ঈদের নাটক 'উত্তম সুচিত্রা'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘উত্তম সুচিত্রা’নাটকের দৃশ্যে অপূর্ব ও অপি করিম
‘উত্তম সুচিত্রা’নাটকের দৃশ্যে অপূর্ব ও অপি করিম

ঈদুল আজহার বিশেষ অনুষ্ঠান হিসেবে নির্মিত হয়েছে ‘উত্তম সুচিত্রা’ নামের একটি খণ্ডনাটক। ইরাজ আহমেদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন চয়নিকা চৌধুরী। অভিনয় করেছেন সৈয়দ হাসান ইমাম, অপি করিম, অপূর্ব প্রমুখ। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায়।
‘উত্তম সুচিত্রা’ নাটকের গল্প প্রসঙ্গে চয়নিকা চৌধুরী বলেন, নাটকে সৈয়দ হাসান ইমাম উত্তম-সুচিত্রা জুটির ভীষণ ভক্ত। সারা দিন প্রিয় এ জুটি অভিনীত সিনেমা দেখেন তিনি। উত্তম-সুচিত্রাকে পছন্দ করেন না এমন কাউকে বাসা ভাড়াও দেন না। একদিন তাঁর বাসাভাড়া নিতে যান অপূর্ব। দুজনের মধ্যে কথাবার্তার একপর্যায়ে হাসান ইমাম অপূর্বকে উত্তম-সুচিত্রা জুটির কয়েকটি সিনেমার নাম বলতে বলেন। ঘরে থাকা ডিভিডি দেখে কয়েকটি সিনেমার নাম বলতে পারায় অপূর্বকে বাসাভাড়া দেন তিনি। তবে একটি শর্ত জুড়ে দেন, কোনো মেয়ে বাসায় ঢুকতে পারবে না। তার একটাই কথা, সুচিত্রা সেন ছাড়া অন্য কোনো মেয়ে এ বাসায় প্রবেশ করতে পারবে না। এদিকে অপির সঙ্গে বাগদান হয়েছে অপূর্বর। বাসাভাড়া নিয়ে অপিকে বাড়িওয়ালার সুচিত্রা-উত্তমপ্রীতির কথা বলেন অপূর্ব। একজন এনজিওকর্মী হিসেবে হাসান ইমামের বাসায় যান অপি। উত্তম-সুচিত্রা নিয়ে তাঁর সঙ্গে অনেক কথাবার্তা বলেন। একপর্যায়ে অপির ভক্ত হয়ে যান হাসান ইমাম। এরপর থেকে সব সময় অপির কাছেই থাকেন এবং গল্পগুজব করেন তিনি। এ নিয়ে অপূর্বর সঙ্গে দূরত্ব তৈরি হয়। কাহিনি মোড় নেয় অন্যদিকে। এভাবেই ‘উত্তম সুচিত্রা’ নাটকের গল্প এগোতে থাকে।
‘উত্তম সুচিত্রা’ নাটকটি ঈদের দিন সন্ধ্যা সাতটা ৪৫ মিনিটে প্রচারিত হবে।