ঈদের পরদিনই শুটিংয়ে শাকিব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাকিব খান
শাকিব খান

ছুটি নেই শাকিব খানের। ঈদের দিনটা কোনোভাবে কাটিয়ে ঈদের পরদিনই যোগ দিলেন শুটিংয়ে। আজ গুলিস্তানের মত শহরের ব্যস্ততম এলাকায় নতুন ছবির শুটিং করলেন তিনি। বললেন, ছবির একটি দৃশ্যকে ফুটিয়ে তোলার জন্য ব্যস্ত ঢাকার এই ফাঁকা রূপটির খুব দরকার ছিল। তাই ঈদের ছুটিকে জলাঞ্জলি দিয়ে ফাঁকা ঢাকায় শুটিং করতে বেরিয়ে পড়লেন শাকিব।
বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির জন্য আজ শুটিংয়ে অংশ নেন শাকিব। শাকিব বলেন, ছবির জন্য হরতালে ফাঁকা ঢাকার একটি দৃশ্যের প্রয়োজন। শহরের চেনা ব্যস্ত রাস্তায় কোনো গাড়ি নেই। এমন দৃশ্য চাইলেও এফডিসিতে বানানো সম্ভব নয়। তাছাড়া ঈদের এই সময়টা ছাড়া অন্য সময় ঢাকাকে খালি পাওয়াও প্রায় অসম্ভব। তাই ছুটি নিয়ে বাড়িতে বসে না থেকে, কাজে নেমে গেলেন শাকিব খান ও তার ‘রাজনীতি’র দল।
এই ‘হরতাল’ দৃশ্যতেই নায়ক-নায়িকার প্রথম দেখা হবে। গাড়ি ভাংচুর, গোলমালের মধ্য দিয়ে গুলিস্তানের ফাঁকা রাস্তায় দেখা হবে শাকিব খান ও অপু বিশ্বাসের। ঠিক ধরেছেন, এই ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করছেন অপু বিশ্বাস।