ্যা বনাম মান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিভিশনসহ ১০টি টিভি চ্যানেল আয়োজন করেছে ঈদের অনুষ্ঠানমালা। প্রায় সব কটি চ্যানেলই এবার ছয় থেকে সাত দিন অনুষ্ঠান প্রচার করবে। এরই মধ্যে ঈদের জন্য তৈরি হয়েছে তিন শতাধিক নাটক ও টেলিছবি। কিছু নাটক ও টেলিছবি নির্মাণের কাজ চলছে এখনো। জানা গেছে, নির্মাতারা ঈদের কাজ শুরু করেছেন গত জুন মাস থেকে। কয়েকজন শিল্পী ৯ সেপ্টেম্বর পর্যন্ত কাজ করার জন্য সময় দিয়ে রেখেছেন নির্মাতাদের।এতগুলো নাটক ও টেলিছবি, কিন্তু অভিনয়শিল্পী মাত্র কয়েকজন। ঘুরেফিরে কয়েকটি জনপ্রিয় মুখই সব কটি টিভি চ্যানেলে বেশি দেখা যাবে। চ্যানেল কর্তৃপক্ষের মতে, দর্শক ও বিজ্ঞাপনদাতাদের কাছে তাঁদের চাহিদা বেশি। অন্য শিল্পীদের নাটক ও টেলিছবিও কিন্তু কম নয়।প্রায় অর্ধশত কিংবা কাছাকাছি সংখ্যার নাটক ও টেলিছবিতে কাজ করেছেন কেউ কেউ। অধিক সংখ্যক কাজ করতে গিয়ে মানটা কেমন হলো? আর এতগুলো কাজ করতে গিয়ে শিল্পী কতটা চাপের মধ্যে ছিলেন? এমনই কিছু প্রশ্নের জবাব জানার চেষ্টা করা হয়েছে কয়েকজন শিল্পীর কাছ থেকে।বিভিন্ন টিভি চ্যানেল ও নির্মাতাদের কাছ থেকে জানা গেছে, এবার সর্বাধিক সংখ্যক নাটক ও টেলিছবিতে কাজ করেছেন সজল। বিভিন্ন সূত্র থেকে জানা গেছে, এই সংখ্যাটা নাকি ৪০। এতগুলো নাটক ও টেলিছবিতে অল্প সময়ে কাজ করা সম্ভব? সজল বললেন, ‘আমি কিন্তু ধারাবাহিক নাটকে খুব একটা কাজ করি না। সারা বছরই এক ঘণ্টার নাটক আর টেলিছবিতে কাজ বেশি করা হয়, তবে ঈদের আগে চাপটা একটু বেশি পড়ে। ইদানীং প্রায়ই ভোর চারটা-পাঁচটা পর্যন্ত কাজ করে আবার সকাল ১০টার সময় ছুটতে হয়েছে অন্য নাটকের সেটে। যেহেতু প্রস্তুতিটা অনেক আগে থেকেই শুরু হয়, তাই কোনো নির্মাতাকে বিপদে পড়তে হয় না।’এতগুলো নাটকে কাজ করার দরকার আছে কি? সজল বললেন, ‘এর মধ্যে বেশির ভাগ নাটকের চিত্রনাট্য এত ভালো যে সেগুলো হাতছাড়া করতে চাইনি। এবার যেহেতু নানা ধরনের চরিত্রে কাজ করেছি, তাই দর্শক আমার মধ্যে যথেষ্ট ভিন্নতা খুঁজে পাবে।’আর অভিনয়ের মানের ব্যাপারে বললেন, ‘মানটা ধরে রাখার জন্য শতভাগ চেষ্টা করেছি।’মোশাররফ করিম জানালেন, এবার তিনি ২৫টি নাটক ও টেলিছবিতে কাজ করেছেন। আগেও কিছু নাটক করা ছিল। সেখান থেকেও কয়েকটি প্রচার হওয়ার সম্ভাবনা আছে। এবার তাঁর উল্লেখযোগ্য চরিত্রটি হলো হিমু। কথা ছিল দেশ টিভির এই ধারাবাহিকটির জন্য তিনি ছয় দিন কাজ করবেন। কিন্তু শেষ পর্যন্ত কাজ করতে হয়েছে ১২ দিন। বললেন, ‘অতিরিক্ত কাজ করলে নিজের শরীরের ওপর বেশি চাপ পড়ে। তবে অভিনয়ের মানের ব্যাপারে খুব সচেতন থেকেছি। যেহেতু কাজটাকে ভালোবাসি, তাই এটা নিয়ে তো আর হেলাফেলা করা যায় না।’চঞ্চল চৌধুরী বললেন, ‘নাটক আর টেলিছবির সংখ্যা বলতে লজ্জা করে। এখন তো হালি আর ডজনের সময়। সংখ্যা বেশি হলেই মান খারাপ হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার প্রায় ৫০টি কাজের প্রস্তাব ছিল। কিন্তু পছন্দ হয়নি বলে কিংবা সময়ের অভাবে অন্যগুলো করা হয়নি। গত তিন সপ্তাহ অসুস্থতা নিয়েই কাজ করছি।’চঞ্চল চৌধুরী জানালেন, গত আড়াই মাস নতুন কোনো ধারাবাহিকের কাজ তিনি করেননি। পুরো সময়টাই ঈদের কাজ করেছেন। মাঝেমধ্যে চলতি ধারাবাহিকগুলোর টুকটাক কাজ করে দিয়েছেন। এবার ঈদের জন্য তিনি ২০টি নাটক ও টেলিছবির কাজ করেছেন।