ঈদের পর জমে উঠেছে শিল্পকলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন নাটক গহনযাত্রায় সায়েকা
নতুন নাটক গহনযাত্রায় সায়েকা

বিরতি শেষে আবারও জমে উঠেছে শিল্পকলা একাডেমি। এখন প্রতিষ্ঠানটির বিভিন্ন মিলনায়তনে নাটক প্রদর্শনীসহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন হচ্ছে। সেখানে দর্শকও শামিল হচ্ছেন।
রমজান মাসে সংস্কারকাজের জন্য বেশ কিছুদিন বন্ধ ছিল একাডেমির মিলনায়তনভিত্তিক অনুষ্ঠানগুলো। এরপর ঈদের ছুটিতেও কোনো অনুষ্ঠান হয়নি। বর্তমানে সেখানে অনুষ্ঠানসহ নাটকের মহড়া চলছে। এর মধ্যে নতুন নাটকের উদ্বোধনী প্রদর্শনীর মতো ঘটনাও ঘটেছে।
ছুটি শেষে ১১ জুলাই শিল্পকলা একাডেমিতে নাটকের প্রদর্শনী শুরু হয়। ওই দিন পদাতিক নাট্য সংসদ তাদের নতুন নাটক ‘গহনযাত্রা’র বিশেষ প্রদর্শনীর আয়োজন করে। একাডেমির মঞ্চ ব্যবস্থাপক ফজলে রাব্বী প্রথম আলোকে বলেন, ওই দিন থেকে প্রায় প্রতিদিন নাটকের প্রদর্শনী হয়েছে। সেখানে দর্শকের সাড়াও মিলেছে। বিশেষ করে শুক্র ও শনিবারের প্রদর্শনীতে যথেষ্টসংখ্যক দর্শকের সমাগম হয়েছিল। এর মাঝে একাডেমির জাতীয় নাট্যশালা, পরীক্ষণ থিয়েটার ও স্টুডিও থিয়েটারে থিয়েটার আর্টের ‘কোর্ট মার্শাল’, দ্যাশ বাঙলা থিয়েটারের ‘সারস ডানায় পরান পাখি’, নাট্যকেন্দ্রের ‘বন্দুকযুদ্ধ’ ও ‘গাধারহাট’, বহুবচনের ‘দেবী’, নাট্য তীর্থের ‘দ্বীপ’, বাংলাদেশ থিয়েটারের ‘সিরাজ যখন নবাব সিরাজউদ্দৌলা’, নাগরিক নাট্যাঙ্গনের ‘গহর বাদশা ও বানেছা পরী’সহ বেশ কিছু নাটকের সফল প্রদর্শনী হয়েছে। এ ছাড়া গত শনিবার থেকে চলছে এশিয়ান সিনেমা রেট্রোস্পেকটিভ। ১৫ জুলাই একাডেমির সেমিনারকক্ষে সাংস্কৃতিক সংগঠন স্বপ্নলোকের আয়োজনে অনুষ্ঠিত হয় বুলবুল আহমেদ স্মরণানুষ্ঠান।
শিল্পকলা একাডেমির স্বাভাবিক কার্যক্রম চালু রাখতে দেশে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে। গতকাল সোমবার বিকেলে একাডেমির সভাকক্ষে সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর দেশের জ্যেষ্ঠ সাংস্কৃতিক ব্যক্তিত্বদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে বসেন। প্রথম আলোকে আসাদুজ্জামান নূর বলেন, ‘আমাদের কাছে সাধারণ মানুষের নিরাপত্তার বিষয়টি সবার আগে। তাই অপ্রীতিকর যেকোনো হামলা এড়াতে আমরা সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলোয় নিরাপত্তা জোরদার করতে নির্দেশ দিয়েছি।’
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী বলেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে সম্মিলিতভাবে আমরা নিরাপত্তা নিশ্চিত করছি।’