ঈদের বাজারে নতুন গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের কেনাকাটা চলছে এখনো। রাজধানীতে গানের সিডির দোকানগুলোতেও পড়েছে তার প্রভাব। ব্যাগভর্তি জামাকাপড় কিনে অনেকেই ঢুঁ দিচ্ছেন সিডির দোকানগুলোতে। নতুন গান বাজছে সেখানে।গতকাল রোববার রাজধানীর বিভিন্ন বিপণিকেন্দ্র ঘুরে দেখা গেছে, সেখানকার অডিও-ভিডিওর দোকানে ভিড় করছে বিভিন্ন বয়সের ক্রেতা। নিজের জন্য ও প্রিয়জনকে উপহার দিতে ঈদে নতুন আসা গানের অ্যালবামগুলো সংগ্রহ করছে তারা। ঈদ উপলক্ষে বরাবরের মতো এ বছরও বৈচিত্র্যময় গানের অ্যালবাম এনেছে প্রযোজনা সংস্থাগুলো। পাইরেসির দাপটে অ্যালবাম প্রকাশনা এখন কিছুটা সংকটাপন্ন। তা সত্ত্বেও সংগীতানুরাগী ক্রেতাদের চাহিদার কথা ভেবেই নতুন নতুন গানের বেশ কিছু অ্যালবাম প্রকাশ করেছে সংস্থাগুলো। তবে এবার অ্যালবাম প্রকাশ হয়েছে অতীতের যেকোনো সময়ের চেয়ে কম। খোঁজ নিয়ে দেখা গেছে, এবার নবীন শিল্পীদের অ্যালবামের সংখ্যাই বেশি। এগুলোর বেশির ভাগই বাজারে এসেছে। কিছু রয়েছে মুক্তির অপেক্ষায়। নবীন শিল্পীদের ভিড়ে এবার তারকাশিল্পীদের নতুন অ্যালবামের সংখ্যা কম।এবার ৩০টি অ্যালবাম প্রকাশ করেছে জি সিরিজ ও এর অঙ্গপ্রতিষ্ঠান অগ্নিবীণা। এ প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নাজমুল হোসেন ভূঁইয়া জানান, তাঁরা তরুণ শিল্পীদের পাশাপাশি প্রতিষ্ঠিত শিল্পীদের গান নিয়ে নতুন অ্যালবাম বাজারে ছেড়েছেন। এর মধ্যে আছে, প্রিন্স মাহমুদের কথা-সুর-সংগীতে মিশ্র অ্যালবাম নির্বাচিতা। এ অ্যালবামে শিল্পী ফাহমিদা নবী, বাপ্পা মজুমদার, মাহাদী, এলিটা, রুমি, আরেফিন রুমি প্রমুখের গান রয়েছে। শিল্পী পলাশের ৩১তম একক অ্যালবাম আমার বাড়ি প্রকাশিত হয়েছে এ প্রতিষ্ঠান থেকে। এ ছাড়া এখান থেকে মিলন মাহমুদের একক স্বপ্ন ডানা, লিমনের হয়তো আমি, মুহিনের ঘুমে আসে না, আতিকের একক আপন করে নে এসব অ্যালবাম প্রকাশিত হয়েছেআগের বছরগুলোতে সংগীতা সর্বাধিক নতুন অ্যালবাম প্রকাশ করলেও এবার তারা কিছুটা হলেও পিছিয়ে। তবে তারা দুটি বড় বাজেটের অ্যালবাম করেছে, শিল্পী মমতাজের একক তালপুকুর ও রসিয়া বন্ধু। এ ছাড়াও আরেফিন রুমীর তৃতীয় একক একক অ্যালবাম ভালোবাসি তোমায় ইতিমধ্যে বাজারে ছেড়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান লেজারভিশনের উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে আহমেদ রাজীবের মিশ্র সংগীত অ্যালবাম মেঘ। এতে বাপ্পা মজুমদার, মিলন মাহমুদ, ন্যান্সি, কানিজ সুবর্ণা প্রমুখের গান রয়েছে। শামীম জামানের একক লোকগান একটা চিঠি ছাড়াও বেশ কিছু একক ও মিশ্র অ্যালবাম রয়েছে এ প্রতিষ্ঠানের ব্যানারে। ফাহিম মিউজিক মূলত নাটকের সিডি প্রকাশ করলেও ঈদে এবার বেশ কিছু গানের অ্যালবামও প্রকাশ করেছে। প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মনির হোসেন জানান, গানের অ্যালবামের মধ্যে আছে রাশেদের একক সোনা বন্ধে, শূন্য ব্যান্ডের তৃতীয় অ্যালবাম গড়বো বাংলাদেশ; রেজওয়ানা চৌধুরী বন্যা, হায়দার হোসেন, জয়া আহসান, শেহজাদ চৌধুরী ও রিংকুর মিশ্র অ্যালবাম গুরু তোমার নামে। ডেলাইন মিউজিক প্রকাশ করেছে হাবিব, অর্থহীন ও ওয়ারফেইজের লোকগানের মিশ্র অ্যালবাম সমর্পণ। মমতাজের রসিয়া বন্ধুঈদ সামনে রেখে বাজারে এসেছে জনপ্রিয় কণ্ঠশিল্পী মমতাজের গানের একক অ্যালবাম রসিয়া বন্ধু। প্রযোজনা প্রতিষ্ঠান সংগীতা থেকে প্রকাশিত এ অ্যালবামের পরিকল্পনা ও গানের কথা লিখেছেন মাসুদুজ্জামান। সুর ও সংগীত পরিচালনা করেছেন মান্নান মোহাম্মদ। অ্যালবামের পরিকল্পনাকারী মাসুদুজ্জামান জানান, প্রকাশিত অ্যালবামে রোমান্টিক, বিরহ ও আধ্যাত্মিক ধাঁচের ১০টি মৌলিক গান রয়েছে। গানগুলো হচ্ছে, বন্ধু আমার রসিয়া, ও মন আয়, রাধার মত মরব নাকি, শুধু জ্বালা দিলা, বন্ধু আমায় চিনলি না ইত্যাদি।