জয় অভিনয় করেছেন ১৫টি নাটকে। এর মধ্যে সাতটি তাঁর নিজের পরিচালনায়। জানালেন, চার বছর আগে তিনি একই ঈদে ১৫টিতে কাজ করেছিলেন। মাঝে চলচ্চিত্রে ব্যস্ততার কারণে সংখ্যাটা কমে গিয়েছিল।জয় বললেন, ‘এখন ভালো গল্পের খুব অভাব। নির্মাতারা ভালো গল্প খুঁজছেন। এই গল্পের অভাবটা এবার ঈদের কিছু নাটকে স্পষ্টই বোঝা যাবে, তবে আমি ভালো কিছু কাজ করার চেষ্টা করেছি।’আর কাজের চাপের প্রসঙ্গে জয় জানালেন, আগের দিন রাত ১১টা পর্যন্ত কাজ করে বাসায় ফিরতে রাত ১২টা কিংবা তারও বেশি সময় লেগে যায়। আবার পরদিন সকাল ১০টায় অন্য নাটকের সেটে ঢুকতে হয়। একটা কাজ নিয়ে ভাবার জন্য তেমন কোনো সময় পাওয়া যায় না। এ সময়টা পাওয়া গেলে কাজ আরও ভালো করা সম্ভব হতো।মিলন ২০টিতে কাজ করলেও তেমন চাপ অনুভব করেননি। বললেন, ‘যেহেতু বেশ আগে থেকেই নির্মাতাদের সঙ্গে আলোচনা করে কাজের পরিকল্পনা চূড়ান্ত করেছি, তাই সমস্যা হয়নি। আর ঈদে সংখ্যার চেয়ে ভালো কাজ করার চেষ্টা করি। কারণ, বেশি কাজ করলে মান থাকে না, অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে। এসব ঝুঁকি নিতে চাই না।’মীর সাব্বিরও ২০টি নাটকে অভিনয় করেছেন, পাশাপাশি পরিচালনাও করেছেন। তিনি জানালেন, দিন-রাত কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছেন। আর বিদ্যুৎ-বিভ্রাটের কারণে প্রতিদিনই রাত দুটা-তিনটা পর্যন্ত কাজ করতে হয়েছে।সাব্বির বললেন, ‘এত কাজ করতে হচ্ছে, মান নিয়ে প্রশ্ন হতেই পারে। একজন শিল্পী কিন্তু বিশ্রাম নেওয়ার জন্য এতটুকু সময়ও পাচ্ছেন না। ভাববার জন্য কোনো সময় নেই। আজকে এক ধরনের চরিত্রে কাজ করে সকালে ছুটতে হচ্ছে একেবারে ভিন্ন চরিত্রে কাজ করার জন্য। আমি এ ক্ষেত্রে পরিচালকদের ধন্যবাদ দিতে চাই। পরিচালকদের কারণে অনেক সময়ই আমরা শিল্পীরা উতরে যাই। সমস্যাটা দর্শক বুঝতেই পারে না। কিন্তু এটা কোনো সমাধান নয়।’গত ৪০ দিনে ১৯টি নাটক ও টেলিছবির কাজ করেছেন অপূর্ব। পাশাপাশি তিনি কাজ করেছেন ধারাবাহিক নাটকেও। বললেন, ‘এই সময়ের মাঝেই আমি বিয়ে করেছি। কিন্তু বিয়ের এক দিন পরই আবার ক্যামেরার সামনে দাঁড়াতে হয়েছে।’গত বছর ঈদে ১২টি নাটক ও টেলিছবিতে কাজ করেছিলেন বিন্দু। কিন্তু এবার তিনি কাজ করেছেন ৩৫টিতে। এত কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে যান তিনি। তাঁকে ভর্তি করা হয় হাসপাতালে। চিকিত্সক দুই সপ্তাহ সম্পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। কিন্তু হাসপাতাল থেকে বের হয়ে পরদিনই ছুটে গেছেন শুটিংস্পটে। নাটকের কাজের মধ্যে বিশ্ববিদ্যালয়ে গিয়ে পরীক্ষাও দিয়ে এসেছেন। তিনি বললেন, ‘জুন থেকে শুরু হয়েছে আমার এই ম্যারাথন কাজ। চলবে ৯ সেপ্টেম্বর পর্যন্ত।’বিন্দু জানালেন, নানামুখী ঝামেলা হলেও এবার ঈদে তাঁর সব কটি কাজই ভালো হয়েছে। মান খারাপ হওয়ার প্রশ্নই আসে না। কারণ, প্রায় সব কটি নাটক কিংবা টেলিছবিতেই আছেন ভালো পরিচালক ও অভিনয়শিল্পী। উদাহরণ হিসেবে তিনি বললেন, ‘আগের দিন আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করে পরদিন যে নাটকে কাজ করলাম, সেখানে আমার বিপরীতে ছিলেন হুমায়ুন ফরীদি। বুঝতেই পারছেন, ভালো কাজ হতে বাধ্য।’এভাবেই নিজেদের কাজের ব্যাপারে বললেন শিল্পীরা। কিন্তু কাজটা কেমন হয়েছে, তা টিভিতে প্রচারিত হওয়ার পর দর্শকই ভালো বলতে পারবে।