ঈদের পরে সেন্সরে 'হৃদয়ের রংধনু'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হৃদয়ের রংধনু’ ছবির অভিনয়শিল্পীরা
‘হৃদয়ের রংধনু’ ছবির অভিনয়শিল্পীরা

পর্যটন নিয়ে দেশের প্রথম ছবি ‘হৃদয়ের রংধনু’ সেন্সরে জমা পড়বে ঈদের পরেই। পর্যটন দিবস উপলক্ষে চলতি মাসেই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে সংশ্লিষ্টদের।
গত শুক্রবার রাতে ইউটিউবে অবমুক্ত করা হয়েছে ছবিটি প্রথম গান ‘হাসির ছোঁয়া’। গানটিতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশের হার্ড মেটাল ব্যান্ড ক্রিপটিক ফেইটের প্রধান ভোকাল সাকিব চৌধুরী। এই ছবিতে গান করার মাধ্যমে প্রথমবারের মতো কোনো সিনেমার গানে যুক্ত হলো তরুণদের প্রিয় এ গানের দলটি। ‘হাসির ছোঁয়া’ গানের কথা ও সুর সাকিব চৌধুরীর এবং যৌথভাবে সংগীতায়োজন করেছেন সাকিব চৌধুরী ও ফারহান সামাদ।
‘হাসির ছোঁয়া’ গানটির দৃশ্য ধারণ করা হয়েছে বান্দরবান, খাগড়াছড়ি, কক্সবাজার, সেন্ট মার্টিন, সোনাদিয়া, বঙ্গোপসাগরসহ দেশের বেশ কিছু নয়নাভিরাম জায়গায়। দেশের প্রায় প্রতিটি জেলার পর্যটন উপযোগী জায়গাগুলোকে এই ছবিতে তুলে ধরা হয়েছে।
ছবির পরিচালক রাজীবুল হোসেন বলেছেন, ছবির সব কাজ প্রায় শেষ। ঈদের পরেই সেন্সরে জমা দেওয়া হবে। সেন্সর সনদ হাতে পেলেই প্রদর্শনীর বিস্তারিত পরিকল্পনার কথা জানাবেন তাঁরা। সেপ্টেম্বরের শেষে বাংলাদেশ ও পর্যায়ক্রমে সারা বিশ্বে একযোগে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
‘হৃদয়ের রংধনু’ ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন শামস হাসান, মুহতাসিম স্বজন, খিং সাই মং মারমা ও একমাত্র নারী সার্বিয়ার নাগরিক মিনা পেতকোভিচ।