ঈদের সাত ছবি
প্রেক্ষাগৃহ ও টেলিভিশন মিলিয়ে এবারের ঈদে মুক্তির জন্য প্রস্তুত সাতটি ছবি। তবে সংখ্যাটি বাড়তে কিংবা কমতেও পারে বলে প্রযোজক সমিতির সূত্র জানিয়েছে। গতকাল রোববার পর্যন্ত প্রযোজক সমিতি প্রেক্ষাগৃহে মুক্তির জন্য পাঁচটি ছবির ছাড়পত্র দিয়েছে।প্রেক্ষাগৃহে এবারের ঈদুল আজহায় মুক্তি পেতে যাওয়া সম্ভাব্য ছবিগুলো হলো: এফ আই মানিকের ‘স্বামীভাগ্য’, বদিউল আলম খোকনের ‘ডন নম্বর ওয়ান’ ও ‘১০০% লাভ—বুক ফাটে তো মুখ ফোটে না’, শাহাদত্ হোসেন লিটনের ‘জিদ্দি মামা’ এবং ডি হোসেনের ‘লাভ ইন জঙ্গল’। আর টেলিভিশনে প্রিমিয়ার হতে যাওয়া দুটি ছবি হলো: সাদেক সিদ্দিকীর ‘শিউলিমণি’ ও আবুল কালাম আজাদের ‘জিদ্দি বউ’। গত কয়েক বছরের মতো এবারের ঈদেও সর্বাধিক ছবির নায়ক শাকিব খান। তবে নায়িকার আসনে ঈদুল ফিতরের মতো এই ঈদেও বড় একটা পরিবর্তন এসেছে। গত কয়েক বছর শাকিব খানের পাশাপাশি শীর্ষ নায়িকার আসনটি ছিল অপু বিশ্বাসের দখলে। এবার ছবি মুক্তির তালিকায় অপু বিশ্বাসের জায়গাটি দখল করেছেন রোমানা। এই ঈদে শাকিব খান ও রোমানার তিনটি করে ছবি মুক্তি পাচ্ছে। শাকিব খান জানান ছবিগুলোর গল্প ভালো। দর্শকের ভালো লাগবে।ঈদুল ফিতরে একটি ছবি মুক্তি পেলেও এবার অপু বিশ্বাসের দুটি ছবি মুক্তি পাচ্ছে। দুই ছবিতেই অপু বিশ্বাসের নায়ক শাকিব খান। অপু বিশ্বাস বলেন, ‘একটা সময় মনে হতো, অনেক ছবিতে কাজ করব এবং একসঙ্গে অনেক ছবি মুক্তি পাবে। কিন্তু এখন সে ধারণায় পরিবর্তন এসেছে। আমি এখন নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। এখন থেকে আমি বছরে চারটি ছবিতে অভিনয় করব এবং বেশ যত্ন নিয়ে কাজ করব। আর উত্সবে কমসংখ্যক ছবি মুক্তি পেলে দর্শকের আগ্রহও ওই অভিনয়শিল্পীর দিকে বেশি থাকে বলে আমার মনে হয়। ছবি মুক্তির সংখ্যা কম। আশা করব, ছবি দুটি ব্যবসাসফল হবে। দর্শক হলমুখী হবেন।’ এই প্রথম কোনো উত্সব উপলক্ষে রোমানার তিনটি ছবি মুক্তি পাচ্ছে। এ নিয়ে বেশ আনন্দিত তিনি। রোমানা বলেন, ‘ঈদে একসঙ্গে আমার তিনটি ছবি মুক্তি পাবে। আমি খুবই আনন্দিত। আশা করি, ছবিগুলো ব্যবসাসফল হবে। দর্শক ঈদের আনন্দের পাশাপাশি ছবিগুলো উপভোগ করবেন। আমাদের দেশে এত বড় উত্সবে তিনটি ছবি মুক্তি পাওয়া আমার জন্য অনেক আনন্দের। পাশাপাশি কিছুটা চাপও রয়েছে। বলতে পারেন, নিজের সঙ্গেই নিজেকে প্রতিযোগিতা করতে হবে।’বেশ কয়েক বছর পর এবারের ঈদে মুক্তি পাচ্ছে দেশীয় চলচ্চিত্রের একসময়ের শীর্ষ নায়িকা শাবনূরের কোনো ছবি। তা-ও আবার টেলিভিশনের পর্দায়। আবুল কালাম আজাদের পরিচালনায় ‘জিদ্দি বউ’ ছবিটি চ্যানেল আইতে প্রচারিত হবে। সর্বশেষ এ বছরের শুরুর দিকে এম এম সরকারের পরিচালনায় শাবনূর অভিনীত ছবি ‘আত্মগোপন’ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। ‘জিদ্দি বউ’ ছবিটি সম্পর্কে শাবনূর বলেন, ‘বেশ কয়েক বছর আগে এই ছবির শুটিং করেছিলাম। এ ছবিতে আমার সহশিল্পী ফেরদৌস ও তাঁর ছোট ভাই তৌফিক। ফেরদৌস তো এমনিতেই ভালো অভিনয় করেন, আর তৌফিকের প্রথম দিকের ছবি হলেও এর মাধ্যমে তিনি নিজেকে মেলে ধরতে পারবেন বলেই মনে হয়। খুবই ভালো একটি গল্প। সবারই ভালো লাগবে।’ ঈদুল ফিতরে টেলিভিশনে ফেরদৌস অভিনীত একটি ছবি মুক্তি পায়। এই ঈদেও তাঁর একটি ছবি মুক্তি পাচ্ছে। এটিও টেলিভিশনে। এবারের ঈদুল আজহায় ইমন অভিনীত একটি ছবি মুক্তি পাচ্ছে। ‘শিউলিমণি’ নামের ছবিটি এটিএন বাংলায় প্রচারিত হবে। ইমন বলেন, ‘ছবির গল্প শোনার পর কাজটি করতে আগ্রহী হই। এটি আমার ও নিপুণের অভিনীত দ্বিতীয় ছবি। সামাজিক ও রোমান্টিক ঘরানার ছবিটি সবার ভালো লাগবে।’ নতুন প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে খুব অল্প সময়ে আলোচনায় আসা রেসিরও একটি ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে ঈদুল আজহায়। এফ আই মানিকের পরিচালিত ছবিটির নাম ‘স্বামীভাগ্য’।শাকিব, ফেরদৌস, শাবনূর, অপু, রোমানা, আমিন খান, সাহারা, তৌফিক ছাড়াও ঈদের এসব ছবির অন্য অভিনয়শিল্পীরা হলেন: ড্যানি সিডাক, সোহেল রানা, উজ্জল, প্রবীর মিত্র, কাজী হায়াত্, সাদেক বাচ্চু, মিশা সওদাগর, খালেদা আক্তার কল্পনা প্রমুখ।