ঈদের পর জেমসের নতুন অ্যালবামের কাজ শুরু
‘অনেক দিন শ্রোতারা আমার নতুন কোনো গান পাচ্ছেন না। ব্যাপারটি আমি নিজেও অনুভব করছি। এবার আর সময় নিতে চাই না। স্টুডিওটা ঠিকঠাক করেছি। ভাবছি, ঈদের পরই নতুন অ্যালবামের কাজ শুরু করব।’ বললেন জেমস। তাঁর সর্বশেষ অ্যালবাম বেরিয়েছিল ২০০৯ সালে, কালযমুনা।অ্যালবামটি কবে বের করার ইচ্ছা আছে? জেমস বলেন, ‘আগামী বছর টার্গেট। যদি আগেই শেষ হয়ে যায়, তাহলে এ বছরই বের করব।’আর নতুন অ্যালবামের গান নিয়ে জেমস বললেন, ‘তেমন কোনো পরিকল্পনা করিনি। দেখি, গান করতে বসলে যে রকম গান আসে, তেমনই হবে। আগে থেকে পরিকল্পনা করে হয় না।’জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউলের ব্যবস্থাপক রবিন ঠাকুর জানান, এবার ঈদে জেমস দুটি টিভি চ্যানেলে গান গাইবেন। ঈদের দিন মাছরাঙা টিভিতে আর ১২ আগস্ট বৈশাখী টিভিতে। গত আট বছরে জেমস বলিউডের চারটি হিন্দি ছবিতে গান গেয়েছেন—গ্যাংস্টার, ও লামহে এবং লাইফ ইন এ...মেট্রো। এ বছর তিনি গান গেয়েছেন ওয়ার্নিং ছবিতে। জেমস জানান, এই ছবিতে তাঁর গাওয়া গানটি আগামী ২৭ সেপ্টেম্বর মুক্তি পাবে।